নতুন রাষ্ট্রগঠনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মাহফুজ আলমের

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের নতুন রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় অভ্যুত্থানপন্থী সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী ভূমিকা নিতে হবে। সোমবার দিবাগত রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি লিখেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও মূল লড়াই এখনো শেষ হয়নি। তার মতে, মুজিববাদের নামে পরিচালিত সাংস্কৃতিক ও অর্থনৈতিক রাজনীতিকে পরাজিত করতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদ থেকে জন্ম নেওয়া সামাজিক ফ্যাসিবাদকেও নির্মূল করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “মজলুম জনগণ যেন ক্ষমতার অপব্যবহারে জালিমে পরিণত না হয়, বরং সবার ন্যায্য অধিকার ও ন্যায়বিচারের পক্ষে সক্রিয় থাকতে হবে।”
রাষ্ট্রের পুনর্গঠনে প্রয়োজনীয় রাজনৈতিক প্রক্রিয়া এবং নীতিগত ঐকমত্যের উপর জোর দিয়ে মাহফুজ আলম বলেন, “দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়ে, যুগপৎভাবে বা পৃথকভাবে হলেও একটি সর্বাত্মক গণমুখী আন্দোলন চালিয়ে যেতে হবে।”
তিনি অভিযোগ করেন, “১৯৭১ পরবর্তী আওয়ামী লীগ মুজিববাদের আদলে রাষ্ট্রগঠনের পথ রুদ্ধ করেছিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলেছিল। সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হলে, আমাদের প্রয়োজন একটি ‘লীগমুক্ত বাংলাদেশ’ যেখানে নতুন রাজনৈতিক চুক্তির মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা হবে।”
তার মতে, এই পরিবর্তন যদি এখনই না আনা যায়, তবে ভবিষ্যৎ ইতিহাস জাতিকে ক্ষমা করবে না।









