ইশরাক হোসেনের আহ্বান: “সমালোচনা হোক শালীন ভাষায়, কাউকে অসম্মান নয়”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা টানা কয়েকদিন ধরে রাজধানীতে আন্দোলন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। তবে এসব কর্মসূচির মধ্যেও শালীনতা বজায় রেখে, কাউকে অসম্মান না করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা ইশরাক হোসেন আন্দোলনকারীদের উদ্দেশে বলেন।
তিনি বলেন, ” আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোন রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এরকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাদেরকে সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দেই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।”
তিনি আরও লেখেন, “ অনেক তো দেখে আসছি আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিবো, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন ও করবো।কিন্তু ভাষা ও ব্যবহার জাতে শত্রুও সমালোচনা করতে না পারে।”
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ইশরাক হোসেন বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তিনি নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে আসছেন। তার সমর্থকরাও দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে রাজপথে সক্রিয় রয়েছেন।








