জুলাই সনদ দাবিতে ইনকিলাব মঞ্চের লাল মার্চ, যাত্রা ফরেন সার্ভিস একাডেমির দিকে

জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে ‘লাল মার্চ’ কর্মসূচি পালন করেছে ছাত্র সংগঠন ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
‘লাল জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ক্ষমতা না জনতা : জনতা জনতা’—এমন স্লোগানে মুখরিত হয় শাহবাগ থেকে মৎস্য ভবন, কাকরাইল হয়ে ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত পুরো মিছিল পথ।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। এতে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সমাবেশে সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, “আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। তারা জুলাই সনদ ঘোষণার জন্য ৩০ দিনের সময় নিয়েছিল, যা গত ২৫ জুন শেষ হয়েছে। অথচ এখন পর্যন্ত তারা কোনো সনদ ঘোষণা করেনি। যদি কোনো রাজনৈতিক দলের চাপে সরকার তা না করে, তাহলে সেই দলের নাম প্রকাশ করতে হবে।”
তিনি বলেন, “আমরা কোনো একক সংগঠনের স্বার্থরক্ষাকারী ঘোষণাপত্র মানব না। এই সনদ ১৮ কোটি মানুষের দাবি—এটি দেরি হওয়ার কোনো সুযোগ নেই।”
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি বলেন, “এই সরকার ব্যর্থ হয়েছে প্রতিশ্রুতি রক্ষা করতে। ১ জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও এখনো পর্যন্ত ঘোষণা আসেনি কেন—তার কোনো ব্যাখ্যা দেয়নি সরকার। যদি তারা ব্যর্থ হয়, তাহলে গণভোটের মাধ্যমে জনগণের মত নিয়ে ঘোষণা দিতে হবে। কারণ এই সনদ কোনো দলের দলিল নয়—এটি জনগণের দলিল।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। তাই এ মাসের মধ্যেই সরকারের উচিত জনগণের কাছে জবাব দেওয়া।”
সমাবেশ শেষে মিছিলটি ফরেন সার্ভিস একাডেমির সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। সংগঠনটি জানায়, জুলাই সনদের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।








