আগৈলঝাড়ায় র্যাবের সঙ্গে সংঘর্ষে যুবক নিহত, দুই মামলা

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র্যাব-৮ এর মাদকবিরোধী অভিযানে সংঘর্ষের ঘটনায় সিয়াম মোল্লা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন, যার মধ্যে দুজন র্যাব সদস্য এবং একজন মাদক সংশ্লিষ্ট সন্দেহভাজন রয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম মোল্লা উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের বাসিন্দা এবং কারফা আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
আহত রাকিব মোল্লা চলতি এসএসসি পরীক্ষার্থী। র্যাব দাবি করেছে, সিয়াম ও রাকিব মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
ঘটনার পর র্যাব-৮ এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া থানায় দুটি মামলা দায়ের করেন—একটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। মামলায় নাম উল্লেখ করে ২ জন ও অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি সাদা পোশাকের টিম মাদকবিরোধী অভিযানে গেলে সিয়াম ও রাকিবের নেতৃত্বে একটি দল র্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে আহত হন র্যাব সদস্য ওপেল মাহামুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিব। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালালে সিয়াম ঘটনাস্থলেই মারা যান এবং রাকিব গুরুতর আহত হন।
ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং নিহতদের বাড়িতে পুরুষ সদস্যদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। নারী সদস্যদের মুখেও আতঙ্কের ছাপ ছিল।
নিহত সিয়ামের চাচাতো বোন মীম আক্তার জানান, “সিয়াম ঘটনার দিন বিকেল পর্যন্ত বাসাতেই ছিল।”
রাকিবের সহপাঠী আলী হোসেন বলেন, “আমরা একসঙ্গে পরীক্ষা দিয়েছি। সন্ধ্যায় শুনি রাকিব গুলিবিদ্ধ হয়েছে।”
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান,
“র্যাবের দায়ের করা মামলার আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








