ড. ইউনূস-তারেক বৈঠকের পর নির্বাচন নিয়ে যা বললো এনসিপি

জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের রোডম্যাপ ঘোষণা করার পরই জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে এনসিপি জানায়, রাষ্ট্রকাঠামো সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দলের সঙ্গে চলমান আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে দলটি। এর অংশ হিসেবেই সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে নির্বাচন প্রশ্নে সরকারের আস্থা অর্জনের পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এনসিপি।

তবে এনসিপি মনে করে, ওই আলোচনায় নির্বাচনের তারিখ নিয়ে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, তার তুলনায় বিচার ও কাঠামোগত সংস্কারের বিষয়টি উপেক্ষিত হয়েছে। এ অবস্থাকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে অভিহিত করে দলটি। এনসিপির অভিযোগ, নির্বাচন নিয়ে সরকার শুধুমাত্র একটি রাজনৈতিক দলের দাবি ও অবস্থানকে গুরুত্ব দিচ্ছে, যা বারবার প্রতীয়মান হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়ন, ‘জুলাই সনদ’ কার্যকর এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করলে তা গণঅভ্যুত্থানকে কেবল ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়ায় পরিণত করবে। এতে রাষ্ট্র বিনির্মাণের জনআকাঙ্ক্ষা উপেক্ষিত হবে বলে উল্লেখ করে এনসিপি।

এনসিপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা, জুলাই সনদ রচনা ও কার্যকর করার মাধ্যমে আসন্ন জুলাইকে যথাযথ মর্যাদায় স্মরণ করার উদ্যোগ নেওয়া হোক।




ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন আরও উসকে দিয়েছে ইরান ও ইসরায়েলের মুখোমুখি সংঘর্ষ। ইরান থেকে ছোড়া শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে, যার মধ্যে রাজধানী তেলআবিব অন্যতম। সেখানে অন্তত সাতটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শুক্রবার রাতভর এই হামলায় গোটা ইসরায়েলজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্রগুলো দফায় দফায় ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে থাকে এবং পুরো দেশজুড়ে সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের জরুরি স্বাস্থ্যসেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, বিস্ফোরণের ফলে তেলআবিবসহ বিভিন্ন শহরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, ইরান থেকে আরও ডজনখানেক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। দেশের সব নাগরিককে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনগণকে সতর্ক করে বলা হয়েছে, বিস্ফোরণের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করতে, কারণ এতে শত্রুপক্ষ ভবিষ্যতের জন্য কৌশল নির্ধারণ করতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই হামলাকে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার জবাব বলে উল্লেখ করেছে। যদিও ইসরায়েল দাবি করছে, অনেক মিসাইল মাঝপথেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে, ফলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে।

এদিকে, এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় থাকলেও, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। একাধিক বিশ্লেষক এই সংঘাতকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে আখ্যায়িত করেছেন।

বিশ্বজুড়ে বিভিন্ন রাষ্ট্র ও কূটনৈতিক সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভিপি নুর বললেন, ‘বিএনপির আশীর্বাদের চিঠিই এখন অভিশাপ’

বিএনপির সহযোগিতা চিঠি এখন গণঅধিকার পরিষদের জন্য ‘অভিশাপ’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। স্থানীয় পর্যায়ে একের পর এক সহিংসতা ও হামলার ঘটনার জন্য তিনি বিএনপির ওই চিঠিকে দায়ী করেছেন।

শুক্রবার (১৩ জুন) বিকেল ৪টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা রেস্ট হাউজের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, “আমাদের ওপর যেসব হামলা হচ্ছে, তা আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গলাচিপা ও দশমিনার বিভিন্ন এলাকায় আমাদের অফিসে হামলা, ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের ওপর হামলা এখন নিয়মিত চিত্র।”

ভিপি নুর জানান, কালারাজা, চরকাজল, চরবিশ্বাস ও পাতাবুনিয়াসহ বিভিন্ন অঞ্চলে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, গতকাল পর্যন্ত ১২০ জন আহত, ১৭টি অফিস ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। আরও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

তিনি বলেন, “আমি ৫ আগস্টের পর প্রথম যখন পটুয়াখালীতে প্রবেশ করি, তখন থেকেই আমখালা ইউনিয়নে আমাদের কর্মীদের ওপর সশস্ত্র হামলা শুরু হয়। সেই পরিস্থিতি এখনো বিদ্যমান। বিএনপির অভ্যন্তরীণ একটি চিঠিই এই উত্তেজনার সূচনা করেছে। সে কারণেই বলছি—আশীর্বাদের সেই চিঠি এখন অভিশাপে রূপ নিয়েছে।”

সংবাদ সম্মেলনে নুরুল হক নুর আরও বলেন, “আমরা নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, প্রত্যেকটি ঘটনার তথ্যপ্রমাণ সংগ্রহ করে মামলা করতে। প্রশাসনের সাহায্য চেয়ে প্রতিরোধ গড়ে তুলতে। ইতোমধ্যে আমরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের ভূমিকার ওপর ভিত্তি করেই আমরা আমাদের পরবর্তী অবস্থান ঠিক করব।”

ভিপি নুর বিএনপির উদ্দেশে বলেন, “আপনারা বড় রাজনৈতিক দল। আপনাদের কাছ থেকে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে। নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমাদের অবস্থাই যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম সিকদার, উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সী এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে ভিপি নুরকে তার নিজ সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে পটুয়াখালী জেলা বিএনপির নেতাদের নির্দেশ দেওয়া হয়। সেই চিঠির পর থেকেই মাঠপর্যায়ে উত্তেজনা ও সংঘাত ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করেন নুরুল হক নুর।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



একটি দলকে খুশি করতেই নির্বাচন এগিয়ে আনা হচ্ছে: এনসিপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। নির্বাচন এগিয়ে আনার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা ইতিহাসের শহীদদের আত্মত্যাগের সঙ্গে প্রতারণার শামিল।

শুক্রবার (১৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে সরকারের নির্বাচন পরিচালনার পদ্ধতি নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সংস্কার ও বিচার না করে, যেভাবে সরকার নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে, তাতে দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না। এভাবে নির্বাচন এগিয়ে আনলে দেশে আরেকটি ফ্যাসিবাদী পরিস্থিতির জন্ম হবে। জনগণকে আবারও গণঅভ্যুত্থানের পথে ঠেলে দেওয়া হবে।”

তিনি অভিযোগ করেন, “বিদেশের মাটিতে বসে একটি বিশেষ দলের সঙ্গে নির্বাচনের বিষয়ে সরকার বৈঠকে বসছে, অথচ সেখানে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। জুলাইয়ের শহীদদের স্মৃতি যেন ভুলে যেতে বসেছে সরকার। মৌলিক সংস্কারের কোনো বার্তা নেই, বরং কেবল একদলীয় স্বার্থের প্রতিফলন দেখা যাচ্ছে।”

এনসিপির শীর্ষ এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণতান্ত্রিক সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে এনসিপি কোনো নির্বাচনে অংশ নেবে না। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে না পারলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, “যেসব পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে, তাদের সঙ্গে কথা বলে নির্বাচনের সময় নির্ধারণ করা উচিত ছিল। একদলীয় আলোচনার মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জাতির জন্য অশনি সংকেত।”

এছাড়া, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আমরা এখনো জানি না সংস্কার কীভাবে ও কোন পদ্ধতিতে হবে। এই অনিশ্চয়তার মাঝেই প্রধান উপদেষ্টার গণভোটের প্রস্তাব খারিজ করা হয়েছে, যা গণতন্ত্রের জন্য শুভ ইঙ্গিত নয়।”

এনসিপির নেতারা দাবি করেছেন, দেশের ভবিষ্যৎ রাজনীতি যদি ন্যায়ের ভিত্তিতে গঠিত না হয়, তবে এটি গণতন্ত্র নয়, বরং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার দিকে এগোবে। সরকারকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



একদিকে অস্বীকার অন্যদিকে ট্রাম্পের হুমকি: যুক্তরাষ্ট্রের কেমন দ্বিচারিতা!

আজ সকালে ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি এই হামলাকে ইসরায়েলের “একতরফা পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তবে একই দিনে ভিন্ন সুরে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ার করে বলেন, “সব শেষ হয়ে যাওয়ার আগে তেহরানকে অবশ্যই সমঝোতায় ফিরতে হবে।”

ট্রাম্প বলেন, “আমি তাদের (ইসরায়েলকে) শক্ত ভাষায় বলেছিলাম—এটি করো। কিন্তু তারা করেনি। ইতোমধ্যে অনেক প্রাণহানি ও ধ্বংস হয়েছে। তবে এখনও রক্তপাত থামানোর সুযোগ আছে। কারণ পরবর্তী হামলাগুলো আরও ভয়াবহ হতে চলেছে।”

তিনি আরও বলেন, “যেটিকে একসময় পারস্য সাম্রাজ্য বলা হতো, সেটিকে রক্ষা করো। আর কোনও মৃত্যু নয়, আর কোনও ধ্বংস নয়—এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার।”

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানের পারমাণবিক কার্যক্রম ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি বিষয়ক ষষ্ঠ দফার আলোচনা রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন দোটানা অবস্থান নতুন নয়। একদিকে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষতার বার্তা, অন্যদিকে প্রেসিডেন্টের সরাসরি হুমকি—এই অবস্থান আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করছে।

 

 

 




ড. ইউনূসকে কলম ও বই উপহার দিলেন তারেক রহমান

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক চলাকালে প্রধান উপদেষ্টাকে তিনটি উপহার দেন তিনি। উপহারগুলোর মধ্যে ছিল একটি কলম ও দুটি বই।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় বৈঠকটি শুরু হয়ে বিকেল সাড়ে ৩টার কিছু পর শেষ হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ব্যক্তিগত ফেসবুক পেজে উপহারের বিষয়টি জানান।

শফিকুল আলমের পোস্টে উল্লেখ করা হয়, তারেক রহমানের দেওয়া উপহারগুলোর মধ্যে রয়েছে একটি ফাউন্টেন পেন, গ্রেটা থুনবার্গের লেখা ‘No One Is Too Small to Make a Difference’ এবং ‘Nature Matters’ (সম্পাদনা করেছেন মোনা আর্শি ও ক্যারেন ম্যাকার্থি উলফ) বই দুটি।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাসা থেকে রওনা হয়ে বৈঠকের নির্ধারিত স্থানে পৌঁছান তারেক রহমান। হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

বিএনপির পক্ষ থেকেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।




তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচন প্রসঙ্গে আলোচনা ড. ইউনূসের

আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

শুক্রবার (১৩ জুন) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি সংস্কার ও বিচারিক প্রক্রিয়ায় পর্যাপ্ত অগ্রগতি অর্জনের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধান উপদেষ্টা। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।




কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ড. ইউনূস

ব্রিটেনের মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

২০২৪ সালের জুন মাসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই পুরস্কার প্রবর্তন করেন, যা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের অনুপ্রেরণা ও স্বীকৃতি প্রদান করে। বৃহস্পতিবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

পুরস্কার গ্রহণের আগে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে অনুষ্ঠিত ওই বৈঠক ছিল একেবারে ব্যক্তিগত।

বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক সংস্কার এবং সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। ড. ইউনূস রাজাকে তার সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

প্রায় ৩০ মিনিটের এই সৌহার্দ্যপূর্ণ বৈঠক সম্পর্কে প্রেস সচিব বলেন, “এই পুরো সফরের মধ্যে আমি বলব, এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। যেহেতু রাজা চার্লস বহুদিন ধরে প্রফেসর ইউনূসকে চেনেন, সেহেতু নানা বিষয় নিয়ে তাদের খোলামেলা আলোচনা হয়েছে।”

বৈঠক শেষে রাজা ও রাণীর স্বাক্ষরযুক্ত একটি ছবি উপহার হিসেবে ড. ইউনূসকে প্রদান করা হয়। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার জন্য এটি এক বড় সম্মান।

এর আগে রাজা চার্লস বাকিংহাম প্যালেসে ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সাক্ষাতের জন্য স্বাগত জানান।




গলাচিপায় নূরকে অবরুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করেই এই উত্তেজনার সূত্রপাত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর প্রশাসনের পক্ষ থেকে উপজেলাজুড়ে মাইকিং করে জনগণকে সতর্ক করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, গলাচিপার চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জেরে বিএনপি ও গণঅধিকার পরিষদ উভয়েই একই সময় পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। এতে বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে গলাচিপা থানা প্রশাসন ইউএনওকে অবহিত করে। ফলে ১৩ জুন সকাল ৮টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত গলাচিপা পৌরসভা ও সংলগ্ন এলাকায় পাঁচজন বা ততোধিক মানুষের জমায়েত, মিছিল, সভা-সমাবেশ, বিক্ষোভ এবং দেশীয় অস্ত্র ও বিস্ফোরক বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ইউএনও মাহমুদুল হাসান বলেন, “সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

গণঅধিকার পরিষদের দাবি, গলাচিপা ও দশমিনার বিভিন্ন স্থানে তাদের দলীয় অফিস ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন এবং ৪টায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক ফেসবুক পোস্টে নুরুল হক নূর অভিযোগ করেন, পটুয়াখালী-৩ আসনের বিএনপির কেন্দ্রীয় নেতা ও মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিনি মুক্ত হন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রশাসন নিয়েছে বাড়তি নজরদারির উদ্যোগ।

রিপোর্টার: আল-আমিন,
চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



রাজনৈতিক সমাধান খুঁজতে মুখোমুখি হচ্ছেন ড. ইউনূস ও তারেক রহমান

যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আজ লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) শহরের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে উপস্থিত সাংবাদিকদের জানান, এই বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো ফরমেট নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, “যেহেতু তারেক রহমান বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকটি হতে যাচ্ছে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে অবস্থান করছেন, সেখানেই এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রায় দুই ঘণ্টা ধরে এই বৈঠক চলতে পারে।

সূত্র জানায়, আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, চলমান সংস্কার কার্যক্রম এবং ‘জুলাই চার্টার’সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হতে পারে। ধারণা করা হচ্ছে, দেশের রাজনৈতিক সংকট নিরসনে কৌশল নির্ধারণ নিয়েও আলোচনা হবে।

এর আগে লন্ডনে বৈঠকের জন্য ড. ইউনূসের পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকের উদ্দেশ্য হিসেবে উভয়পক্ষই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রসঙ্গকে গুরুত্ব দিতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।