“জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে”: ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সুশাসন, আইনের শাসন এবং ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করাই সরকারের চলমান সংস্কার প্রক্রিয়ার মূল লক্ষ্য। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”
মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স–২০২৫’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল জানান, “আমরা এমন একটি আইন কাঠামো তৈরি করতে চাই, যেখানে কেউ ক্ষমতার অপব্যবহার করতে না পারে। মামলার দীর্ঘসূত্রতায় যেন মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত রাখার দিকেও আমরা নজর দিচ্ছি।”
তিনি আরও বলেন, ইতোমধ্যে বিভিন্ন কমিশন থেকে প্রাপ্ত শতাধিক সুপারিশের মধ্যে বাস্তবায়নযোগ্য অনেক প্রস্তাব চিহ্নিত করে কার্যক্রম শুরু হয়েছে। আগস্টের মধ্যেই তা বাস্তবায়নের আশা প্রকাশ করেন উপদেষ্টা। তিনি জানান, ইতোমধ্যে সিপিসি (দণ্ডবিধি), সাইবার সুরক্ষা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পাওয়ার অব অ্যাটর্নি আইন সংস্কার হয়েছে। এছাড়া জুডিশিয়াল সার্ভিস নিয়োগ বিধিমালা ও জাতীয় আইনগত সহায়তা আইনও সংশোধনের পর্যায়ে রয়েছে।
গুম প্রতিরোধ আইন নিয়ে দু’দফা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানান তিনি। ড. আসিফ নজরুল বলেন, “সংবিধান সংশোধনের মতো বড় সংস্কারগুলো জুলাই সনদের বাস্তবায়নের পর শুরু হবে। তবে কোনো রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”
সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, অধ্যাপক মাহবুবুর রহমান, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট শিশির মনির এবং অ্যাডভোকেট এসএম শাহজাহান। তারা খসড়া অধ্যাদেশের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে মতামত তুলে ধরেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








