নতুন মামলায় গ্রেফতার দেখানো হয় ৯ সাবেক আওয়ামী লীগ নেতাকে

জুলাই মাসে ধানমন্ডিতে মো. রিয়াজ (২৩) নামের এক যুবক হত্যার ঘটনায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আওয়ামী লীগ নেতা নুরু মিয়ার রিমান্ড মঞ্জুরের পর এবার নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আরও ৯ জন প্রভাবশালী রাজনৈতিক নেতাকে।

বুধবার (২৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ নয়জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

বাকি গ্রেফতার দেখানো নেতারা হলেন:

  • সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম
  • তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
  • সাবেক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম
  • সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু
  • সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম
  • আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসী

তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নেতাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এছাড়া, একই থানা দায়ের করা আরও দুটি মামলায় সালমান এফ রহমানকে একটি হত্যাচেষ্টা মামলায় এবং আনিসুল হককে একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, আমির হোসেন আমুকে একটি হত্যাচেষ্টা মামলায়, ইনু ও মেননকে একটি হত্যাচেষ্টা এবং দুটি করে হত্যা মামলায়, পলককে একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায়, মনিরুল ইসলাম মনুকে দুটি হত্যা মামলায়, কামরুল ইসলাম ও আতিকুল ইসলামকে একটি করে হত্যাচেষ্টা মামলায় এবং জাহাঙ্গীর আলম ও রজনী আক্তার টুসীকে একটি করে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।এবং সব মামলাগুলো যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয়েছে।

এই বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।




রাজনৈতিক দল গুলোর অধিকাংশ মামলাই প্রত্যাহারের সুপারিশ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত ১১ হাজার ৪৪৮টি মামলার প্রত্যাহারের সুপারিশ করেছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব মামলার দ্রুত নিষ্পত্তিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

বুধবার (২৮ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব নিয়ে বিভিন্ন দল অভিযোগ করলেও তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। চলমান কার্যক্রমের অংশ হিসেবে ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে গঠিত কমিটি নিয়মিত সভার মাধ্যমে মামলাগুলো পর্যালোচনা করছে।

কমিটি এখন পর্যন্ত ১৬টি সভায় বিভিন্ন জেলা কমিটি ও সলিসিটর কার্যালয় থেকে প্রাপ্ত তালিকা ও দলিলপত্র বিশ্লেষণ করে ১১ হাজার ৪৪৮টি মামলার প্রত্যাহারের সুপারিশ করেছে। এ কার্যক্রম এখনও চলমান রয়েছে।

প্রক্রিয়া দ্রুততর করতে রাজনৈতিক দলগুলোকেও হয়রানিমূলক মামলার তালিকা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলতি বছরের ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে প্রায় ১৬ হাজার মামলা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৭ এপ্রিল ১,২০০টি মামলার তালিকা জমা দিয়েছে।

তবে এসব তালিকার প্রায় অর্ধেক মামলার সঙ্গে প্রয়োজনীয় দলিল যেমন এজাহার ও চার্জশিট না থাকায় বাকিগুলোর নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশ গত ২০ মে ৪৪টি মামলার একটি তালিকা জমা দিয়েছে, যেগুলোর কাগজপত্র পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দ্রুতনিষ্পত্তির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে পাঠানো মামলাগুলোর পূর্ণাঙ্গ কাগজপত্র, বিশেষ করে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিট, অবিলম্বে কমিটির কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।




পটুয়াখালী উপকূলে লঘুচাপের প্রভাব: ৩ নম্বর সতর্ক সংকেত, বাড়ছে বৃষ্টি ও জোয়ারের পানি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় জেলায় বিরূপ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। গত দুই দিন ধরে থেমে থেমে মাঝারি বৃষ্টিপাতের পর বুধবার (২৮ মে) ভোর থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আকাশজুড়ে ঘন মেঘ আর বাতাসের চাপ না বাড়লেও অমাবস্যার জোয়ারে নদ-নদীর পানি বেড়ে গেছে।

বঙ্গোপসাগরের কুয়াকাটা উপকূল উত্তাল হয়ে উঠেছে। পরিস্থিতি বিবেচনায় দেশের চারটি সমুদ্র বন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এলাকায় সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

কুয়াকাটা পৌর মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম খান বলেন, “আমরা আগে থেকেই সতর্কবার্তা পেয়েছি। তবে এখন সমুদ্রে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলায় আমাদের কোনো জেলে সাগরে নেই। তাই এই পরিস্থিতিতে আমরা আতঙ্কিত নই।”

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) লতাচাপলী ইউনিটের টিম লিডার মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা সবসময় সতর্ক থাকি। আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য পেয়েছি। ঘূর্ণিঝড় শক্তি নিয়ে উপকূলের দিকে আসতে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই আমাদের সিপিপি’র সব টিম প্রস্তুত রয়েছে।”

পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহবুবা সুখী জানান, “উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এজন্য ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।”

বৃষ্টির কারণে পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানে পানি জমে গেছে, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। তবে এখনো বড় কোনো দুর্যোগ না হলেও সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

মোঃ আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টাকে জানানো হবে- মন্ত্রীপরিষদ সচিব

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিসহ কর্মচারীদের বিভিন্ন দাবার কথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। বর্তমানে জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টা ৩১ মে দেশে ফিরবেন। এরপরই বিষয়টি তার কাছে তোলা হবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, “কর্মচারীদের দাবির বিষয়টি এবং আগের দিনের আলোচনার বিষয়বস্তু মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে।”

এর আগে, ২৭ মে (মঙ্গলবার) সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মচারী নেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন কয়েকজন সচিব। বৈঠক শেষে সিনিয়র সচিব সালেহ আহমেদ জানান, কর্মচারীদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে এবং বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে থেকে সিদ্ধান্ত আসবে।




ডাকসু রোডম্যাপসহ ৭ দফা দাবি উপস্থাপন ছাত্রশিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণাসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে শাখা সভাপতি এসএম ফরহাদ লিখিত বক্তব্য পাঠ করে সাতটি দাবি তুলে ধরেন। তিনটি প্রধান দাবি হলো:

  1. অবিলম্বে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের অধিকার নিশ্চিত করা,
  2. ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণ,
  3. পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগতদের প্রবেশ সীমিত করা।

অন্য চারটি দাবি হলো:

  • ক্যাম্পাস এলাকা থেকে ভবঘুরে ও অপ্রকৃতস্থদের উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা,
  • পুরো ক্যাম্পাস ও প্রবেশপথগুলোতে সিসিটিভি স্থাপন,
  • পাঁচটি প্রবেশপথে থাকা নিরাপত্তা বক্সগুলো দ্রুত সংস্কার ও প্রহরীর নিয়োগ,
  • প্রয়োজন অনুযায়ী প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য সংখ্যা বাড়িয়ে নিয়মিত টহলের ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিক, দাওয়াহ সম্পাদক মাজহারুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক মেফতাহুল হোসেন মারুফ।

সভাপতি এসএম ফরহাদ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী ডাকসু নির্বাচনের পক্ষে। অথচ প্রশাসন শিক্ষার্থীদের এ দাবি বাস্তবায়নে হতাশাজনকভাবে ধীরগতিতে অগ্রসর হচ্ছে।”

তিনি আরও বলেন, “গত বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছিলেন ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন মে মাসের শেষ পর্যায়ে, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দ্রুত রোডম্যাপ ঘোষণা না হলে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”




আবারও রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

রাজধানীর ধানমন্ডিতে গত বছরের জুলাই আন্দোলনের সময় মো. রিয়াজ (২৩) নামের এক যুবককে হত্যার মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ নেতা নুরু মিয়ার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআইর পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার, এ চারজনের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানির জন্য তাদের হাজিরের নির্দেশ দেন এবং প্রথমে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। সোহানুর রহমান আজাদের পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। অন্য তিন আসামির পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করলেও তারা শুনানিতে অংশ নেননি।

শুনানি শেষে আদালত সোহানুর রহমান আজাদ ছাড়া বাকি তিনজন—সালমান এফ রহমান, আনিসুল হক ও নুরু মিয়ার দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আজাদের রিমান্ড বিষয়ে আদালত পরবর্তীতে আদেশ দিবেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট সাইন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ। দীর্ঘ দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে তার মৃত্যু হয়। পরে ৯ সেপ্টেম্বর নিহতের মা মোসা. শাফিয়া বেগম ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।




গন্তব্য জাপানে পৌঁছেছেন ড.মুহাম্মদ ইউনুস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপানে পৌঁছেছেন। বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই তিনি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। এ তথ্য প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

ড. ইউনূস টোকিওতে অনুষ্ঠিতব্য ৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন।

প্রেস উইং সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি ও সাবেক উপ-প্রধানমন্ত্রী টারো আসো

সাক্ষাতের পর তিনি নিপ্পন ফাউন্ডেশনের সভাপতি ইয়োহেই সাসাকাওয়া আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন। নৈশভোজ শেষে জাপানের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি।




বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে: আমিনুল হক

বিএনপি একটি অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধে সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িকতার মুখোশ পরে আসলে সাম্প্রদায়িকতাকেই প্রাধান্য দিয়েছে। তারা হিন্দু সম্প্রদায়ের ওপর নানা নির্যাতন চালিয়ে তা বিএনপির ওপর দোষ চাপিয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি চায় একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে—যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির নির্মাণ কমিটির সভাপতি রাইচরন রবিদাস, সাধারণ সম্পাদক রনীল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ সুজন রবিদাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন মোল্লাসহ অনেকে।




রাবিতে শাহবাগবিরোধী ও ছাত্রজোটের সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ ও গণতান্ত্রিক ছাত্রজোটের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্বর এলাকায় এই সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত হয় যখন শাহবাগীদের বিচারের দাবিতে শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ একটি বিক্ষোভ মিছিল বের করে। একই সময়ে গণতান্ত্রিক ছাত্রজোট মশাল মিছিল শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ মিছিল থেকে ‘শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বামদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘ছাত্রফ্রন্টের দুই গালে, জুতা মারো তালে তালে’, এবং ‘বিচার চাই, শাহবাগীদের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

শাহবাগবিরোধী ঐক্যের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, “রাষ্ট্রের সিদ্ধান্ত না মানা এবং ২০১৩ সালে শাহবাগে মবতন্ত্র কায়েমের জন্য আমরা শাহবাগীদের বিচারের দাবি জানাই। আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে মশাল হাতে হামলা চালানো হয়েছে, যার দায় আমরা তাদের ওপর দিচ্ছি।”

অন্যদিকে, গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা ‘একাত্তর হারেনি, হেরে গেছে হাসিনা’, ‘চিহ্নিত রাজাকার, বাংলা ছাড়’ এবং ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির বিরোধিতায় আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। তখন শাহবাগবিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা, যাদের মধ্যে শিবিরের নেতাও ছিলেন, আমাদের ওপর হামলা চালান।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




জানা গেলো সৌদি সব বেশ কয়েকটি দেশের ঈদুল আজহার তারিখ

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের তামির অঞ্চলে মঙ্গলবার (২৭ মে) চাঁদ দেখা যাওয়ার পর সৌদি সুপ্রিম কোর্ট এই ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী, পবিত্র জিলহজ মাস শুরু হবে ২৮ মে (বুধবার) থেকে। সেই হিসেবে পবিত্র হজের গুরুত্বপূর্ণ অংশ ‘আরাফাহ দিবস’ পালিত হবে ৫ জুন (বৃহস্পতিবার), আর পরদিন ৬ জুন অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সৌদি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ওমান ইতোমধ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এসব দেশেও জুন মাসের প্রথম সপ্তাহে ঈদ উদযাপিত হবে বলে জানা গেছে।