শিশু ধর্ষণচেষ্টার মামলায় মির্জাগঞ্জে ৫০ বছরের বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী আব্দুল গণিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) ভোররাতে উপজেলার মজিবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত গণি মৃত ওয়ারেচ মুন্সির ছেলে।

পুলিশ জানায়, গত ৯ এপ্রিল দুপুরে খাবারের লোভ দেখিয়ে ওই শিশুকে বাড়ির পাশে ডেকে নেয় আব্দুল গণি। এরপর মুখ চেপে ধরে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে গণি পালিয়ে যায়। ঘটনার এক সপ্তাহ পর, গত ১৬ এপ্রিল ভুক্তভোগীর মা পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন। দীর্ঘ অনুসন্ধান শেষে তাকে মজিবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হচ্ছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আর্থিক স্বাধীনতার পথে বাংলাদেশ : অর্থ উপদেষ্টা

বাংলাদেশ এখন আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর ওপর নির্ভরতা কমিয়ে নিজের অর্থনৈতিক কৌশল বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের মতো সংস্থার শর্ত মেনে আর কোনো ঋণ নেওয়ার পক্ষপাতী নয় সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাজেট সহায়তার অর্থ সাধারণত পাঁচ বছরের মধ্যে ফেরত দিতে হয়, যেখানে প্রকল্প সহায়তার মেয়াদ তুলনামূলক দীর্ঘ। তাই ঋণের বোঝা না বাড়িয়ে সরকার সতর্কভাবে সিদ্ধান্ত নিচ্ছে। তার ভাষায়, ডলার বিনিময় হারের ওঠানামা ঋণের প্রকৃত পরিশোধযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে তোলে। ৩ বিলিয়নের ঋণ ৫ বিলিয়নে পৌঁছানোর ঝুঁকি রয়েছে। সেই কারণেই বাংলাদেশের আর আগের মতো ঋণনির্ভর নীতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের কাছ থেকে গত নয় মাসে কোনো অর্থ পাওয়া যায়নি। তিনি জানান, “আমরাই শক্ত পদক্ষেপ নেব। ওদের চাকরি আছে, কিন্তু আমাদের দেশের অর্থনীতি নিয়ে দায়িত্ব আমাদের। ইন্দোনেশিয়ার মতো উদাহরণ আমাদের সামনে রয়েছে, যেখানে ঋণ দিতে না পারায় চাকরি গেছে অনেকের।”

আইএমএফের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আর আগের মতো তাদের ওপর নির্ভরশীল না। বিশ্বব্যাংক কিছু প্রকল্প সহায়তা চালু রাখবে বলে জানিয়েছে, তবে আইএমএফের প্রতিটি শর্ত মানা হবে না। তাদের কিছু কর সংক্রান্ত প্রস্তাব বা এনবিআর আলাদা করার প্রস্তাবেও সরকার পুরোপুরি একমত নয়। ফরেন এক্সচেঞ্জ মার্কেট একেবারে ওপেন না করলেও ধাপে ধাপে সংস্কার চলছে।”

বর্তমান সরকারের আমলে আইএমএফ থেকে কোনো অর্থ গ্রহণ ছাড়াই বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভ স্থিতিশীল রয়েছে বলে তিনি দাবি করেন। সালেহউদ্দিন বলেন, “আমরা প্রমাণ করেছি যে শর্ত ছাড়াই অর্থনৈতিক ভারসাম্য আনা সম্ভব। আইএমএফ বিষয়টি বুঝেছে এবং আমাদের সাথে আলোচনায় মনোযোগী হয়েছে।”

প্রকল্প সহায়তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও তিনি আশ্বস্ত করেন। বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, এনডিবি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাজেট সহায়তা নিয়ে আলোচনা এখনো চলমান, তবে সেখানেও সরকারের নিজস্ব কৌশলকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শর্ত প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “আমরা স্ট্যাবিলাইজেশন ফান্ডে ১ বিলিয়ন ডলার চেয়েছি, তারা দিতে চায় ৫০০ মিলিয়ন। আমরা চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেব। সব কিছু মিলিয়ে বলতেই পারি, হতাশার কোনো কারণ নেই।”

তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য কেবল অর্থ সংগ্রহ নয়, বরং নেগোশিয়েশনের মাধ্যমে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা। এবারের সফরে বিশ্বব্যাংক, আইএমএফ, এআইআইবি, আইওএম, আইএফসি, ওপেক ফান্ডসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সাথে সফল বৈঠক হয়েছে।”

বিশ্ব অর্থনীতির গতিপথ নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, এখন অনেক দেশ বিশ্বব্যাংক বা আইএমএফ নয়, বরং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। এর মাধ্যমে বোঝা যায়, আন্তর্জাতিক অর্থনীতি নতুন পথে হাঁটছে।

সবশেষে অর্থের সংস্থান নিয়ে উপদেষ্টা জানান, ওপেক ফান্ডের সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের এবং আইএফসির সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি হয়েছে, যা দেশের বেসরকারি খাতে অর্থ প্রবাহ নিশ্চিত করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে নিম্নমানের উপকরণে সড়ক নির্মাণের অভিযোগ, দুদকের অভিযান

পটুয়াখালীর সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ধরান্দী গ্রামে সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনির নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল এই অভিযানে অংশ নেন।

প্রথমে তারা সদর উপজেলা কমপ্লেক্সের এলজিইডি কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করেন। এরপর সরেজমিনে নির্মাণাধীন ধরান্দী দেওয়ান শরীফ দরগা থেকে পাতাবুনিয়া পর্যন্ত সড়কে যান তারা। সেখানে গিয়ে নির্মাণসামগ্রীর গুণগতমান, কাজের অগ্রগতি এবং বিলের অনুপাতে কাজের পরিমাণ যাচাই করেন। পাশাপাশি বিভিন্ন নির্মাণ উপকরণের নমুনাও সংগ্রহ করা হয়।

এই অভিযানে নিরপেক্ষ প্রকৌশলী হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলাম। এ ছাড়া এলজিইডি সদর উপজেলার প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন। বিকেল চারটা পর্যন্ত তদন্ত দল আবার এলজিইডি কার্যালয়ে থেকে বিস্তারিত পর্যালোচনা করেন।

জানা গেছে, ‘সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্প’-এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১,৬৩৮ মিটার দীর্ঘ সড়কটি পুনর্নির্মাণের অনুমোদন দেয় কর্তৃপক্ষ। ঠিকাদার হিসেবে কাজ করছে চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘ইউনুস অ্যান্ড ব্রাদার্স’। প্রকল্প অনুযায়ী কাজটি ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এবং এখন পর্যন্ত ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। চার ধাপে ঠিকাদারি প্রতিষ্ঠানটি পেয়েছে ২ কোটি ৪১ লাখ টাকা।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক রাসেল রনি বলেন, “বিশেষ অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিন তদন্তে নেমেছি। কাগজপত্র, নির্মাণসামগ্রী এবং বাস্তব চিত্র বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করেছি। সেগুলো যাচাই করে শিগগিরই ঢাকায় প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, “রাস্তাটির কাজ সন্তোষজনক হয়েছে। আমার দায়িত্ব নেওয়ার পর কেবল একটি বিল অনুমোদন দেওয়া হয়েছে এবং বর্ষার আগেই বাকি কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পুলিশ সপ্তাহের উদ্বোধনে প্রধান উপদেষ্টা ইউনূস

রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৫। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় এ উৎসবমুখর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী ভাষণে তিনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মত্যাগ ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, “একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পুলিশ সদস্যদের মানবিক দৃষ্টিভঙ্গি এবং ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা তাঁদের বক্তব্যে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে পুলিশ বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার কথা জানান।

এই বিশেষ অনুষ্ঠানের প্রথম দিনেই পুলিশ বিভাগের ৬২ জন কৃতি সদস্যকে পদক পরিয়ে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা। সাহসিকতা, বীরত্ব এবং ব্যতিক্রমী পেশাগত অবদানের স্বীকৃতি স্বরূপ এই পদক প্রদান করা হয়। এতে পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের পুলিশ সপ্তাহে অংশ নিয়েছেন অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যরা। অনুষ্ঠানস্থল জুড়ে ছিল নানা সাজ-সজ্জা ও নিরাপত্তার চাদরে ঢাকা একটি পরিপাটি পরিবেশ। পুলিশের ঐতিহ্য, সেবা ও দেশের প্রতি তাদের অঙ্গীকার তুলে ধরতে এই সপ্তাহটি বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন উপস্থিত অতিথিরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



জাপার  মহাসচিব হলেন বরিশালের ইকবাল হোসেন তাপস

দক্ষিণাঞ্চলে জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে বরিশালের সন্তান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসকে বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর ফলে বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিবের দায়িত্ব পালনকারী তাপস এখন অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তাকে বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তার ওপর আস্থা প্রকাশ করেছেন দলীয় চেয়ারম্যান।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, “জাতীয় পার্টি দেশের বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। নতুন দায়িত্ব নিয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবো।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বাবার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে প্রাণ হারালেন শারমিন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন শারমিন খানম (৩২)। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

শারমিন খানম ওই গ্রামের আবু হাওলাদারের মেয়ে এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মোনারপাড়া গ্রামের মো. শাহিন মিয়ার স্ত্রী।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে বাড়ির আঙিনায় কাজ করছিলেন শারমিন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হঠাৎ বজ্রপাতে প্রিয়জন হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সাথে জড়িত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঠানো সাধারণ ডায়েরি থানায় গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে এই জিডি দায়ের করেছেন। ডায়েরিতে ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ইংরেজি বিভাগের রাকিন খান, মিজানুর রহমান, এনামুল হক, তরিকুল ইসলাম; সাংবাদিকতা বিভাগের নাজমুল ঢালী; লোক প্রশাসন বিভাগের মোকাম্মেল শেখ; আইন বিভাগের তরিক হোসেন; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমডি শিহাব; কোস্টাল স্টাডিজ বিভাগের অপূর্ব রকি এবং রসায়ন বিভাগের রফিকসহ মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করে প্রশাসনিক কার্যক্রমে বাধা প্রদান করেছে। গত ২৭ এপ্রিল তারা প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-পোস্টার নিয়ে স্লোগান দেয় এবং পরে রেজিস্ট্রারের কার্যালয়ে ঢুকে কর্মকর্তাদের ভয় দেখিয়ে বের করে দেয়। পরে রেজিস্ট্রারের কক্ষে তালা লাগানো হয় এবং ভবনের কলাপসিবল গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয়, ফলে প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হয়।

সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশে জিডি করা হয়েছে। আমি একজন ছোট কর্মকর্তা, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আমার নেই। উপাচার্যের নির্দেশে আইনজীবীর মাধ্যমে জিডি প্রস্তুত করা হয়েছে, আমি শুধু দায়িত্ব পালন করেছি।”

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ মুহসিনকে পুনরায় দায়িত্বে ফেরানো, রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ, আওয়ামী লীগ সমর্থিত কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ভোলায় ২৪ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

ভোলায় প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকালে জরুরি সভার পর বাস শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ওই সভায় বাস মালিক সমিতি, বাস শ্রমিক ইউনিয়ন, সিএনজি মালিক সমিতি ও সিএনজি শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

সভা শেষে সন্ধ্যা ৬টার দিকে ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান জানান, “জেলা প্রশাসকের উদ্যোগে আমরা উভয়পক্ষ একমত হয়েছি। আর কোনো মারামারি বা হাতাহাতি হবে না। আমরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছি। কিছুক্ষণের মধ্যেই বাস চলাচল স্বাভাবিক হবে।”

ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, “জরুরি সভায় উভয় পক্ষের কথা শোনা হয়েছে এবং মীমাংসা করা হয়েছে। বাস শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে।”

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। বিশেষ করে ভোলা-চরফ্যাশন, ভোলা-দৌলতখান, ভোলা-তজুমদ্দিন, ভোলা-ভেদুরিয়া ও ভোলা-ইলিশা রুটের হাজার হাজার যাত্রী বিপাকে পড়েন। সকালে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন। অনেক যাত্রী অভিযোগ করেন, অটোরিকশা, মোটরসাইকেল ও মাইক্রোবাসের চালকরা সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন।

উল্লেখ্য, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন বাজারে বাসের যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের শ্রমিকরা আহত হন এবং পরবর্তীতে ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।

জরুরি সভায় অতিরিক্ত পুলিশ সুপার, নৌবাহিনীর কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বাস ও সিএনজি মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /।




ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে বজ্রপাতে মোসা. আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ দুঃখজনক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন আসমা আক্তার। ফেরার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত আসমা আক্তার একই এলাকার রুবেল মাঝির স্ত্রী।

এ ঘটনায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করা হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




জুমার খুতবা দিয়ে প্রশংসায় ভাসছেন নেছারাবাদের ইউএনও

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জুমার নামাজে খুতবা পাঠ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন। তার খুতবার ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

গত শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার সোহাগদল ইউনিয়নের একতার হাটবাজার পরিদর্শনকালে জুমার নামাজের সময় হলে তিনি দক্ষিণ সোহাগদল একতার হাটবাজার জামে মসজিদে গিয়ে খুতবা প্রদান করেন এবং ইমামতি করেন।
খুতবার আগে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা এবং প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি। এরপর তিনি নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ইউএনও মো. জাহিদুল ইসলাম খুতবায় বলেন, “শিশুদের মধ্যে ধর্মীয় শিক্ষার চর্চা কমে যাচ্ছে। পরিবার থেকে ধর্মীয় অনুশাসনের শিক্ষা দেওয়া জরুরি, যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।”

ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরা প্রশংসায় ভাসান তাকে। অনেকে মন্তব্য করেন, এমন দ্বীনদার এবং সচেতন কর্মকর্তার মাধ্যমে নেছারাবাদ আরও সুন্দর হবে।
জাহারুল ইসলাম নামে একজন মন্তব্য করেন, “আমরা গর্বিত এমন একজন ইউএনও পেয়ে। তার হাত ধরেই উপজেলায় সুন্দর পরিবেশ বজায় থাকবে ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, মো. জাহিদুল ইসলাম বরিশালের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন এবং গত ২৩ মার্চ নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /