“নরপিশাচের ছোবলে লামিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য শিক্ষা: দুমকিতে সারজিস আলম”

পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনের শহীদ জসীমউদ্দীনের কন্যা লামিয়া আক্তারের জানাজায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম বলেন, “কিছু নরপিশাচের ছোবল থেকে আমরা আমাদের বোন লামিয়াকে রক্ষা করতে পারিনি। এটি বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা।”
রোববার সন্ধ্যায় পাংগাশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি আরও বলেন, “আমরা চাই, আর কোনো বোন যেন এভাবে হারাতে না হয়। এমন নির্মম ঘটনার যেন আর কখনো পুনরাবৃত্তি না ঘটে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোরালো দাবি, এই খুনিদের আগামী ৯০ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।”
সারজিস আলম আরও বলেন, “শুধু শাস্তি দিলেই চলবে না, আমাদের বোন আছিয়া এবং লামিয়ার খুনিদের বিচার এবং শাস্তির দৃশ্য ও ভিডিও পুরো বিশ্বের সামনে প্রকাশ করতে হবে। যেন পৃথিবী দেখে — এ দেশের মাটিতে আর কোনো নরপিশাচ জন্ম না নেয়।”
উল্লেখ্য, পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিমউদ্দীনের কন্যা কলেজ ছাত্রী লামিয়া আক্তার সম্প্রতি ঢাকায় আত্মহত্যা করেন। শনিবার রাতে রাজধানীর শেখেরটেক এলাকার ভাড়া বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে, গত ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। পরবর্তীতে তিনি নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।









