বরিশালে ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গনমিছিল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ছাত্র ও যুব জনতার গণমিছিল।
শনিবার (১৯ এপ্রিল) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই গণমিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। সমাবেশে তারা দাবি জানান, ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রকৃত বিজয়ী ছিলেন। কিন্তু নির্বাচনে কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে জোরপূর্বক পরাজিত দেখানো হয়।
বক্তব্যে অভিযোগ তুলে ধরা হয়, আওয়ামী লীগের সমর্থিত সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের সক্রিয় সহযোগিতায় নির্বাচনকে প্রভাবিত করা হয়। নির্বাচন কমিশন নিরপেক্ষতা না রেখে একতরফাভাবে নৌকা প্রতীকের পক্ষে অবস্থান নেয়। বক্তারা আরও বলেন, ভোটের দিন শহরের বিভিন্ন কেন্দ্রে হামলা, ভীতি প্রদর্শন ও জালিয়াতির ঘটনা ঘটে যা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
জনতার পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়—বরিশালের প্রকৃত বিজয়ীকে মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বক্তারা বলেন, “আমরা যে মানুষটিকে ভোট দিয়েছি, তাকেই মেয়র হিসেবে দেখতে চাই। প্রকৃত জনরায় উপেক্ষা করে গঠিত কোনো প্রশাসন জনগণের প্রতিনিধিত্ব করে না।”
এদিকে, নির্বাচনের ফল বাতিল করে নিজেকে বৈধ মেয়র ঘোষণার আবেদন জানিয়ে মুফতি ফয়জুল করিম ইতোমধ্যে ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। তাঁর পক্ষে মামলাটি দাখিল করেন আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।
মানববন্ধনে বক্তব্য রাখেন— যুব নেতা রেজাউল করিম,
আমান হোসেন রিয়াদ, ছাত্রনেতা গাজী রিদওয়ান,
এফ এম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম ও মেহেদী, বিএম কলেজের শিক্ষার্থী হান্নান উদ্দিন শাকিল ও হাসিবুল হাসান শান্ত, হাবিবুল্লাহ রনি, এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ।
তাদের মতে, এই গণআন্দোলন সুষ্ঠু নির্বাচনের দাবিতে একটি শান্তিপূর্ণ প্রতিক্রিয়া, যা ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সহায়ক হবে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম










