ড. ইউনূস বাংলাদেশকে ‘গ্লোবাল ফ্যাক্টরি’ বানাতে চান: প্রেস সচিব

বাংলাদেশকে একটি ‘গ্লোবাল ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগকে কেন্দ্র করে এই লক্ষ্য সামনে রেখেই কাজ করছেন তিনি, জানান প্রেস সচিব শফিকুল আলম।
আজ (৮ মে) দুপুরে চট্টগ্রাম রেডিসন ব্লুতে ব্যবসায়ীদের সঙ্গে চট্টগ্রাম বন্দর নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিকুল আলম। তিনি বলেন, “দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি করাই প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মূল লক্ষ্য।”
শফিকুল আলম আরও জানান, ড. ইউনূস চট্টগ্রাম পোর্ট নিয়ে ২০০৭-০৮ সাল থেকে অনেক কাজ করে আসছেন এবং দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন নিয়ে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রো-ব্যবসা। তিনি বলেন, “ড. ইউনূস একজন বড় ব্যবসায়ী, যিনি সবসময় বাংলাদেশের জন্য নতুন নতুন বিনিয়োগ আনার চেষ্টা করেন।”
প্রেস সচিব বলেন, “ড. ইউনূস যখন দাভোসে গিয়েছিলেন, তিনি একদিনে ২৩টি মিটিং করেছেন। নিউইয়র্কে গিয়ে চারদিনে ৫১টি মিটিং করেছেন। সেখানে তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলেন এবং বাংলাদেশে বিনিয়োগ আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
চট্টগ্রাম অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “চট্টগ্রাম অঞ্চলের মানুষ বিদেশে কাজ করতে যাচ্ছে। আমরা চাই, তারা দেশে ফিরে তাদের উপার্জন এখানেই ব্যয় করুক। চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করলে আরও অনেক বিনিয়োগ আসবে।”
শফিকুল আলম বলেন, “অনেকেই মনে করেন, চট্টগ্রাম বন্দরের বিদেশি অপারেটরদের হাতে দিলে চাকরি চলে যাবে, তবে আমি বলি, চাকরি কমবে না, বরং ১০ গুণ বৃদ্ধি পাবে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








