সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মৃত্যু

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, রাত্রে তিনি চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠান শেষে ক্লাবের ৩০৮ নম্বর কক্ষে রাত্রিযাপন করেন। পরদিন সকালে তার একটি জরুরি মিটিং ছিল, কিন্তু সকাল থেকে একাধিকবার মোবাইলে কল করেও তাকে পাওয়া যাচ্ছিল না।
ক্লাব কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে রুমে নক করা হয়, কিন্তু কোনো সাড়া না মেলায় বারান্দার গ্লাসের দরজা ভেঙে প্রবেশ করে তার মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, হারুন অর রশিদ গেস্টহাউসের ঘরে একাই অবস্থান করছিলেন। দুপুর ১২টার পর কোনো সাড়া না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, সিআইডি, ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা উপস্থিত ছিল। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মরদেহে আপাতত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সম্মতি সাপেক্ষে মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি ডেসটিনি গ্রুপের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় তাকে কারাগারে যেতে হয়, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম









