বরগুনায় বিএনপি অফিসে হামলার অভিযোগে ১৫৮ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরগুনায় জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হাতবোমা বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে।

২০২৩ সালের ১৭ মার্চের ওই ঘটনায় মামলা দায়ের করেন জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম। মামলায় একাধিক অজ্ঞাতনামা আসামিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগের বিবরণ:
মামলার বাদী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা অফিস কক্ষ ভাঙচুর, আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী তছনছ করে বাইরে এনে সড়কে স্তূপ করে। এরপর টায়ারে গান পাউডার ছিটিয়ে আগুন ধরানো হয় এবং একাধিক হাতবোমা ফাটানো হয়।

তিনি আরও বলেন, “ঘটনার সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও পাইনি।”

মামলায় নাম থাকা উল্লেখযোগ্য আসামিরা হলেন:

  • সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
  • জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবির
  • সাবেক এমপি ও সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু
  • সাবেক মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ
  • সাবেক মেয়র শাহাদাত হোসেন
  • আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান
  • বেতাগী পৌরসভার মেয়র গোলাম কবির
  • বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির
  • তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবিউল কবির জমাদ্দার

মামলার এজাহারভুক্ত এক আসামি আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাদল  কে গতকাল রাত ৯টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অন্য একটি মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় সড়ক থেকে গ্রেফতার হন।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “বিশেষ ক্ষমতা আইন, স্যাবোটাজ এবং বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত চলছে এবং গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে।”

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মামলার বিচারিক প্রক্রিয়া কোন দিকে যায় তা নিয়ে জেলার রাজনৈতিক মহলে উৎকণ্ঠা বিরাজ করছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / 




চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, পরে তিন সদস্যের পিছু হটা

বরিশাল গৌরনদীর নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন ১১ জন ইউপি সদস্য। তবে এর মধ্যে তিনজন সদস্য পরে ভুল স্বীকার করে অনাস্থা প্রত্যাহারের আবেদন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা অভিযোগ করেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অধিকাংশ ইউপি সদস্য পরিষদে অনুপস্থিত ছিলেন। এমনকি তারা নিজ এলাকায়ও ছিলেন না।

তিনি আরও জানান, টিআর, কাবিটা, কাবিখা ও ৪০ দিনের কর্মসূচির প্রায় এক কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের সময় সদস্যদের ডাকা হলেও তারা আসেননি। ফলে তিনি সদস্যদের অনুপস্থিতির বিষয়ে ইউএনও বরাবর লিখিত দেন। এরপরই ক্ষুব্ধ হয়ে তারা অনাস্থা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত রেহানা বেগম, আলেয়া বেগম ও আলাউদ্দিন মীর বলেন, “আমরা ভুল বুঝে অনাস্থা দিয়েছিলাম। পরে উপলব্ধি করে ইউএনও’র কাছে অনাস্থা প্রত্যাহারের আবেদন করেছি।”

তবে অনাস্থা প্রস্তাবে চেয়ারম্যানের বিরুদ্ধে বরাদ্দ আত্মসাত, অনিয়ম, দুর্নীতিসহ সদস্যদের প্রাপ্য ভাতার অর্থ না দেওয়ার অভিযোগ আনা হয়। ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “উভয় পক্ষের অভিযোগ লিখিতভাবে পেয়েছি। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ওসি ও এসআই’র বিরুদ্ধে মামলা, গ্রামবাসীর বিক্ষোভ

ঘুষ দাবির অভিযোগে থানার ওসি ও এক এসআই’র বিরুদ্ধে আদালতে নালিশি মামলা দায়েরের প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের নারী-পুরুষ মিলে একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি দায়ের করা হয়েছে। তারা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

জানা গেছে, গত ২৮ এপ্রিল নোয়াপাড়া গ্রামের প্রবাসী আজাদ সরদারের স্ত্রী সুমা বেগম বরিশালের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া এবং উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ চাওয়া ও হয়রানির অভিযোগ এনে একটি নালিশি মামলা দায়ের করেন।

স্থানীয়দের দাবি, সুমা বেগম গ্রামবাসীর চলাচলের একমাত্র পথ বন্ধ করে পারিবারিক কবরস্থানের নামে একটি পাকা দেয়াল নির্মাণ করছিলেন। এতে বাধা দিলে তিনি উল্টো পুলিশের বিরুদ্ধে মামলা করেন।

ওসি মো. ইউনুস মিয়া জানান, গত ১১ এপ্রিল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে যান এবং পরবর্তীতে নির্মাণাধীন দেয়ালের জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকার বিষয়টি নিশ্চিত হন। এরপর এসআই নির্মাণ কাজ স্থগিত রাখতে বলে ঘটনাস্থল ত্যাগ করেন।

তিনি আরও বলেন, থানার পক্ষ থেকে কোনো ঘুষ দাবি করা হয়নি বা কাউকে আটকে রাখা হয়নি। বরং প্রবাসীর স্ত্রী মিথ্যা ও মনগড়া অভিযোগ এনে আদালতে মামলা করেছেন।

তবে বাদী সুমা বেগম তার অভিযোগে অনড় থেকে বলেন, মামলা দায়েরের পর থেকেই স্থানীয় প্রভাবশালীরা তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন। এমনকি তিনি নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলেও জানান।

এ বিষয়ে বরিশাল আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বলেন, মামলাটি বিচারকের আদেশের জন্য অপেক্ষমাণ রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশালে আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ৫

নগরীর ১২ নম্বর ওয়ার্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. আতিকুর রহমান মামুন (৪২) বৃহস্পতিবার (১ মে) সকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে বলা হয়, রাতের আঁধারে সন্ত্রাসী হিরন, লিমনসহ ১২-১৩ জনের একটি দল আবাসিক এলাকায় হামলা চালায়। তারা বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে। এতে আবদুল হালিমসহ পরিবারের বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতিকুর রহমান মামুন অভিযোগে উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার বাড়িতে এ হামলা চালানো হয়েছে। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / 




জিআই স্বীকৃতি পেল বরিশালের ঐতিহ্যবাহী আমড়া

বরিশালের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় মৌসুমি ফল আমড়া এখন থেকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি বরিশালের কৃষি, সংস্কৃতি ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা) এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে জিআই নিবন্ধনের সনদ তুলে দেন।

সূত্র জানায়, আমড়া বরিশালের মানুষের জীবনধারায় গভীরভাবে জড়িত। শুধু একটি ফল নয়, এটি এই অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির প্রতীক। টক স্বাদের এই ফল পুষ্টিগুণে ভরপুর এবং নানা ধরনের খাদ্য ও আচারে ব্যবহৃত হয়। বরিশালের হিন্দু সম্প্রদায়ের উৎসব বা অনুষ্ঠানে ‘শেষ পাত’ হিসেবে আমড়া পরিবেশনের একটি প্রাচীন সংস্কৃতিও রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, “আমড়ার জিআই স্বীকৃতি বরিশালের জন্য গর্বের বিষয়। এর ফলে স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে আমাদের ফলটি পরিচিতি লাভ করবে। এটি দক্ষিণাঞ্চলের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

এই স্বীকৃতির মধ্য দিয়ে বরিশালের ঐতিহ্যবাহী আমড়া একটি জাতীয় সম্পদে পরিণত হলো।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভারতে পলাতক’ ও ‘ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন : রিজভী

মহান মে দিবস উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক বিস্ফোরক দাবি করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভারতে পলাতক’ ও ‘ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন’। একই সঙ্গে তিনি শেখ হাসিনাকে ‘ওসামার খালাতো বোন’ বলেও আখ্যা দেন।

বৃহস্পতিবার (১ মে) সকালে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে সদর রোডের মহাত্মা অশ্বিনী কুমার হলের সামনে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রিজভী বলেন, “দেশে নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে সম্পন্ন করতে হবে।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে বলেন, “ড. মুহাম্মদ ইউনূস নির্বাচিত সরকারপ্রধান নন। তাই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই। অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেন জনগণের হাতে ক্ষমতা ফিরে যায়।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য হাসান মামুন, বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা শ্রমিক দলের সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




শ্রমিকের উন্নয়ন ছাড়া গড়া যাবে না নতুন বাংলাদেশ :  প্রধান উপদেষ্টা

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একগুচ্ছ বাস্তবমুখী বার্তা দেন। অনুষ্ঠানে তিনি বলেন, “শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ কারণে শ্রম সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের যাত্রা শুরু করতে হবে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় দিয়ে। তারপর ধাপে ধাপে প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।”

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যে এবারের মহান মে দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। অনুষ্ঠানটিতে শ্রমিকদের প্রতি সরকারের আন্তরিকতা ও উন্নয়ন ভাবনা পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে ৫ জন শ্রমিকের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেকও তুলে দেন, যা উপস্থিতদের মাঝে মানবিক এক বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন এবং তাঁরা প্রত্যেকেই শ্রমিক কল্যাণ ও অধিকার সংরক্ষণের বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা এসময় প্রচার করা হয়, যেখানে তিনি বাংলাদেশে শ্রমিক অধিকার রক্ষার অগ্রগতির প্রশংসা করেন এবং আন্তর্জাতিক মানদণ্ডে আরও কাজ করার আহ্বান জানান।

এই আয়োজন থেকে স্পষ্ট হয়ে ওঠে, শ্রমিকের মর্যাদা রক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবং সেই লক্ষ্যেই শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শ্রমিক-মালিক এক হয়ে গড়বো দেশ: মহান মে দিবস পালিত

আজ ১ মে, মহান মে দিবস। ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যে দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংহতির এ বিশেষ দিনটি। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলো দিনটি পালন করছে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে।

রাজধানী ঢাকাসহ সারাদেশেই নানা কর্মসূচি চলছে। জাতীয়তাবাদী শ্রমিক দল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় ‘শ্রমিক সমাবেশ’-এর আয়োজন করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ আরও অনেকে। শ্রমিক সমাবেশে ঢাকাসহ পার্শ্ববর্তী শিল্পাঞ্চল থেকে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নিয়েছেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য ফিরে দেখা যায় ১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে চলা আন্দোলনে শ্রমিকদের আত্মাহুতি এ দিবসকে করেছে আন্তর্জাতিক শ্রম সংহতির প্রতীক। সে সময়কার সেই আত্মত্যাগের মধ্য দিয়ে শ্রমের মূল্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু হয়েছিল, তা আজও বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের মাঝে অনুপ্রেরণা জোগায়।

বিশ্বের প্রায় ৮০টির বেশি দেশে এ দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা হয়। বাংলাদেশেও এটি সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম বিশেষ প্রতিবেদন ও অনুষ্ঠান প্রচার করছে।

শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারও নানা উদ্যোগ গ্রহণ করেছে। সর্বশেষ গঠিত হয়েছে ১০ সদস্যের শ্রম সংস্কার কমিশন। গত ১৭ নভেম্বর গঠিত এ কমিশনের প্রধান করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে। কমিশন বিভিন্ন অংশীজন, সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করে সুপারিশমালা প্রস্তুত করে।

২১ এপ্রিল শ্রম সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।

মে দিবসের চেতনা বিশ্বের শ্রমিক শ্রেণির মধ্যে একতা ও সংগ্রামের শক্তি জোগায়। সময়ের পরিবর্তনে অনেকটাই বদলেছে শ্রমিকদের বাস্তবতা, তবে এখনও তারা নানা অধিকার বঞ্চনার শিকার। আজকের দিনে তাই নতুন করে শপথ নিতে হবে—শ্রমিকের সম্মান, অধিকার এবং কল্যাণ নিশ্চিত করার জন্য, যাতে শ্রমিক-মালিক ঐক্যেই গড়ে ওঠে নতুন, সমৃদ্ধ বাংলাদেশ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভবদহে তিন উপদেষ্টার পরিদর্শনে আশার আলো, জলাবদ্ধতা নিরসনে দৃঢ় প্রতিশ্রুতি

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের আশ্বাস পেয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন মণিরামপুর, কেশবপুর ও অভয়নগরের দশ লক্ষাধিক মানুষ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টার সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সমস্যাটির টেকসই সমাধানের আশ্বাসে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় জনজীবন।

গত ২২ এপ্রিল পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম ভবদহ এলাকা ঘুরে দেখেন। তাঁরা স্থানীয় জনগণ ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেন। উপদেষ্টারা জানান, ভবদহের জলাবদ্ধতা সমাধানে সরকার সর্বোচ্চ আন্তরিক এবং এই অঞ্চলের উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

ষাটের দশকে ভবদহ এলাকার নদী ও খাল নিয়ন্ত্রণে নির্মিত স্লুইস গেটগুলো এক সময় কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নদীপথে পলি জমে পড়ে জলাবদ্ধতার সমস্যা প্রকট হয়। বিগত এক দশকে এই সমস্যা ভয়াবহ রূপ ধারণ করে, যার ফলে তিনটি উপজেলার প্রায় ২০০টি গ্রামের মানুষ বছরের পর বছর পানিবন্দি অবস্থায় জীবন কাটাতে বাধ্য হন।

তবে সাম্প্রতিক সরকারি উদ্যোগে ইতোমধ্যেই ভবদহের আমডাঙ্গা খাল পুনঃখনন এবং সেচ ব্যবস্থায় ভারী পাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে। এতে জমে থাকা পানি দ্রুত অপসারণ সম্ভব হচ্ছে এবং কৃষিকাজে নতুন করে প্রাণ ফিরছে।

অভয়নগরের অলোক বিশ্বাস বলেন, “মাত্র কিছুদিন আগেও আমরা পানির নিচে ছিলাম, কিন্তু সরকারের হস্তক্ষেপে এখন আমরা স্বাভাবিক জীবনে ফিরছি।” মণিরামপুরের চৈতন্য কুমার পাল জানান, এবার বোরো মৌসুমে ১৬ হাজার ৫০০ হেক্টরেরও বেশি জমিতে ধান চাষ হয়েছে, যা গতবার ছিল প্রায় অসম্ভব।

পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ভবদহ অঞ্চলের খাল ও নদীগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ড্রেজিং কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ‘জোয়ার নদী ব্যবস্থাপনা (টিআরএম)’ পদ্ধতি বাস্তবায়নের জন্য একটি বৈজ্ঞানিক জরিপও প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, মশিয়াহাটির প্রভাষক চঞ্চল রায় বর্ষা মৌসুমের আগে দ্রুত সেচ ব্যবস্থার উন্নয়ন ও নদী ড্রেজিং সম্পন্ন করার আহ্বান জানান।

সরকারের সক্রিয় পদক্ষেপ এবং উচ্চ পর্যায়ের নজরদারিতে দীর্ঘদিনের অবহেলিত ভবদহ সমস্যার সমাধানে এখন বাস্তব সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মো: আল-আমিন




ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা: প্রস্তুতি না রাখলে আত্মঘাতী হবে বাংলাদেশ—ড. ইউনূস

ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতিতে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্রের জন্য প্রস্তুতি না রাখা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমি যুদ্ধ সমর্থন করি না। যুদ্ধের বিরুদ্ধে অবস্থান আমার স্পষ্ট। কিন্তু এই বিশ্বে আমরা এমন এক বাস্তবতায় বাস করি, যেখানে যুদ্ধের হুমকি আমাদের প্রতিনিয়ত ঘিরে রাখে। তাই প্রস্তুতি ছাড়া থাকা মানেই আত্মঘাতী হওয়া। শুধু নামমাত্র প্রস্তুতি নয়, প্রয়োজন সর্বোচ্চ প্রস্তুতির।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। আজ সকালেও শুনেছি যুদ্ধ শুরু হতে পারে। হয়তো সেটা গুজব, কিন্তু এমন বাস্তবতায় প্রস্তুত না থাকলে তা আমাদের জন্য বিপদ ডেকে আনবে। আধা-আধা প্রস্তুতি নয়, প্রয়োজন পূর্ণাঙ্গ প্রস্তুতি—এটাই একমাত্র বিকল্প। কারণ এখানে জয় ছাড়া অন্য কিছু ভাবা যাবে না।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “যুদ্ধ একটি ব্যয়বহুল বিষয়, তাই আমাদের শান্তি ও প্রতিরক্ষা প্রস্তুতির মধ্যে কৌশলগত ভারসাম্য রাখতে হবে। দেশের অর্থনীতি বর্তমানে দুর্বল অবস্থানে রয়েছে। দুর্নীতিগ্রস্ত আগের সরকার অর্থনীতিকে লুটপাট করেছে। এমন প্রেক্ষাপটে সাহস ও আত্মবিশ্বাস দিয়ে জাতিকে প্রস্তুত করতে হবে।”

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশংসা করে ড. ইউনূস বলেন, “আমাদের বাহিনী আজ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সজাগ ও সচেষ্ট। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিমান বাহিনী। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিমান বাহিনীর পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রেখে আমাদের উন্নত ও শক্তিশালী রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্মকে আত্মবিশ্বাসী করে তুলতে এই প্রস্তুতির গুরুত্ব অপরিসীম।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম