ইলিশের আকাশচুম্বী দামে পান্তা-ইলিশ এখন স্বপ্ন!

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আর এ উৎসবের অন্যতম অনুষঙ্গ হলো পান্তা-ইলিশ। কিন্তু পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে এবার এই ঐতিহ্যবাহী খাবারটি যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাজারে ইলিশের সরবরাহ যেমন কমেছে, তেমনি দাম বেড়েছে কয়েকগুণ। ফলে পান্তা-ইলিশ খাওয়ার রেওয়াজ পরিণত হয়েছে এক ধরনের বিলাসিতায়।
জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। পটুয়াখালীর নিউ মার্কেট, পুরান বাজার, মহিপুর মাছঘাট ও কলাপাড়া বাজারে মাছের দামে হাহাকার চলছে। কোথাও কোথাও এক কেজির নিচের ইলিশও ২০০০ টাকার কমে পাওয়া যাচ্ছে না।
স্থানীয় শিক্ষক দেলোয়ার হোসেন জানান, “গত বছর যেখানে এক কেজি ইলিশ ৮০০-৯০০ টাকায় কিনেছি, এবার সেখানে একই মাছ কিনতে ২৫০০ টাকা দিতে হচ্ছে। এবারের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে গেছে।”
একই হতাশা ঝরে পড়ে তরুণ ব্যবসায়ী আব্দুল মজিদের কথায়, “প্রতি বছর পান্তা-ইলিশ খাওয়ার আয়োজন করতাম পরিবারে। কিন্তু এবার বাজারে গিয়ে শুধু দাম দেখে ফিরে আসতে হয়েছে। আমরা ভাবছি, অন্য খাবার দিয়ে বৈশাখ উদযাপন করবো।”
ইলিশ সংকটের পেছনে রয়েছে আবহাওয়া পরিবর্তন ও নিষেধাজ্ঞার প্রভাব। জেলেরা বলছেন, এপ্রিলের শুরু থেকে সাগরে মাছ ধরার জন্য অনুকূল আবহাওয়া ছিল না। জলোচ্ছ্বাস ও সমুদ্র উত্তাল থাকায় তারা ঘাটে ফিরেছেন খালি হাতে। পাশাপাশি দেশের ছয়টি ইলিশ অভয়াশ্রমে চলমান নিষেধাজ্ঞার কারণে নদী ও মোহনায় ইলিশ ধরা পুরোপুরি বন্ধ।
মহিপুরের জেলে রফিক মাঝি বলেন, “তিনদিন সমুদ্রে গিয়েও একটাও ইলিশ পাইনি। আগে দিনে ২০ কেজি পর্যন্ত মাছ পেতাম। এখন সাগরেও মাছ নেই, নদীতেও নিষেধাজ্ঞা চলছে।”
এদিকে মাছ ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। মহিপুর বাজারের বিক্রেতা কবির হাং বলেন, “জেলেরা মাছ আনছে কম, আমাদের কিনতে হচ্ছে অনেক বেশি দামে। ফলে আমাদেরও বিক্রি করতে হচ্ছে উচ্চ দামে। এতে ক্রেতা যেমন কমে গেছে, বিক্রিও কমে গেছে।”
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, “ইলিশ সংরক্ষণ মৌসুমে দেশের ছয়টি অঞ্চলে মাছ ধরা নিষিদ্ধ থাকে। পাশাপাশি আবহাওয়া বৈরীতার কারণে এবার ইলিশের সরবরাহ ব্যাহত হয়েছে। তাই বাজারে দাম বেড়ে গেছে।”
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি কেবল সাময়িক নয়, বরং এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি কারণ। জলবায়ু পরিবর্তন, নদী দূষণ ও অতিরিক্ত মাছ ধরার ফলে প্রতিবছরই ইলিশ সংকট বাড়ছে। এই সমস্যা সমাধানে প্রয়োজন টেকসই পরিকল্পনা ও সচেতনতা।
পহেলা বৈশাখে পান্তা-ইলিশ বাঙালির গর্ব হলেও, ইলিশের এই সংকট যেন ঐতিহ্যকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। সময় এসেছে কেবল উৎসব নয়, টেকসই মাছ ব্যবস্থাপনার দিকেও গুরুত্ব দেওয়ার।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম







