জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ: ছাত্রদল নেতাকে শোকজ

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রোববার রাত পৌনে ৮টার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত চিঠিতে আজির উদ্দিনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন আজির উদ্দিন। কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তি নেওয়া হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা জারি করেন।
এর আগে একই ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
শনিবার (১৪ জুন) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জাফলং এলাকা পরিদর্শনে যান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। তারা বন্ধ থাকা জাফলংসহ সিলেট অঞ্চলের পাথর কোয়ারি চালুর দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন ছাড়াও অংশ নেন জ্যেষ্ঠ সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা এবং বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খান।








