মমতাজ বেগম কারাগারে, জামিন নামঞ্জুর

রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মমতাজ বেগমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৩ মে তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ অংশ নেন মো. সাগর নামের এক তরুণ। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলন চলাকালে একদল হামলাকারী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাগর বুকে গুলিবিদ্ধ হন, গুলি পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
তার মা বিউটি আক্তার রাতভর খোঁজাখুঁজির পর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ছেলের মরদেহ খুঁজে পান। এরপর সাগরের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।
ঘটনার প্রায় চার মাস পর, ২৭ নভেম্বর, নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২৫০-৪০০ জনকে আসামি করা হয়। মামলায় মমতাজ বেগম ছিলেন ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।










