গরমে ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত ও নিরাপদ পানীয়

প্রচণ্ড গরমে শরীর হাইড্রেটেড রাখা যেমন জরুরি, তেমনি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ পানীয় নির্বাচন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রীষ্মের দাবদাহে তৃষ্ণা মেটাতে অনেকেই ঠান্ডা পানীয়ের দিকে ঝুঁকেন, তবে প্যাকেটজাত জুস বা অতিরিক্ত চিনিযুক্ত শরবত ডায়াবেটিস রোগীদের জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। তাই রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রেখে শরীর ঠান্ডা রাখার জন্য কিছু প্রাকৃতিক, চিনিমুক্ত ও পুষ্টিকর পানীয়ের বিকল্পই হতে পারে সেরা সমাধান।

নিচে এমন কয়েকটি পানীয়ের তালিকা দেওয়া হলো, যেগুলো গরমে ডায়াবেটিস আক্রান্তদের জন্য উপযোগী:

🔹 ঘোল:
প্রোবায়োটিক সমৃদ্ধ এই পানীয় হজমে সহায়তা করে এবং শরীর ঠান্ডা রাখে। দুধ বা পাতলা দই দিয়ে তৈরি ঘোলে থাকে কম শর্করা এবং উপকারী ব্যাকটেরিয়া। এতে ভাজা জিরা গুঁড়া, এক চিমটি লবণ, ধনেপাতা বা গোলমরিচ মিশিয়ে স্বাদে ভিন্নতা আনা যায়।

🔹 ডাবের পানি:
স্বল্প ক্যালোরি এবং স্বাভাবিকভাবে চিনিমুক্ত এই পানীয় ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। এতে থাকা পটাশিয়াম ও ইলেক্ট্রোলাইট শরীরকে ঠান্ডা রাখে ও হাইড্রেটেড থাকতে সহায়তা করে। তবে দিনে পরিমিত পরিমাণেই পান করা উচিত।

🔹 আমলকির রস:
ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমলকি রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করে। তাজা আমলকি থেকে রস বের করে পানি মিশিয়ে পান করলে শরীর থাকবে সতেজ। চাইলে সামান্য লবণ ও পুদিনা পাতা মিশিয়ে স্বাদ বাড়ানো যায়।

🔹 শসা-পুদিনা ডিটক্স ওয়াটার:
এক জগ পানিতে পাতলা করে কাটা শসা ও পুদিনা পাতা দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এই ডিটক্স ওয়াটার শরীরকে শীতল রাখবে, হজমে সাহায্য করবে এবং গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণে রাখবে।

ডায়াবেটিস রোগীদের জন্য পানীয় বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তা যেন চিনিমুক্ত, প্রাকৃতিক এবং শরীরের জন্য উপকারী হয়। তাই সতেজ ফল বা ভেষজ উপাদান দিয়ে ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর পানীয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা ও নাগরিকত্বের অনিশ্চয়তার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বর্তমানে ফিরিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ (বিইউপি) আয়োজিত ‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন: আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে, তবে সেটি তখনই সম্ভব যখন তাদের নিরাপত্তা নিশ্চিত হবে। মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, যেখানে তারা অতীতে নির্যাতনের শিকার হয়েছে। আমরা কি তাদের আবার সেই নির্যাতনের মুখে ঠেলে দিতে পারি?”

পররাষ্ট্র উপদেষ্টা জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি শুধু একটি রাজনৈতিক সমস্যা নয়, এটি নিরাপত্তা ও মৌলিক অধিকারের প্রশ্ন। তিনি স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে প্রত্যাবাসন সম্ভব নয় এবং এই ইস্যুতে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা কার্যকর ফল দিচ্ছে না। তিনি উল্লেখ করেন, “বছরের পর বছর আলোচনার পরও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি।”

তিনি আরও বলেন, “মিয়ানমার কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না। এমনকি অং সান সু চির নেতৃত্বেও সেখানে ছিল একটি আধা-সামরিক শাসন। বর্তমানে দেশটি পুরোপুরি গৃহযুদ্ধের মধ্যে রয়েছে এবং মূল শক্তিগুলো হলো সামরিক জান্তা, আরাকান আর্মি এবং জাতীয় ঐক্য সরকার (NUG)। কোনো স্থায়ী সমাধানের জন্য এই তিন পক্ষের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি, বিশেষ করে আরাকান আর্মির, যারা বর্তমানে রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে।”

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “বিশ্বে অন্যান্য সংকটের মধ্যেও যেন রোহিঙ্গা ইস্যু গুরুত্ব হারিয়ে না ফেলে, সেটি নিশ্চিত করতে হবে।” তিনি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রোডম্যাপের ওপর গুরুত্বারোপ করেন, যার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন সম্ভব হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




মারা গেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (৪ মে) রবিবার বিকেল ৪টা ১০ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন এবং বর্তমানে ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই তথ্য নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার রাজ্জাকের পরিবারে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার দুই ছেলে এবং তিনি নিজে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। গত বছরের ২৬ ডিসেম্বর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন এবং পুনরায় সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন। ৬ জানুয়ারি তার জুনিয়র আইনজীবীরা তাকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে সংবর্ধনা প্রদান করেছিলেন।

১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় জন্মগ্রহণ করা আব্দুর রাজ্জাক ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ পর্যন্ত তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং দেশে ফিরে ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৮৮ সালে তিনি হাইকোর্ট বিভাগ এবং ১৯৯৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে যুক্তরাজ্যে থাকার সময় তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন এবং তার পর “আমার বাংলাদেশ” (এবি) পার্টির প্রধান উপদেষ্টা হন, যদিও পরবর্তীতে সেই পদ থেকেও তিনি পদত্যাগ করেন।

তিনি ছিলেন বাংলাদেশের আইনজীবী সমাজের একজন গুরুত্বপূর্ণ সদস্য, এবং তার অবদান বাংলাদেশের আইনি পরিসরে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




লিটন দাস বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের নাম ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে গুঞ্জনটি সত্য প্রমাণিত হল, এবং নাজমুল হোসেন শান্তর জায়গায় লিটন কুমার দাস নেতৃত্ব দেবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ (৪ মে) এই ঘোষণা করেছে, জানিয়ে দিয়েছে যে লিটন দাস আগামী সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

লিটন দাসকে বিসিবি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে অধিনায়ক করা হয়েছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে দলের নেতৃত্ব দিতে দেওয়া হবে।

এদিকে, আজই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়, যারা ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি। অন্যদিকে, বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মন্ডল ও তাসকিন আহমেদ।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে স্পিনার মেহেদী হাসানকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এটি শুধুমাত্র এই দুটি সিরিজের জন্য।

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী ২৫ মে থেকে শুরু হবে। তার আগে, বাংলাদেশ ১৮ ও ২০ মে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এই সিরিজ থেকেই লিটন দাসের অধিনায়কত্বে বাংলাদেশ দলের নতুন অধ্যায় শুরু হবে।

বাংলাদেশ দলের টিম লিস্ট (সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ):

  • লিটন কুমার দাস (অধিনায়ক)
  • তানজিদ হাসান তামিম
  • পারভেজ হোসেন ইমন
  • সৌম্য সরকার
  • নাজমুল হোসেন শান্ত
  • শামীম পাটোয়ারী
  • জাকের আলী অনিক
  • রিশাদ হোসেন
  • শেখ মেহেদী হাসান
  • তানভীরুল ইসলাম
  • মুস্তাফিজুর রহমান
  • হাসান মাহমুদ
  • তানজিম হাসান সাকিব
  • নাহিদ রানা
  • শরিফুল ইসলাম

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




এবারের কোরবানির ঈদে দেশের মধ্যে পর্যাপ্ত পশু, আমদানি হবে না

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, চলতি বছর কোরবানির ঈদে দেশের চাহিদার চেয়ে অনেক বেশি গবাদি পশু রয়েছে। তাই বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন নেই। রবিবার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা এবং সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, আগামী কোরবানির ঈদে মোট ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদি পশু থাকবে, যার মধ্যে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া এবং অন্যান্য প্রজাতির ৫ হাজার ৫১২টি পশু অন্তর্ভুক্ত। কোরবানির জন্য প্রয়োজনীয় পশু সরবরাহের পরেও প্রায় ২০ লাখ ৬৮ হাজার অতিরিক্ত গবাদি পশু দেশে থাকবে।

এছাড়াও, নিরাপদ, মানসম্মত এবং পর্যাপ্ত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর একযোগে কাজ করে যাচ্ছে। প্রাণিস্বাস্থ্য সেবা বৃদ্ধি, উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ানো এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণের জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।

উপদেষ্টা ফরিদা আখতার আরও জানান, এবারে কোনোভাবেই অবৈধ পথে গবাদি পশু আমদানির সুযোগ দেয়া হবে না। অবৈধ অনুপ্রবেশ রোধ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। বিশেষ করে, মিয়ানমার থেকে অবৈধ পশু প্রবেশের অভিযোগ রয়েছে, কিন্তু সে বিষয়ে কঠোর নজরদারি করা হবে।

এছাড়া, কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। চলতি বছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে। রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতায় ১৯টি পশুর হাটে প্রাথমিক চিকিৎসা দিতে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম এবং দুইটি বিশেষজ্ঞ মেডিকেল টিম নিয়োজিত থাকবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বাংলাদেশিদের ইউএই ভিসা দেওয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি: রাষ্ট্রদূত

বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল-হামৌদি। তিনি জানান, বর্তমানে ঢাকাস্থ ইউএই দূতাবাস থেকে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে।

রোববার (৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, “দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ফলে বাংলাদেশিদের ভিসা পাওয়ার প্রক্রিয়ায় গতি এসেছে। ব্যবসায়ী প্রতিনিধি দলগুলোর জন্য বাল্ক ভিসা প্রক্রিয়াও দ্রুততর করা হয়েছে, যা বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করছে।”

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা আবেদন ব্যবস্থা পুনরায় চালু করেছে। এর আওতায় ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তা কর্মীদের জন্য ৫০০টি ভিসা ইতোমধ্যে ইস্যু হয়েছে, আরও ১ হাজার ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, “ভবিষ্যতে ভিসা নিষেধাজ্ঞা আরও শিথিল করা হবে। বাংলাদেশি কর্তৃপক্ষ যেসব মানবিক ও জরুরি ভিসা মামলার সুপারিশ করছে, সেগুলো বিশেষ বিবেচনায় দেখা হচ্ছে।”

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ইউএই রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ ও আমিরাতের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনার যে প্রস্তুতি চলছে, তা অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




“রাজনীতিকরণের ফলে সাংবাদিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত” : তথ্য উপদেষ্টা

রাজনীতিকরণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণমাধ্যম এবং এর মূল ভুক্তভোগী সাংবাদিকরা—এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

রোববার (৪ মে) ঢাকার ধানমন্ডিতে ‘Brave New Bangladesh: Reform Roadmap for Press Freedom’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এই আয়োজনে ইউনেসকো ঢাকা অফিস, টিআইবি ও সুইডেন দূতাবাস যৌথভাবে অংশ নেয়।

তথ্য উপদেষ্টা বলেন, “স্বৈরশাসনের সময় মিডিয়ার ভূমিকা তদন্তের প্রয়োজন রয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আইন পর্যালোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।” তিনি বেতার, বিটিভি ও বাসসকে একত্র করে জাতীয় সম্প্রচার সংস্থা গঠনের প্রস্তাবও তুলে ধরেন।

তিনি আরও বলেন, “বেশিরভাগ গণমাধ্যম রাষ্ট্রকে ট্যাক্স দেয় না। সরকারি বিজ্ঞাপন ও সংবাদপত্রের লাইসেন্স মূল্য নির্ধারণে টাস্কফোর্স গঠন করা হয়েছে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, “সাংবাদিকরা এখনো হামলা, গালাগালি ও হত্যার শিকার হচ্ছেন। এ অবস্থায় তাদের ন্যায্য পারিশ্রমিক ও নীতিগত সহায়তা ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়।”

সেমিনারে আরও উঠে আসে—পাবলিক লিমিটেড কোম্পানির মডেলে গণমাধ্যম পরিচালনার প্রস্তাব, অতিরিক্ত ছাড় দিয়ে বিজ্ঞাপন নেওয়ায় বাজারে ভারসাম্যহীনতা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পরিচালিত গণমাধ্যমের কারণে সংকট তৈরির বিষয়গুলো।

সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বলেন, “ভুল তথ্য মোকাবেলায় এআই ব্যবহৃত হতে পারে, তবে এখনো সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।”

নোয়াব সভাপতি ও টাইমস মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেন, “নির্বাচনের সময় সাংবাদিকতা স্বাধীন হলেও রাজনৈতিক সরকার আসার পর তা সংকুচিত হয়। প্রেস কাউন্সিল পঙ্গু, মফস্বলে সাংবাদিকরা ভয়ের পরিবেশে কাজ করছেন।”

এছাড়াও এএফপির ব্যুরো চিফ শেখ সাবিহা আলম, বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা, এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সেমিনারে বক্তব্য দেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




তিন অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

ফ্যাসিবাদ পুনর্বাসন, শিক্ষার্থীদের প্রতি বিমাতা সুলভ আচরণ এবং শিক্ষকদের অপমান—এই তিন অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। সংবাদ সম্মেলন শেষে তারা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ছাত্রনেতা সুজয় শুভ। তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা নানান দাবিদাওয়া উপস্থাপন করেছি। ভিসি সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিলেও আজকের সংবাদ সম্মেলনে তার অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত। উল্টো তিনি শিক্ষার্থীদের মামলা ও সাধারণ ডায়েরি থেকে নাম বাদ দিতে মুচলেকা দেওয়ার আহ্বান জানিয়েছেন, যা অত্যন্ত লজ্জাজনক।”

তিনি আরও অভিযোগ করেন, “নতুন স্বপ্ন ও অগ্রগতির নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেসব পরিবর্তন আনা হচ্ছে, তা ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টামাত্র। ভিসি দায়িত্ব নেওয়ার পর একমাত্র অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অপসারণের ভাষা ছিল অশোভন। এ নিয়ে তিনি দুঃখ প্রকাশ করতেও রাজি হননি।”

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন:
দফা এক দাবি এক, ববি ভিসির পদত্যাগ”,
এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি”,
এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়”।

এছাড়াও আন্দোলনে অংশগ্রহণকারীরা ভিসির নীতিনির্ধারণী ভূমিকা ও প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশালে সড়ক দুর্ঘটনায় তরুণ চিকিৎসকের মৃত্যু

বরিশালের গৌরনদীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুজ্জামান মাহিন (২৮) নামের এক তরুণ চিকিৎসক প্রাণ হারিয়েছেন। শনিবার দুপুরে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে রোববার সকালে তিনি মারা যান।

নিহত মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের বাসিন্দা ও সৈয়দ শাহ আলমের ছেলে। তিনি মুগদা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দিতেন। এছাড়াও তিনি মুগদা মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ভুরঘাটা এলাকায় একটি ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী এলাকায় একটি পিকআপভ্যানের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিক্যালে নেওয়া হয় এবং সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, “দুর্ঘটনার পর পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ঝালকাঠিতে লুটপাট-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজারে বৃদ্ধ মো. হারুন অর রশিদের বসতঘর ও দোকানে হামলা, লুটপাট এবং ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার সকালে কাঁঠালিয়া-আমুয়া সড়কের বটতলা বাজার এলাকায় এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

বক্তব্যে ভুক্তভোগী মো. হারুন অর রশিদ, স্ত্রী রোজিনা বেগম, ছেলে মেহেদী, পুত্রবধূ লাকী আক্তার, প্রতিবন্ধী মেয়ে শিরিন আক্তার, স্কুলছাত্রী জান্নাতুল মাওয়া ও অন্যান্য স্বজনরা অভিযোগ করেন, গত ১ মে ভোররাতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক প্রভাবশালীর নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে ঘরের মালামাল লুট করে ও আশপাশের ছয়টি দোকান ভাঙচুর করে গুড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও তিন দিনেও কোনো অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ, যা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

তারা বলেন, “আমরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে।” মানববন্ধনে তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /