মাত্র ০.০১ রান রেটের ব্যবধানে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা, নাটকীয় বিদায় ওয়েস্ট ইন্ডিজের

ক্রিকেট এমন এক খেলা, যেখানে নাটকীয়তা যেন নিত্যসঙ্গী। আর তারই জীবন্ত প্রমাণ রাখলো আজকের নারী ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ মুহূর্তে এমন এক উত্তেজনা তৈরি হলো, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বিশ্বকাপে জায়গা করে নিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের দরকার ছিল অবিশ্বাস্য এক লক্ষ্য ছোঁয়ার। থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য পেরোতে হতো মাত্র ১০ ওভারে, কিংবা ১৭২ রান করতে হতো ১১ ওভারে। এমন অসম্ভব সমীকরণকে সম্ভব করতে গিয়ে আজ নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেয় ক্যারিবীয় নারীরা।
ব্যাট হাতে ঝড় তুলে ১০.৫ ওভারে লক্ষ্য ছুঁয়েই যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই বলে প্রয়োজন ছিল চার ও ছয় রান। অবিশ্বাস্য হলেও সত্য, প্রথম বলেই তারা ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করে ফেলে। তবে এই জয়ের পরেও তারা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়। কারণ ছিল নেট রান রেটের জটিল হিসাব।
অন্যদিকে, দুর্দান্ত সূচনায় টানা তিন ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলটি ছিল বিশ্বকাপে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে। কিন্তু শেষ দুটি ম্যাচে হেরে সেই স্বপ্ন কিছুটা ফিকে হয়ে যায়। তখন সব নির্ভর করছিল রান রেটের ওপর। পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারের ফলে বাংলাদেশের রান রেট দাঁড়ায় +০.৬৩৯। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ছিল –০.২৮৩। আজকের ম্যাচ জিতলেও ক্যারিবীয় নারীদের রান রেট এসে দাঁড়ায় +০.৬৩।
এই ০.০১ পয়েন্টের ব্যবধানেই বদলে যায় ভাগ্য। সমান ৬ পয়েন্ট হলেও রান রেটের কারণে বিশ্বকাপের টিকিট চলে যায় বাংলাদেশের হাতে। সেই সঙ্গে নিশ্চিত হয়, পাকিস্তানের পর বাছাইপর্ব থেকে নারী বিশ্বকাপে জায়গা করে নেওয়া দ্বিতীয় দল বাংলাদেশ। এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ বসবে ভারত মাটিতে।
এদিকে থাইল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। আগের চার ম্যাচে হারা থাইল্যান্ড শুরুতেই বিপর্যয়ে পড়ে। ৮৫ রানেই হারায় পাঁচ উইকেট। এরপর দলের হাল ধরেন নাথাকান ছানথাম, ৬৬ রানের ইনিংসে ভর করে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৬৬। কিন্তু এই সংগ্রহও যথেষ্ট ছিল না। যদিও থাইল্যান্ড ম্যাচে জিতে পয়েন্টের সমতা আনে ক্যারিবীয়রা, তবে হার মানে পরিসংখ্যানের কাঠগড়ায়।
শেষ পর্যন্ত এই নাটকীয় লড়াইয়ে বিজয়ের হাসি হাসে বাংলাদেশ। একরাশ আবেগ, রুদ্ধশ্বাস উত্তেজনা আর অল্পের ব্যবধানেই নারীদের ক্রিকেট বিশ্বে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম










