নির্বাচনের ঘোষণা সময়মতোই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নির্ধারিত সময়েই ঘোষণা করা হবে। কোনো গুজব কিংবা অনিশ্চয়তা নয়, নির্বাচন কমিশন তার নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি নিচ্ছে।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘নির্বাচনি আইন ও বিধি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সিইসি বলেন, “নির্বাচনের তারিখ সরকারকে অবগত করেই নির্ধারণ করা হবে। তবে স্বাধীনভাবে নির্বাচন পরিচালনার জন্য সরকারকে অব্যাহতভাবে সহযোগীতা করতে হবে—এটা বাস্তবতা।” তিনি যোগ করেন, “নির্বাচন করতে হলে সরকারের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা অপরিহার্য। সরকার ছাড়া কোনো নির্বাচন আয়োজন সম্ভব নয়।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি আরও বলেন, “আমরা যে পরিকল্পনাটি বাস্তবায়ন করছি, সেটাকে অনেকে রোডম্যাপ বলে থাকেন। তবে আমরা এটিকে বলছি কর্মপরিকল্পনা। নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকেই এই কর্মপরিকল্পনার কাজ শুরু হয়েছে। কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে—সবই তাতে নির্দিষ্ট করা আছে।”
সরকারের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে সিইসি স্পষ্ট করে বলেন, “আমরা সরকারের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। ইনফরমালি হোক বা ফরমালি—সরকারের সঙ্গে যোগাযোগ থাকতেই পারে। তবে সেটি আলাদা করে ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “ইসি সংস্কার কমিশনের যে সুপারিশ রয়েছে, তার আলোকে আমরা এগোচ্ছি। সময়মতো সবকিছু জানানো হবে। নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আমাদের অগ্রাধিকার।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।








