ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সম্মিলিত হামলায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, “২১ জুন রাতে ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অতর্কিত হামলা চালিয়ে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের চরম লঙ্ঘন করেছে। এটি আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও জাতিসংঘ সনদের স্পষ্ট অবমাননা।”
তিনি আরও বলেন, “এই হামলা অবৈধ, অযৌক্তিক এবং সম্পূর্ণ আগ্রাসী। এর মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ।”
বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের নীতিরও সমালোচনা করেন। তিনি বলেন, “সম্প্রতি মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড স্বীকার করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। অথচ সেই মিথ্যা অজুহাতে হামলা চালানো হয়েছে। এটি স্বাধীন রাষ্ট্রের ওপর ভিত্তিহীন ও সরাসরি হামলার উদাহরণ।”
জামায়াত আমির বলেন, “এই আগ্রাসন শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নতুন সংঘাতের সম্ভাবনা সৃষ্টি করেছে। বিশ্ববাসী এ ঘটনায় হতবাক।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে এই আগ্রাসন বন্ধে জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দকে দ্রুত কার্যকর ভূমিকা রাখতে হবে।”








