গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির মশাল মিছিল, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় সশস্ত্র হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) রাতে বাংলামোটর মোড় থেকে শুরু হয়ে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ কর্মসূচি।

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হোসাইন। তিনি বলেন, “জুলাই পদযাত্রা উপলক্ষে গোপালগঞ্জে আয়োজিত সমাবেশকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সারাদেশ থেকে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের গোপালগঞ্জে জড়ো করে তারা সশস্ত্র হামলা চালিয়েছে।”

তিনি আরও জানান, সমাবেশ শেষে গাড়িবহর লক্ষ্য করে চালানো হামলায় এনসিপির দুই কেন্দ্রীয় সংগঠক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আকরাম হোসাইন বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। না হলে জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা আবারও রাজপথে নামবে।”

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন। তিনি বলেন, “আজকের হামলা মুজিবাবাদী চেতনার নগ্ন প্রকাশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কীভাবে সশস্ত্র ক্যাডার দিয়ে এ হামলা চালালো, সেটিই বড় প্রশ্ন। অন্তর্বর্তী সরকার এ দায় এড়াতে পারে না।”

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার বলেন, “জুলাই গণহত্যার বিচার আজও শুরু হয়নি। নিরাপত্তা দিতে ব্যর্থ ইন্টেরিম সরকার নির্বাচনের নিরাপত্তাও দিতে পারবে না।”

মশাল মিছিল শেষে আকরাম হোসাইন আগামীকাল (১৭ জুলাই) মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানার সামনে বিকেল ৪টায় প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন।

এনসিপি নেতারা বলেন, সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।




শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর পরের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।

শেষ ও তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। বাংলাদেশ দলের পক্ষে দুর্দান্ত বোলিং করেন শেখ মেহেদি, তিনি ১১ রানে শিকার করেন ৪ উইকেট। শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও শামীম হোসেন নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাক নিয়ে বিদায় নেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে এরপরই ব্যাট হাতে হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও ওপেনার তানজিদ তামিম। দ্বিতীয় উইকেট জুটিতে তারা সংগ্রহ করেন ৭৪ রান। লিটন করেন ২৬ বলে ৩২ রান।

ম্যাচের নায়ক ছিলেন তানজিদ তামিম। দারুণ ব্যাটিং করে ২৭ বলে তুলে নেন ফিফটি এবং শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে তাওহিদ হৃদয় ২৫ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসে শুরুতেই আঘাত হানেন শরিফুল ইসলাম। এরপর শেখ মেহেদির স্পিন জাদুতে একে একে ফিরেন কুশল পেরেরা, চান্দিমাল, আসালঙ্কা ও নিশাঙ্কা। লঙ্কানদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারও তেমন কিছু করতে পারেনি। শেষদিকে দাসুন শানাকার ২৫ বলে অপরাজিত ৩৫ রানে দলীয় সংগ্রহ কিছুটা সম্মানজনক হয়।

বাংলাদেশের হয়ে ম্যাচসেরা বোলিং করেন শেখ মেহেদি—৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে। সিরিজ জয়ের ফলে লিটন দাসের দল গড়ে নতুন ইতিহাস।

এই জয়ে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হলো আরেকটি গর্বের অধ্যায়।




গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, “ফ্যাসিবাদী ছাত্রলীগ ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। গাড়িবহরে হামলা, অগ্নিসংযোগ এবং এমনকি পুলিশ সুপারের কার্যালয়েও আক্রমণের অভিযোগ পাওয়া গেছে। এতে এনসিপির বহু নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “এই সহিংসতায় যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শহরের বিভিন্ন স্থাপনা, তা নিঃসন্দেহে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসের নজির।”

জামায়াতের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি, দেশের জনগণকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে দেশের সব জেলা ও মহানগরে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে, এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের এতে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।




সংঘর্ষের পর স্থবির গোপালগঞ্জ শহর, টহলে আইনশৃঙ্খলা বাহিনী

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষের পর শহরে নেমে এসেছে সুনসান নীরবতা। বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টাব্যাপী স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা শহর।

রাত ৮টার পর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট প্রায় জনশূন্য। সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।

সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহর ও শহরতলীর বাসিন্দাদের মাঝে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গ্রেপ্তারের আশঙ্কায় অনেক পুরুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলেও জানা গেছে।

গোপালগঞ্জের এলাকার বাসিন্দা বলেন, “সারাদিন যা ঘটেছে, তাতে খুবই আতঙ্কে আছি। গোলাগুলি হয়েছে। কখন পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যায় কে জানে।”

এর আগে দুপুরে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে মাদারীপুর ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলায় শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যায় গোপালগঞ্জ জেলায় ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করে প্রশাসন।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস জানিয়েছেন, সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় চারজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পুলিশ ও সাংবাদিকও রয়েছেন।

নিহতরা হলেন—উদয়ন রোডের দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) ও গোপালগঞ্জ সদরের ইমন (২৪)।

গোপালগঞ্জের পুলিশ সুপার জানান “নিহতদের সংখ্যা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে চারজন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। শহরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।”

বর্তমানে গোপালগঞ্জ শহরজুড়ে আতঙ্ক, শূন্যতা ও অস্থির পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।




গোপালগঞ্জে পরিকল্পিত হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গোপালগঞ্জ এখন ‘মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায়’ পরিণত হয়েছে। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে এনসিপির সমাবেশে হামলা চালিয়েছে। এই হামলা ছিল জঙ্গি কায়দার এবং হত্যার উদ্দেশ্যেই সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা পুলিশের ক্লিয়ারেন্স নিয়ে শান্তিপূর্ণভাবে গোপালগঞ্জে সমাবেশ করেছি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। পরে তারা আমাদের নিরাপদে সরিয়ে নিয়েছে বটে, তবে সময়মতো ব্যবস্থা নিলে হতাহতের ঘটনা ঘটত না। আজ সাধারণ ছাত্র-জনতা, সাংবাদিকসহ অনেকেই এই হামলার শিকার হয়েছেন।”

তিনি আরও বলেন, “এই হামলার মধ্য দিয়ে দেশবাসীর কাছে মুজিববাদী সন্ত্রাসীদের আসল চেহারা উন্মোচিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এনসিপির আহ্বায়ক জানান, গোপালগঞ্জের ঘটনার পর মাদারীপুর ও শরীয়তপুরে পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলবে এবং আগামীকাল (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় খুলনায় পৌঁছান দলটির শীর্ষ নেতারা এবং সার্কিট হাউজে অবস্থান নেন।




ব্লকেড সরানোর আহ্বান নাহিদের, রাজপথে শান্তিপূর্ণ অবস্থানের নির্দেশ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিকেল থেকে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এই কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম।

বুধবার (১৬ জুলাই) বিকেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে নাহিদের আহ্বানটি তুলে ধরেন। সেখানে নাহিদ বলেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।’

এর আগে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। হামলার ফলে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

হামলা থেকে বাঁচতে এনসিপি নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। এর আগের ঘটনার পরপরই দেশব্যাপী প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে এখন এনসিপি শীর্ষ নেতৃত্ব শান্তিপূর্ণ ও কৌশলগত অবস্থানের দিকেই গুরুত্ব দিতে দলের কর্মীদের আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং রাজপথে নতুন কর্মসূচি ঘোষণার আগ পর্যন্ত এনসিপির কর্মীরা সুশৃঙ্খলভাবে রাজপথে অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।




গোপালগঞ্জে ছাত্রলীগ-আওয়ামী লীগের হামলায় রণক্ষেত্র, কারফিউ জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের পৌরপার্ক এলাকায় এই সহিংসতার ফলে চারজন নিহত হয়েছেন এবং পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জ্বীবিতেশ বিশ্বাস জানান, গুলিবিদ্ধ অবস্থায় একাধিক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে চারজন মারা গেছেন। আহতদের মধ্যে পুলিশের সদস্য ও একজন সাংবাদিকও রয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় সকালে, যখন গোপালগঞ্জ সদরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরেও হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জ পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।

দুপুর ১টা ৩৫ মিনিটে শহরের পৌরপার্কে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চে ভাঙচুর চালান এবং এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করেন। পরে পুলিশি সহায়তায় এনসিপির কর্মীরা নিরাপদে সরে যান। হামলার আধা ঘণ্টা পর পুলিশের নিরাপত্তায় এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ সম্পন্ন করেন। এতে নাহিদ ইসলাম, সারজিস আলম ও আখতার হোসেন বক্তব্য দেন।

সমাবেশ শেষ করে এনসিপির নেতারা মাদারীপুরের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিলে আবারও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এসময় পুলিশ পিছু হটে, আর এনসিপির নেতাকর্মীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা মঞ্চসহ আশপাশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়, ফলে শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারেও হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ জেলায় বুধবার রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উল্লেখ্য, এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ ‘মার্চ টু গোপালগঞ্জ’ শিরোনামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।




দিনপঞ্জির পাতায় আন্দোলন: ১৬ জুলাই

ছাত্রলীগ-যুবলীগ আর পুলিশের হিংস্রতায় প্রথম শহীদ আবু সাঈদসহ ছয় জনের নিহতের মধ্য দিয়ে এদিনই মূলত. আওয়ামী ফ্যাসিজমের কবর খোঁড়া শুরু হয়ে যায়। হামলায় এদিন নিহত হয় ৬ জন। । নিহতদের ছয় জনের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরের একজন। আহত হয় আরও চার শতাধিক।

রংপুরে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ভিডিও মুহুর্তে ভাইরাল হয়ে যায়। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পুলিশের সামনে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়ানো আবু সাঈদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেস থেকে পুলিশ গুলি করে, একটা নয় পরপর অনেকগুলো। এক পর্যায়ে লুটিয়ে পড়েন মাটিতে।

এদিন বেশি প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামে। চট্টগ্রামের মুরাদপুরে বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে একজনকে গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর নাম মোহাম্মদ ওয়াসিম। ওয়াসিম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কও ছিলেন।

নিহত অন্য দুজন হলেন চট্টগ্রাম নগরের ওমর গণি এমইএস কলেজের ছাত্র ফয়সাল আহমেদ শান্ত এবং পথচারী মো. ফারুক।

বিকেলে রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন পলক সানজিদ শুভ, অয়ন, সাফিন ও রাতুল। আগে থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা চানখাঁরপুল মোড়ে অবস্থান নেন। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

আবু সাঈদসহ ছয়জনের মৃত্যু এবং প্রায় ৪০০ মত আহতের ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রীরা ১৬ জুলাই রাতে সম্মিলিতভাবে হল থেকে ছাত্রলীগের সদস্যদের বের করে দেন। লেজুড় বৃত্তির রাজনীতি ছেড়ে হলে বিশুদ্ধ রাজনীতি করবেন – শিক্ষকদের কাছ থেকে এরকম মুচলেকা নেন ছাত্রীরা। তাদের দেখানো পথে পরদিন ভোরে ছেলেদের হল থেকেও ছাত্রলীগের সদস্যদের বের করে দেওয়া হয়।

এর আগের রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও আন্দোলন কাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

১৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ নেতা হাজী সেলিমকে ধাওয়া করেন শিক্ষার্থীরা। তিনি ধানমন্ডির ল্যাবএইডে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে বের হলে শিক্ষার্থীরা তাঁকে ধাওয়া করলে হাসপাতালে ঢুকে পড়েন। এ সময় তাঁর গাড়িও আটকে দেওয়া হয়।

এদিন সকালে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সবার্ত্মকভাবে পাশে রয়েছে বলে জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

অকুতোভয় শিক্ষার্থীদের বিক্ষোভে ভয় পেয়ে যায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। ১৬ জুলাই রাতেই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করা হয়।

রাতেই বন্ধ ঘোষণা করা হয় পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। মধ্যরাতে বন্ধ করে দেওয়া হয় মোবাইলের ফোরজি নেটওয়ার্ক। ব্যাপকভাবে যোগাযোগ প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

অপরদিকে, এদিন সরকারের পক্ষ থেকে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। এটর্নি জেনারেল এর কার্যালয় থেকে এ আবেদন জমা দেওয়া হয়। আবেদনে বলা হয় সরকারি চাকরিতে কোটার বিধান রাখা সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং আদালত এই নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না।

১৬ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড মামলায় জড়িতদের শাস্তি দাবি করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বিবৃতি প্রদান করে যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন শিক্ষক স্বাক্ষর করেন।

বিবৃতিতে চারটি দাবি জানানো হয়, ০১ আন্দোলনে যারা হামলা করেছে, গুলি করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

দুই. ন্যায্য দাবি অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংস্কার করতে হবে সংবিধানের আলোকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে কোটা সংস্কারের রূপ নির্ণয় করতে হবে।

তিন. ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের ক্যাম্পাসে অনুপ্রবেশ ও ত্রাস সৃষ্টির ঘটনায় নিন্দা জানিয়ে কোন বহিরাগত জন্য কম্পাসের ক্যাম্পাসে ঢুকতে না পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ নিতে হবে।

চার. শিক্ষার্থীরা যাতে নিরাপদে ছাত্রাবাসে থাকতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

দিনভর সংঘর্ষের পর ১৬ জুলাই রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে পবিত্র আশুরা উপলক্ষে কর্মসূচি বন্ধ রাখলেও পরদিন বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নিহতদের গায়েবানা জানাজা ও কফিন মিছিলের পাশাপাশি সারা দেশে এ কর্মসূচি সমন্বয় করার ঘোষণা দেয়া হয়।




চরমোনাইকে টার্গেট করে বিএনপির বক্তব্য দুঃখজনক: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) অভিযোগ করেছেন, বিএনপির মঞ্চ থেকে চরমোনাইকে উদ্দেশ্য করে নির্দেশনা দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং অশোভন। তিনি বলেন, রাজনীতিতে বিদ্বেষ ও প্রতিহিংসা বিএনপির মতো একটি দলের জন্য মানানসই নয়।

মঙ্গলবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, “১৪ জুলাই আমাদের সিনিয়র নায়েবে আমির একটি সতর্কতামূলক বক্তব্য দিয়েছেন। কিন্তু সেটিকে খণ্ডিতভাবে প্রচার করে আধ্যাত্মিক ধারার অনুসারীদের বিরুদ্ধে রাজপথে অশালীন ও নোংরা স্লোগান দেওয়া হয়েছে। বিএনপির মঞ্চ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের বার্তা দেওয়া অত্যন্ত দুঃখজনক।”

তিনি বলেন, “বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গত ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছায়া এখনো সমাজ ও রাষ্ট্রকে অনিরাপদ করে রেখেছে। রাজনৈতিক অঙ্গনে শালীনতা ও সহনশীলতা না থাকলে সেই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।”

চরমোনাই পীর আরও বলেন, “৫ আগস্টের ঘটনার পর সবাই রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা মেনে নিলেও বাস্তবে দলের চরিত্রে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। বরং চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক হানাহানি বেড়েছে। সম্প্রতি মিটফোর্ড হাসপাতালে একজন মানুষকে যেভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তা শুধু বর্বরতা নয়, বরং দেশের রাজনৈতিক বিবেকের চরম পরাজয়।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “যেসব অপরাধী বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা যদি জনগণের কাছ থেকে সহনশীল আচরণ আশা করেন, তবে দলীয় ছত্রছায়ায় থাকা অপরাধীদের আগে চিহ্নিত করে বের করতে হবে। দলের ভেতর থেকেই কিছু অপরাধীর বহিষ্কার প্রমাণ করে—তারা দলেরই অংশ ছিল।”

পীর সাহেব চরমোনাই ১৪ জুলাইয়ের ঘটনাকে দেশের রাজনীতির জন্য ‘সবচেয়ে কলঙ্কময় দিন’ বলে আখ্যায়িত করেন। তাঁর অভিযোগ, ওইদিন বিএনপির মঞ্চ থেকে ইসলামি ধারার অনুসারীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিদ্বেষ ছড়ানো হয়।

বিবৃতিতে তিনি আরও বলেন, “গত ১০ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ মানুষের জীবন চরম অনিরাপদ হয়ে পড়েছে। সেনাবাহিনী মোতায়েন ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা সত্ত্বেও পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আসছে না—তা নিয়ে প্রশ্ন উঠছে। যদি এর পেছনে কোনো অদৃশ্য শক্তি থেকে থাকে, তাহলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।”




‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক দিবস পালিত হবে

কোটাবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের স্মরণে আগামী বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হবে। এ উপলক্ষে দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু ঘটে। সেই দিনটিকে স্মরণ করে সরকার ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

দিবসটি উপলক্ষে বুধবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সরকারি এই উদ্যোগকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আবেগময় প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। শোক দিবসটি শান্তিপূর্ণভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।