পাক-ভারত উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাব

ওয়াশিংটন/ইসলামাবাদ: পাকিস্তান ও ভারতের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সকালে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। খবর পাকিস্তানি গণমাধ্যম ডন-এর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, রুবিও তার ফোনালাপে উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ভবিষ্যৎ সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দেন।

রুবিও বলেন, “এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক উত্তেজনার ফলে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়, তাই মানবিক দিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।”

সম্প্রতি কাশ্মীর সীমান্তে গোলাগুলি ও সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে পাকিস্তান-ভারত সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মার্কিন হস্তক্ষেপকে আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “দুই দেশের সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তবে অবশ্যই করব।”

বিশ্লেষকদের মতে, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মহলের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তাধীন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হঠাৎ দেশত্যাগের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১০ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা শিগগিরই প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তারপরও, কিভাবে নিরাপত্তা বলয় অতিক্রম করে একজন সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ডে পাড়ি জমালেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া, তার বিষয়ে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে মন্ত্রণালয়ে কোনো নিষেধাজ্ঞার চিঠি পাঠানো হয়েছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।”

এ সময় তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ধর্ম দিয়ে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল

ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রতিটি ধর্মই মানুষের ভালো হওয়ার শিক্ষা দেয়। ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। সব ধর্মই ঐক্যের কথা বলে।” তিনি আরও বলেন, “স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই ঐক্যই আজকের দিনে আমাদের প্রয়োজন। কোনো শক্তি যেন আমাদের বিভক্ত করতে না পারে, সে জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি। আমাদের লক্ষ্য একটাই—একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করবে। আমাদের মধ্যে বিভাজন নয়, বরং ঐক্যের মাধ্যমে আমরা একসঙ্গে থাকতে হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বনাঞ্চল উজাড় করে মাছের ঘের, উদ্বেগে পরিবেশকর্মীরা

বরগুনার তালতলীতে উপকূল রক্ষা করা বনাঞ্চল কেটে মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি বাবুল মৃধা ও জাকির মৃধার বিরুদ্ধে। তারা নিশানবাড়িয়া খেয়াঘাট থেকে চাউলাপাড়া পর্যন্ত অঞ্চলে বন বিভাগের রোপণকৃত গাছ কেটে প্রায় ২ একর জমি দখল করে চিংড়ি চাষের জন্য ঘের খনন করেছেন।

বন বিভাগ জানায়, ওই এলাকায় ছইলা, কেওড়া সহ শ্বাসমূলীয় নানা প্রজাতির গাছ লাগিয়ে দীর্ঘদিনে একটি ঘন বন তৈরি করা হয়, যা উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার সবুজ বেষ্টনী হিসেবে পরিচিত। এই বনাঞ্চল উজাড় হওয়ায় পরিবেশগত ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও স্থানীয় পরিবেশকর্মীরা।

বাবুল মৃধা ও জাকির মৃধা দাবি করেন, “এটি আমাদের বাড়ির সামনে। আমরা বন্দোবস্ত নেওয়া জমিতে চিংড়ি চাষ করছি। বন বিভাগের লোকজন এসেছিলেন, আমরা বিষয়টি জানিয়েছি।”

স্থানীয় পরিবেশ কর্মী ও ‘ধরিত্রী রক্ষায় আমরা’ সংগঠনের তালতলী উপজেলা সমন্বয়ক আরিফ রহমান বলেন, “উপকূলীয় সবুজ বেষ্টনী প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। কিছু ভূমিদস্যু নিজেদের প্রভাব খাটিয়ে বন দখল করে চলেছে। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। একইসঙ্গে জনসচেতনতা বাড়ানো জরুরি।”

তালতলী রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান জানান, দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে এবং বনভূমি উদ্ধারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, “বন বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” উপকূলীয় এলাকার প্রাকৃতিক সুরক্ষা বলয় রক্ষায় এমন অবৈধ দখল ও বন উজাড়ের ঘটনা প্রশাসনিক দৃঢ়তা এবং জনসচেতনতায় দ্রুত প্রতিরোধ করা প্রয়োজন—এমনটাই মত সচেতন মহলের।


এস এল টি তুহিন /




সংখ্যালঘুদের সুরক্ষায় তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে: আব্দুস সোবহান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্যপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

তিনি বলেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী নাগরিক এ দেশের সমান অধিকারভোগী। তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির নৈতিক ও রাজনৈতিক দায়। এই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন।”

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা প্রেমচাঁদ বালিকা বিদ্যালয় সংলগ্ন কীর্তন আঙ্গিনায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুস সোবহান আরও বলেন, “ধর্ম যার যার, দেশ সবার। ধর্মীয় পরিচয়ে বিভাজনের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। বরং আমরা চাই, সবাই একসাথে থেকে একটি উন্নত ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে।”

তিনি জানান, হিন্দু অধ্যুষিত অঞ্চলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সার্বক্ষণিক সজাগ আছেন। বিগত দিনগুলোর মতো ভবিষ্যতেও সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবে বিএনপি।

রাজিহার ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ কান্তি হালদার। উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান, মনির মোল্লা, বিএনপি নেতা অ্যাপোলো তালুকদার, নবীন সরকার, পরিতোষ রায়, রবীন্দ্রনাথ গাইন, মন্টু লাল হালদার ও যতীন্দ্রনাথ হালদার।

বিএনপি নেতা আব্দুল আউয়াল লোকমান, আনোয়ার সাদাত তোতা, ডা. মাহবুবুল ইসলাম, আব্দুল মালেক আকন, জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন হাওলাদার এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি এসএম হীরা।

এসএলটি/চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম/




২৫ দিনেও চাল পায়নি তালতলীর জেলেরা, চরম দুশ্চিন্তায় পরিবার

ইলিশ ও অন্যান্য মাছের নিরাপদ প্রজননের জন্য চলতি বছরের ১৫ এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরা বন্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞার ২৫ দিন পার হলেও বরগুনার তালতলীর প্রায় নয় হাজার নিবন্ধিত জেলে এখনো পাননি সরকারের ভিজিএফ খাদ্য সহায়তা। এতে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।

সরেজমিনে উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ ঘাট ঘুরে দেখা গেছে, শত শত ট্রলার ও নৌকা সাগর ছেড়ে অলস পড়ে আছে। জেলেরা কেউ জাল বুনছেন, কেউ ট্রলার মেরামতের কাজ করছেন—কিন্তু আয় রোজগারের কোনো পথ নেই।

তেঁতুলবাড়িয়া এলাকার জেলে আলতাফ হাওলাদার জানান, “নিষেধাজ্ঞা মেনে চলছি, কিন্তু চাল না পেয়ে পরিবারের খাবার জোগাতে হিমশিম খাচ্ছি।” তার মতো অনেকেই অভিযোগ করেছেন, প্রতিবছরই বরাদ্দকৃত চাল সময়মতো না পেয়ে কষ্টে পড়েন তারা।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতিবছর মাছ ধরার মৌসুমে দুই ধাপে জেলেদের মাঝে ৮৬ কেজি করে চাল বিতরণ করার নিয়ম রয়েছে। কিন্তু এবার ভারতের সময়ের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত চাল বরাদ্দ পৌঁছেনি।

ট্রলার মালিক জালাল উদ্দিন বলেন, “আমার তিনটি ট্রলারে থাকা কর্মীদের অনেকেই ব্যাংক ঋণে জর্জরিত। মাছ ধরা বন্ধ থাকায় তাদের আয় নেই, ঋণ শোধও করা যাচ্ছে না।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, “বরাদ্দ এখনো আসেনি। বরাদ্দ পেলেই দ্রুত বিতরণ করা হবে।” একই বক্তব্য দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা—”চাল আসামাত্রই বিতরণ করা হবে।

জেলেরা বলছেন, এভাবে সহায়তা দেরিতে এলে তারা ভিন্ন পেশায় যেতে বাধ্য হবেন, যা মৎস্যখাতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / 




তাপদাহে পুড়ছে দেশ, স্বস্তি মিলবে ১৮ মে’র পর

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীসহ দেশের ৬৩টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, কেবল সিলেট এখনো এই অবস্থা থেকে কিছুটা মুক্ত।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহ ১২ মে-এর আগে বা পরে কিছুটা প্রশমিত হতে পারে। তবে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে এবং তা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ৪২ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে ১৮ থেকে ১৯ মে’র পর থেকে। ওই সময় দেশের বিভিন্ন এলাকায় আকাশে মেঘ জমা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যা সাময়িক স্বস্তি দিতে পারে জনসাধারণকে।

আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এই সময় রোদে বাইরে যাওয়া এড়িয়ে চলুন, শরীরে পানিশূন্যতা যেন না হয় তা খেয়াল রাখুন।” বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের এই সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, চলমান তাপদাহের প্রভাবে শুধু জনস্বাস্থ্য নয়, দেশের কৃষি খাতেও দেখা দিয়েছে গুরুতর প্রভাব। বিশেষ করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সবজির ক্ষতি হচ্ছে ব্যাপক হারে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /


 




বাংলাদেশে এসে প্রেম, ভোলার মেয়েকে বিয়ে করলেন চীনা তরুণ

সফর করতে এসে ভালোবাসায় আবদ্ধ হয়ে বাংলাদেশের ভোলার এক তরুণীকে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করলেন চীনা নাগরিক মাওয়েন হুয়া ইরিছা (২৪)। ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, চীনের গানছু প্রদেশের লানজু এলাকার বাসিন্দা মাওয়েন হুয়া ইরিছা সামাজিক যোগাযোগমাধ্যম ইউচ্যাটে নাভিয়া আক্তারের বড় ভাই মো. রনির সঙ্গে পরিচিত হন প্রায় আড়াই বছর আগে। সেই বন্ধুত্ব থেকেই ইচ্ছা প্রকাশ করেন বাংলাদেশ ভ্রমণের। এরপর গত ১১ এপ্রিল তিনি ভোলায় রনির বাড়িতে বেড়াতে আসেন এবং এক মাস অবস্থান করেন।

সেই সময়ের মধ্যে মাওয়েন হুয়া রনির ছোট বোন নাভিয়াকে পছন্দ করেন এবং বিয়ের প্রস্তাব দেন। শুরুতে কিছুটা আপত্তি থাকলেও উভয় পরিবারের সম্মতিতে গত ৪ মে (রোববার) সন্ধ্যায় ইসলামি শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন হয়। দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা।

নাভিয়া আক্তার ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ইলিয়াস হাওলাদার ও খুকুমণি দম্পতির বড় মেয়ে। চীনা বর মাওয়েন হুয়া নিজেও মুসলিম এবং একটি মাদরাসার ছাত্র বলে জানা গেছে।

বিয়ের পরদিন ৫ মে গায়ে হলুদের আয়োজন করা হয়। বিয়ের খবর ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে স্থানীয়রা ভিড় করেন তাদের বাড়িতে। কেউ কেউ বলেন, ভোলায় এমন বিদেশি বিয়ের ঘটনা বিরল, তাই দেখার আগ্রহ ছিল।

নববধূ নাভিয়া বলেন, “আমি খুশি, পরিবার আমাকে যেখানে বিয়ে দিয়েছে, আমি সেখানে থেকে সুখে জীবন কাটাতে চাই।” বর মাওয়েন হুয়াও স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার আগ্রহের কথা জানান এবং ইসলামিক ভাবে সুরা ফাতিহা পাঠ করে উপস্থিত সবাইকে চমকে দেন।

এদিকে, নবদম্পতির জন্য এলাকাবাসী ও আত্মীয়স্বজন শুভ কামনা জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য দোয়া করেছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / 




দাফনের ৬ দিন পর ‘মৃত’ রহিম জীবিত ফিরে এলেন!

চট্টগ্রামে ‘দাফনের ছয় দিন পর’ জীবিত ফিরে এলেন আব্দুর রহিম নামের এক নির্মাণ শ্রমিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার চাক্তাই এলাকায়।

গত ৩ মে (শনিবার) চাক্তাই খাল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ভোলার উবায়দুল্লাহ নামের এক ব্যক্তি মরদেহটি তার নিখোঁজ ছেলে আব্দুর রহিমের বলে শনাক্ত করেন এবং মরদেহ ভোলায় নিয়ে গিয়ে দাফন করেন।

কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় ৮ মে, বৃহস্পতিবার। এদিন রহিমের মোবাইল নম্বর সচল পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

পিবিআই ও চট্টগ্রাম মেট্রো পুলিশের পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, পাওনাদারদের ভয়েই আত্মগোপনে ছিলেন রহিম। মোবাইল চালু হওয়ার পর তাকে খুঁজে বের করা হয়। পরে বাবা-ছেলেকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে রহিম জানান, আর্থিক ঝামেলার কারণে মোবাইল বন্ধ করে গা-ঢাকা দেন।

লাশ শনাক্তের বিষয়ে রহিমের ফুফাতো ভাই মো. নোমান জানান, মরদেহে থাকা ঘাড় ও পেটের পুরনো কাটা দাগ দেখে তারা নিশ্চিত হয়েছিলেন সেটি রহিমেরই। ওই দাগগুলো ২০১৪ সালে একটি নির্মাণ দুর্ঘটনায় পড়ে অস্ত্রোপচারের ফলে সৃষ্টি হয়েছিল।

পিবিআই আরও জানায়, ভুল করে অন্য ব্যক্তিকে দাফন করা হয়েছে। সেই অজ্ঞাতনামা ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে দাবিদার পাওয়া গেলে মিলিয়ে দেখা যায়।

এ ঘটনা স্থানীয়ভাবে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি শনাক্তকরণ প্রক্রিয়ার আরও নির্ভুলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /


 




শহীদ কন্যা লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা: তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র

জুলাই অভ্যুত্থানে শহীদ জসিম হাওলাদারের কন্যা লামিয়া আক্তারকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। এই ঘটনাটি শুধু স্থানীয়ভাবে নয়, সারা দেশের বিবেককে নাড়া দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম সম্প্রতি পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দেন।

শহীদ জসিম হাওলাদারের ১৭ বছর বয়সী কন্যা লামিয়া আক্তার গত ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে দুমকি উপজেলার রাজগঞ্জ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। কলেজছাত্রী লামিয়া পটুয়াখালীর পাঙ্গাসিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনার দিন তিনি ছিলেন একা, আর সেই সুযোগেই পাশের গ্রামের তিন যুবক মিলে তার ওপর পৈশাচিক নির্যাতন চালায়।

ধর্ষণের ঘটনার পরপরই ভুক্তভোগী বাদী হয়ে দুমকি থানায় শাকিব মুন্সি ও সিফাত মুন্সিকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এবং যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তবে তদন্ত চলাকালে উঠে আসে, ইমরান মুন্সি নামের আরও একজন এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তদন্তে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়ায় তাকেও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

তদন্ত চলাকালেই গত ২৬ এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকার একটি বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও, ধর্ষণের ঘটনার মানসিক আঘাতই তার আত্মহত্যার পেছনে বড় কারণ বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, মামলার বাদী হিসেবে লামিয়ার মা পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট। তিনি এখন শুধু চান, অভিযুক্ত তিন আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ওসি আরও বলেন, বাদীর দায়েরকৃত মামলার ভিত্তিতে ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শাকিব মুন্সি, সিফাত মুন্সি এবং ইমরান মুন্সির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

এই জঘন্য ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের হস্তক্ষেপ কামনা করেছেন নিহত লামিয়ার পরিবার এবং স্থানীয় মানবাধিকারকর্মীরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম