পিরোজপুর চোর ধরার ফাঁদে প্রাণ গেল শ্রমিকের

পিরোজপুরের মঠবাড়িয়ায় বরই বাগানে চুরি ঠেকাতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে মনির সরদার (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মনির সরদার উপজেলার পাতাকাটা গ্রামের আকসার সরদারের ছেলে। তিনি ঢাকায় কাঠের কারখানায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরই চাষি দুলাল ফরাজি চুরির আশঙ্কায় বাগান ঘিরে বৈদ্যুতিক তার পেতে রাখেন। সোমবার সকালে মনির সরদার বরই চারা সংগ্রহ করতে গিয়ে ওই ফাঁদে বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইয়াকুব সরদার জানান, মনির বৈদ্যুতিক ফাঁদের কথা জানতেন না। গাছের চারা আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

মঠবাড়িয়া থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




তালতলীতে কিশোরীকে রাতভর গণধর্ষণ, ভাবিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলীতে পাশের বাড়ির ভাবির সহযোগিতায় এক কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইব্রাহিমসহ তার চার বন্ধু। দীর্ঘ পাঁচদিন থানায় ঘুরেও মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। পরে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর ওসি শাহজালাল মামলা গ্রহণ করেন।

সোমবার (২৮ এপ্রিল) তালতলী থানা পুলিশ ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে মামলা রেকর্ড করে। এসময় অভিযান চালিয়ে প্রধান আসামি রিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, নিশানাবাড়ি ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার রিনা বেগম তার আত্মীয় ইব্রাহিমের সঙ্গে এক কিশোরীর বিয়ের প্রস্তাব দেন। ২২ এপ্রিল রাতে কিশোরী ও তার মাকে নিজের বাড়িতে ডেকে আনেন রিনা। পরে কিশোরীর মায়ের অজান্তে কিশোরীকে ইব্রাহিমের হাতে তুলে দেওয়া হয়। ইব্রাহিম কিশোরীকে মোটরসাইকেলে করে নকরী খেয়াঘাট এলাকার একটি মাছের ঘেরে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ করেন। তার সঙ্গে আরও চারজন সহযোগী ছিল।

পরদিন সকালে দুইশ’ টাকা ভাড়া দিয়ে কিশোরীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশ না হলে মামলা নথিভুক্তই হতো না। এখন তিনি দোষীদের কঠোর বিচার দাবি করেছেন।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, “গণধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




মাছের সাথে শত্রুতা! বিষ প্রয়োগে ৮৪ হাজার পোনা নিধন

ভোলার বোরহানউদ্দিনে এক মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮৪ হাজার কৈ মাছের পোনা মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আলমগীর হোসেন।

রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুপা মিয়ার ছেলে আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে মাছ চাষের সাথে জড়িত। তিনি মানিক ফরাজির কাছ থেকে ১৫ বছরের জন্য কিছু জমি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। লিজ নেওয়া জমির ১২ শতাংশ এলাকায় তার একটি হ্যাচারি রয়েছে।

এক মাস আগে ময়মনসিংহ থেকে আনা ৮৪ হাজার কৈ মাছের রেনু পোনা তিনি হ্যাচারিতে ছাড়েন। হঠাৎ করে রবিবার রাত থেকে পুকুরের মাছ মারা যেতে শুরু করে। সকাল হলে দেখা যায়, সব মাছ পানিতে ভেসে উঠেছে।

আলমগীর হোসেন অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী নুরুদ্দিন পুকুরে বিষ প্রয়োগ করেছেন। স্থানীয়রা রাতের বেলা নুরুদ্দিনকে পুকুরের পাশে দেখতে পেয়েছিলেন। এর আগেও নুরুদ্দিন বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ নষ্ট করেছিলেন বলে জানান আলমগীর। থানায় অভিযোগ দিয়েও ন্যায় বিচার পাননি বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে নুরুদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান এবং ক্যামেরা দেখে পালিয়ে যান।

বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনজ কুমার সাহা জানান, খবর পেয়ে প্রতিনিধি পাঠানো হয়েছে। কী কারণে মাছ মারা গেছে তা পানি পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়, তবে ভোলায় পরীক্ষা করার মেশিন নেই বলেও তিনি উল্লেখ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশালে ছাগল হত্যার ঘটনায় থানায় মামলা

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মধ্য কান্ডপাশা গ্রামে পাট খেত নষ্টের অভিযোগে একটি ছাগল পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবু কাজীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন ছাগলের মালিক দিনমজুর সবুজ হাওলাদার।

জানা গেছে, গত ২৭ এপ্রিল দুপুরে সবুজ হাওলাদার তার ছাগলটি ঘাস খাওয়ানোর জন্য আবু কাজীর বাড়ির পাশের অনাবাদি জমিতে বেঁধে রেখে যান। বিকেলে ছাগলটি আনতে গিয়ে সেটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আবু কাজীর পাট খেতের পাশে একটি বটগাছের সঙ্গে ছাগলটিকে মৃত অবস্থায় ঝুলানো দেখতে পান। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন।

সবুজ হাওলাদার অভিযোগ করেন, পাট খেত নষ্টের অভিযোগে আবু কাজী ছাগলটিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেন। প্রতিবাদ করলে আবু কাজী তাকে বিভিন্নভাবে হুমকি দেন। উপায় না দেখে তিনি সন্ধ্যায় মৃত ছাগল নিয়ে গৌরনদী মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে অভিযুক্ত আবু কাজী অভিযোগ অস্বীকার করে জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন এবং সবুজ হাওলাদার মিথ্যাচার করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




কীর্তনখোলা নদীতে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন

বরিশাল নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন গ্যাসটারবাইন এলাকায় অবৈধ ড্রেজিং বন্ধ এবং নদী ভাঙন রোধে টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (২৮ এপ্রিল) সকালে বরিশালের ব্যস্ততম সদর রোডে ‘নদী ভাঙন প্রতিরোধে ঐক্যবদ্ধ এলাকাবাসী’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, প্রতিদিন রাতে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অনেক বাড়িঘর, কৃষিজমি ও স্থাপনা হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের দাবি, রুপাতলী ধান গবেষণা রোড থেকে গ্যাসটারবাইন পর্যন্ত দ্রুত একটি টেকসই বেরিবাঁধ নির্মাণ করতে হবে। বক্তারা আরও জানান, বারবার অভিযোগ দিয়েও সুফল মিলছে না। বরং প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে ড্রেজিং কার্যক্রম বেড়েই চলেছে। ফলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশালে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধে যানজট

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (গ্র্যাজুয়েট) সমমানের দাবি জানিয়ে বরিশালে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়।

সরকারি ও বেসরকারি সাতটি ডিপ্লোমা নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীরা সাদা অ্যাপ্রোন পরে, মাথায় সবুজ ও গোলাপি ওড়না বেঁধে এক কাতারে বসে স্লোগান দেন। হাতে ছিল ব্যানার ও কালো পতাকা।

বিক্ষোভকারীরা জানান, ডিপ্লোমা কোর্সের স্বীকৃতি সংকটের কারণে পেশাগত জীবনে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত এই ডিপ্লোমাগুলোকে স্নাতক সমমানের স্বীকৃতি দিয়ে ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান তারা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

বিক্ষোভ চলাকালে হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছে। যান চলাচল বন্ধ হয়ে পড়ায় পুরো এলাকার পরিবেশে অস্বস্তি নেমে আসে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, সারাদেশেই নার্সিং শিক্ষার্থীরা একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বরিশালের শিক্ষার্থীরাও আন্দোলনকে আরও বেগবান করছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন: তদন্তে ৩ সদস্যের কমিটি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের রহস্য উন্মোচন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির নেতৃত্বে থাকছেন কেন্দ্রটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিক। তার সঙ্গে রয়েছেন নির্বাহী প্রকৌশলী শওকত ওসমান এবং ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ কেন্দ্রের বিশাল ২০ একর জায়গাজুড়ে বিস্তৃত স্ক্র্যাপ শেডে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে, আর লেলিহান শিখা দেখে পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দুটি টিম, নৌবাহিনী ও সেনাবাহিনীর একটি করে টিম সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত প্রায় এগারোটার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ফলে মূল বিদ্যুৎ উৎপাদন প্লান্টের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এখনো স্বাভাবিক রয়েছে এবং উৎপাদন প্রক্রিয়ায় কোনো প্রকার বিঘ্ন ঘটেনি। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে মূলত পরিত্যক্ত স্ক্র্যাপ সামগ্রী এবং কিছু লোহা-লক্কর পুড়ে গেছে, তবে কোনো গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির ক্ষতি হয়নি, যা কিছুটা স্বস্তির বিষয়।

বর্তমানে তদন্ত কমিটি ঘটনাস্থলের আলামত সংগ্রহসহ অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালের উন্নয়নে ছয় লেন সড়ক ও মীরগঞ্জে সেতু নির্মাণের দাবি ব্যারিস্টার ফুয়াদের

বরিশাল বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে স্মারকলিপি প্রদান করেছে এবি পার্টি। সোমবার (২৮ এপ্রিল) ঢাকায় নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের হাতে স্মারকলিপি তুলে দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

স্মারকলিপিতে ব্যারিস্টার ফুয়াদ বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন, “পদ্মা সেতুর পর ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় বা আট লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এর জন্য বরাদ্দ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বরিশাল শহর ও বাবুগঞ্জ উপজেলার সঙ্গে মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জকে যুক্ত করতে মীরগঞ্জে আড়িয়াল খাঁ বা সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ জরুরি।”

এছাড়া ফেরীঘাট ইজারা না দিয়ে স্থানীয় জনগণকে হয়রানি থেকে মুক্ত রাখার দাবি জানান তিনি। ঘাটের রক্ষণাবেক্ষণ যেন সুলভমূল্যে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হয়—এই দাবি স্মারকলিপিতে উল্লেখ করা হয়। সেতু নির্মিত হলে মীরগঞ্জ ফেরীর সুবিধা বাবুগঞ্জ খেয়াঘাটে স্থানান্তরের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনমানের পরিবর্তন সম্ভব বলেও জানান তিনি।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়:

বরিশালের সড়ক ও মহাসড়ক মেরামত ও উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ।

গ্রামীণ জনপদের ভাঙাচোরা রাস্তা পুনর্নির্মাণ বা সংস্কার।

পর্যটন ও মৎস্য শিল্পের প্রসার ঘটিয়ে অর্থনীতির উন্নয়ন।

বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা।

বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

অনাদায়ী কৃষি ঋণ মওকুফের ব্যবস্থা গ্রহণ।

আলোচনা শেষে উপদেষ্টারা বরিশালের সমস্যাগুলো আমলে নিয়ে যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) গাজী নাসের, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /

 




বাবুগঞ্জে পানির সংকটে নাজেহাল জনজীবন, অমৃত গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভূগর্ভস্থ পানি শূন্য হয়ে পড়ার পেছনে দায়ী অমৃত গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় সাতমাইল এলাকায় আয়োজিত এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে অমৃত গ্রুপের অবৈধ পানি উত্তোলন অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। স্থানীয়দের অভিযোগ, বিগত এক বছরেরও বেশি সময় ধরে অমৃত গ্রুপ বাবুগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি উত্তোলন করে খনিজ পানি বোতলজাত করে বাজারজাত করছে। এতে হিজলা, খাতিয়া, রহমতপুর, মেখিয়া, চাঁদপাশা, মাধবপাশা, পাংশা, গড়িয়ার পাড় ও ক্যাডেট কলেজ এলাকার পানির স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে।

বর্তমানে গভীর নলকূপের মাধ্যমেও অনেক এলাকায় পানি পাওয়া যাচ্ছে না। মসজিদ-মাদ্রাসাসহ জনজীবনের প্রতিটি ক্ষেত্রে ভয়াবহ পানি সংকট দেখা দিয়েছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন,
“ভোর ৪টায় উঠেও টিউবওয়েলে পানি পাই না। অথচ আমাদের এলাকার পানি চুরি করে অমৃত গ্রুপ কোটি কোটি টাকার ব্যবসা করছে। আমরা আর সহ্য করবো না। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে নামবো।”

এসময় বাবুগঞ্জ এলাকার গৃহিণী মিসেস নাসরিন আক্তার বলেন,
“গ্রামের মানুষ এখন পানি কিনে খাচ্ছে। খনিজ পানি আমাদের মৌলিক অধিকার। অথচ তা বাণিজ্যিকভাবে লুটপাট করা হচ্ছে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, আমরা নিজেরাই রাস্তায় নামবো।”

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম. মাসুদ হাওলাদার বলেন, ভূগর্ভস্থ পানি জাতীয় সম্পদ। কোনোভাবেই ব্যক্তি বা কোম্পানির মালিকানায় যেতে পারে না। অবৈধ পানি উত্তোলন অব্যাহত থাকলে বড় ধরনের জনক্ষোভ সৃষ্টি হবে, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারে। সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




মুফতী ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসা আটকে আছে কোথায়?

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসার পথ এখনো আটকে আছে। চট্টগ্রাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির প্রার্থীরা মামলা করে মেয়র পদে বসতে পারলেও বরিশালে ফয়জুল করীমের বিষয়টি ঝুলে আছে আদালতে। একদিকে শুনানির তারিখ বারবার পিছিয়ে দেওয়া, অন্যদিকে সরকারের সদিচ্ছার অভাব—দুইয়ে মিলে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।

২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচন ঘিরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী ফয়জুল করীমের জয়ের সম্ভাবনা ছিল প্রবল। তবে নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক অভিযোগ ওঠে যে, তাঁকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। এ নিয়ে গত ১৭ এপ্রিল বরিশালের আদালতে মামলা করেন তিনি। শুনানির জন্য ২৪ এপ্রিল তারিখ নির্ধারিত থাকলেও, সেদিন শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির দিন ৫ মে নির্ধারণ করে, ফলে বিষয়টি আরও বিলম্বিত হয়।

সরকারি উপদেষ্টার মন্তব্যে নতুন বিতর্ক:: 

সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এক গণমাধ্যমকে তিনি জানান, তিনি ক্ষমতাচ্যুত সরকারের আমলে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ নির্বাচনের প্রার্থীদের আদালতের মাধ্যমে মেয়র পদে বসানোর পক্ষে নন। তাঁর মতে, এতে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হবে। এই বক্তব্যের পর ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দাবি করছেন, সরকারের ইচ্ছাকৃত বাধার কারণেই ফয়জুল করীমকে মেয়রের চেয়ারে বসতে দেওয়া হচ্ছে না।

বিক্ষোভ ও দাবির ঝড়:: 

ইতোমধ্যে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মুফতী ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়েছে। তাঁরা একে ইসলামী আন্দোলনের প্রতি বৈষম্য ও অবিচার হিসেবে দেখছেন।

নতুন মামলা, নতুন ষড়যন্ত্রের অভিযোগ:: 

এর মধ্যে গত ২৩ এপ্রিল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইকবাল হোসেন (তাপস) একই নির্বাচন নিয়ে আদালতে নতুন করে মামলা করেছেন। যিনি নির্বাচনে তৃতীয় হয়েছিলেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, হাতপাখা প্রতীকের প্রার্থীকে মেয়র ঘোষণা ঠেকাতে পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে।

বর্তমানে মুফতী ফয়জুল করীম ও তার অনুসারীরা ৫ মে’র শুনানির দিকে তাকিয়ে আছেন। তাঁদের দৃঢ় বিশ্বাস, সেদিন আদালত হাতপাখার পক্ষে রায় দেবে এবং এরপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে। যদি এমনটা হয়, তবে বাংলাদেশের ইতিহাসে মুফতী ফয়জুল করীম হবেন প্রথম কোনো আলেম মেয়র।


মো: তুহিন হোসেন / চন্দ্রদ্বীপ নিউজ ২৪.কম /