“ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, ষড়যন্ত্র এখনো চলছে”: মাহমুদুর রহমান

লেখক, বুদ্ধিজীবী ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই। তরুণ ও যুব সমাজের চরিত্র হননের অপচেষ্টা এখনো চলছে। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে একতাবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইডিবি) হলরুমে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“তারুণ্যের গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ উত্তরণে যুব তরুণদের ভূমিকা” শীর্ষক এই সেমিনারটি আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের যুব উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে।

ড. মাহমুদুর রহমান বলেন, “গত ১৬ বছর ধরে তরুণদের ব্রেইনওয়াশ করার চেষ্টা চলেছে। কিন্তু তারুণ্যের শক্তি ফ্যাসিবাদকে তাড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে।”

সেমিনারে আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, যিনি বলেন, “যুবকরাই সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি। প্রবীণরা উদ্বুদ্ধ করবে, যুবকেরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়বে।”

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনে এমপি পদপ্রার্থী ড. হেলাল উদ্দিন বলেন, “জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালালেও বড় ফ্যাসিবাদ এখনও সচিবালয়ে রয়ে গেছে। এই প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ।”

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম জিয়াউল হাসান বলেন, “জুলাই অভ্যুত্থানের পরও ষড়যন্ত্র চলছে। আরও বিপ্লব আসছে, তরুণ সমাজকে প্রস্তুত থাকতে হবে।”

বক্তারা অভিযোগ করেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা চালালেও সফল হয়নি। কিন্তু বর্তমান প্রশাসনের কিছু অংশ এখনো বিপ্লব নস্যাৎ করতে সক্রিয়।

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, “জুলাই বিপ্লবে রিকশাওয়ালারও ভূমিকা ছিল, অথচ শ্রমজীবী মানুষের কথা ঘোষণায় আসেনি।”
তিনি আরও বলেন, “বিপ্লব সফল হলেও ইউনুস সরকারের আচরণ হতাশাজনক। তার উচিত জনগণের সঙ্গে সরাসরি কথা বলা।”

সেমিনারে বক্তারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।




জুম মিটিংয়ে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা, শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তথ্য বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি অনলাইন জুম মিটিংয়ে অংশ নিয়ে তারা সংগঠিতভাবে পরিকল্পনা, উসকানি ও সরকার উৎখাতের কার্যক্রমে জড়িত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় চার্জশিট আদালতে উপস্থাপন করেন।

তদন্ত নথি অনুযায়ী, চলতি বছরের ২৭ মার্চ সিআইডি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর আগে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্ম জুমে ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা সরাসরি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। অভিযোগপত্রে বলা হয়, ওই মিটিংয়ে তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে অপসারণের নির্দেশ দেন এবং রাষ্ট্রবিরোধী নানা বক্তব্য দেন।

পরে মিটিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘ তদন্ত শেষে সিআইডি এই চার্জশিট দাখিল করেছে। এখন আদালতের নির্দেশ অনুযায়ী আইনগত প্রক্রিয়া এগিয়ে চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



উপদেষ্টা পদ ছাড়ার ইঙ্গিত দিলেন আসিফ মাহমুদ, এনসিপিতে যোগ অনিশ্চিত

নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ ছাড়বেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছাড়ব। এনসিপিতে যোগ দেব কিনা, সেটিও নিশ্চিত নয়।”

সম্প্রতি গুলশানে সাবেক এক নারী এমপির বাসায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর চাঁদাবাজির ঘটনায় তার নাম জড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তিনি বলেন, “চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। অপু নামক ব্যক্তির যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, তা জোর করে নেওয়া হয়েছে বলে শুনছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।”

আসিফ আরও বলেন, “তার (অপু) স্ত্রীর বরাতে শুনেছি, তাকে গুম করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার দিক থেকেও এমন খবর পাওয়া যাচ্ছে। এমন ঘটনা গ্রহণযোগ্য নয়।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওইদিন সকালে ওয়েস্টিনে গিয়েছিলাম কি না, মনে নেই। হেলমেট পরা যে কাউকে যে কারও সঙ্গে মেলানো যেতে পারে।”

রাজনীতিতে সম্পৃক্তদের নির্বাচনের সময় পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, “যাদের রাজনৈতিক পরিচয় আছে, তারা সরকারের দায়িত্বে না থাকাই ভালো।”

ব্যক্তিগত প্রসঙ্গে তিনি জানান, ব্যস্ততার কারণে অনেক সময় গভীর রাত বা ভোরে কাজ শেষ হয়, তখন ৩০০ ফিট এলাকার নীলা মার্কেট থেকে হাঁসের মাংস কিনে খাওয়া হয়। যদি সময় বেশি হয়ে যায়, তখন ওয়েস্টিন হোটেলে যাওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের এক বছরের কাজের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ অভ্যুত্থানের সুফল পেয়েছে। তবে সরকারের পক্ষ থেকে কতটা সুফল পেয়েছে, তা বলা কঠিন। এখন পর্যন্ত না-পারার পাল্লাটাই ভারী।”




ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ইসির রোডম্যাপ প্রস্তুত, প্রকাশ শিগগিরই

আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনায় ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি চলছে এবং এসব প্রস্তুতির সময়ভিত্তিক কর্মতালিকা নিয়েই রোডম্যাপ প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিব। তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি, আগামী সপ্তাহে আমাদের নির্বাচনী রোডম্যাপ দিতে পারবো। এতে আমাদের প্রস্তুতি সম্পর্কে সবাই ধারণা পাবেন।”

সচিব আরও জানান, রোডম্যাপে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনঃনির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, নির্বাচন উপকরণ সংগ্রহ, সংলাপ আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম, মুদ্রণ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা এবং নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে পরিকল্পনার বিস্তারিত বিবরণ থাকবে।

ইসি সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল ঘোষণা করতে চায় কমিশন। এই লক্ষ্যে আগেভাগেই সব প্রস্তুতি নিতে চায় তারা। রোডম্যাপ প্রকাশের মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত কার্যক্রমে গতি আসবে বলে মনে করছে কমিশন।

উল্লেখ্য, নবম সংসদ নির্বাচনের আগে থেকেই রোডম্যাপ প্রকাশের প্রচলন শুরু হয়, যা এখনও চলমান। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে। বর্তমান কমিশনও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।

প্রসঙ্গত, বর্তমান কমিশন ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর একটি প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করে, যার সময়সীমা ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময় নির্ধারণ হওয়ায় সেই কর্মপরিকল্পনা নতুনভাবে পরিমার্জন করা হচ্ছে। এ বিষয়ে ১৮ আগস্ট কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং অনুমোদনের পর রোডম্যাপটি পুস্তিকা আকারে প্রকাশ করা হতে পারে।




দুদকেরই দুর্নীতি আর নয়; সংস্কারে আসছে নতুন আইন : আসিফ নজরুল

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে গঠিত কমিশনের প্রস্তাবনাগুলোর ভিত্তিতে আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রস্তাবিত নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টায় তিনি দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। পরে বিকেল ৩টার পর দুদক কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, “দুদক সংস্কার কমিশনের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এসেছে। এসব প্রস্তাব বাস্তবায়নে এক থেকে দুই মাসের মধ্যেই প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। আজ দুদক চেয়ারম্যানের সঙ্গে এসব বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে দুদককে আরও স্বাধীন ও শক্তিশালী করার দিকেই মনোযোগ দিচ্ছে বর্তমান সরকার। সংশ্লিষ্ট আইনগুলো সংশোধনের পাশাপাশি কার্যকর বাস্তবায়নের দিকেও জোর দেওয়া হবে।

উল্লেখ্য, চলমান জাতীয় দুর্নীতি দমন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণনির্ভর করার লক্ষ্যে সম্প্রতি গঠিত হয় ‘দুদক সংস্কার কমিশন’।




চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন: আসিফ মাহমুদ

রাজধানীর গুলশানে সাবেক একজন সংসদ সদস্যের বাসায় চাঁদা আদায়ের ঘটনায় উঠে আসা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর দেওয়া এক ভিডিও বক্তব্যে আসিফ মাহমুদের নাম উঠে আসে। ওই ভিডিওতে অপু দাবি করেন, অভিযানের আগে গুলশানের একটি স্থানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কথা হয়েছিল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, “অপুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কেউ এখনো এমন কোনো প্রমাণ দিতে পারেনি যা আমার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে। বরং পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, অপুকে জোর করে একটি রাজনৈতিক নেতার বাসায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তাকে দিয়ে ওই বক্তব্য রেকর্ড করানো হয়।”

তিনি আরও বলেন, “আমার মনে হচ্ছে পুরো ঘটনাটিই রাজনৈতিকভাবে পরিকল্পিত। এর আগেও এমন অনেক ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা হয়েছে, যা আমরা ডিফেন্ড করেছি এবং ভবিষ্যতেও করতে প্রস্তুত।”

সিসিটিভি ফুটেজে হোটেল ওয়েস্টিনের সামনে তাকে মোটরসাইকেলে দেখা গেছে—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “রাতে আমার কাজ শেষ হতে অনেক সময় লাগে। অনেক সময়ই ভোর হয়। তখন খাওয়ার জন্য আমরা তিনশফিটের নীলা মার্কেটে যাই। সেখান থেকে যদি বন্ধ পেয়ে থাকি, কখনও ওয়েস্টিনেও যাওয়া হয়। তবে নির্দিষ্টভাবে সেদিন আমি সেখানে গিয়েছিলাম কি না, তা নিশ্চিতভাবে বলতে পারছি না।”

তিনি ফুটেজ প্রসঙ্গে বলেন, “হেলমেট পরে থাকা কাউকে দেখিয়ে যদি দাবি করা হয় যে সেটা আমি—তবে সেটার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই আমি এ নিয়ে বেশি কিছু বলতে চাই না।”

২০১৯ সালে ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে জানে আলম অপুকে চিনেছিলেন বলে জানান আসিফ মাহমুদ। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অপুর সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই বলেও দাবি করেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী আনিসা অভিযোগ করেন, “৩১ জুলাই রাত সাড়ে ১১টা থেকে ১ আগস্ট সকাল ৭টার মধ্যে অপুকে জোরপূর্বক আটক রেখে স্বীকারোক্তি আদায় করা হয়। তিনি দাবি করেন, অপুকে ইশরাক হোসেনের বাসার সামনে থেকে তুলে নেওয়া হয় এবং তার ভিডিও সেই বাসাতেই ধারণ করা হয়েছে।”

উল্লেখ্য, জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তিনি গুলশানের চাঁদাবাজির ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তিনি আত্মগোপনে থাকাকালীন সময়েই।

এই ঘটনায় এখনো তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত কোনো পক্ষকে দায়ী করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।




ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট, শুনানি রোববার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি আগামী রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ শুনানির দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনটি উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী, যিনি নিজেই রিটটি দায়ের করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়, ভোলাগঞ্জের সাদা পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং ওই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে।

এছাড়া রিটে দাবি করা হয়েছে, পাথর লুট ঠেকাতে সরকার ও স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলনের ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, প্রশাসনের সামনেই দিনের আলোয় এসব পাথর লুট হয়, অথচ তৎপরতা দেখা যায় না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এ ঘটনার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।




‘বাংলাদেশে কেউ অন্যায় করে টিকে থাকতে পারে না’- ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামীতে যদি কোনো স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে তারা আবারও রাজপথে নামবেন। তিনি বলেন, “বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যেখানে কেউ বেশিদিন অন্যায় করে টিকে থাকতে পারে না।”

বুধবার বিকেলে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে অনুষ্ঠিত “জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন–২০২৫” উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, “জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই রাষ্ট্রকে রক্ষা করা আমাদের প্রতিদিনের অঙ্গীকার হওয়া উচিত। তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জুলাইয়ের ঐতিহাসিক আন্দোলনে তরুণ শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট কাঁধেই রচিত হয়েছে অন্যায়ের বিরুদ্ধে বৃহৎ প্রতিরোধ।”

তিনি বলেন, “এত স্বল্প সময়ে এত বড় অন্যায়, এত হতাহত — বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এর আগে দেখা যায়নি।”

দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোকপাত করে উপদেষ্টা বলেন, “মাছ, মাংস, দুধ ও ডিম ছাড়া সুস্বাস্থ্য নিশ্চিত সম্ভব নয়। গ্রামের মায়েরা গরু-ছাগল পালন করে সন্তানের লেখাপড়ার খরচ চালাচ্ছেন, অথচ তারাই সমাজে সবচেয়ে বঞ্চিত। তাদের যথাযথ মূল্য ও মর্যাদা নিশ্চিত করতে হবে।”

ফরিদা আখতার বলেন, “নদী তীরবর্তী, হাওর-বাঁওরের জেলেরা কঠোর পরিশ্রম করে দেশের মাছের চাহিদা মেটাচ্ছেন। তাদের শ্রমের যথাযথ সম্মান দিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জিনাত ফারহানা। আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোকছেদুর রহমান আবির, কলেজের অধ্যক্ষ ড. মোস্তারি আহমেদ, ‘মায়ের ডাক’-এর যুগ্ম সমন্বয়ক মো. মুশফিকুর রহমান জোহান এবং অভিভাবক সদস্য আব্দুল মান্নান।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা ফরিদা আখতার।




বাংলাদেশে বিচার ‘প্রহসন’ দাবি টিউলিপ সিদ্দিকের, অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে বিচার শুরু হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রভাব খাটিয়ে নিজের মা, ভাই ও বোনকে প্লট পাইয়ে দিয়েছেন তিনি। যদিও টিউলিপের নিজের নামে কোনো প্লট বরাদ্দ নেই, তবে প্রভাব ব্যবহারের মাধ্যমে এ সুবিধা আদায়ের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বিচার শুরু হওয়ার পর, এক প্রতিক্রিয়ায় মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি পোস্টে টিউলিপ সিদ্দিক এ বিচারকে ‘প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, এই মামলা ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিচালিত হচ্ছে।

টিউলিপ বলেন, “ঢাকায় এখন যে তথাকথিত বিচার চলছে তা একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। এটি বানানো অভিযোগের উপর ভিত্তি করে তৈরি এবং রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা পরিচালিত।”

তিনি অভিযোগ করেন, গত এক বছরে বারবার অভিযোগের ধরণ পরিবর্তন হলেও, বাংলাদেশের কর্তৃপক্ষ কখনও তার বা তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেনি। “আমি কখনও কোনো আদালতের সমন পাইনি, সরকারের পক্ষ থেকেও কোনো সাড়া পাইনি,”— বলেন টিউলিপ।

তিনি আরও বলেন, “যদি এটি একটি প্রকৃত আইনি প্রক্রিয়া হতো, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রমাণ উপস্থাপন করত। বরং তদন্তকারীরা সংবাদমাধ্যমে মিথ্যা ও হয়রানিমূলক তথ্য ছড়াচ্ছে, যেগুলো কখনও আনুষ্ঠানিকভাবে আমার কাছে উপস্থাপন করা হয়নি।”

৪২ বছর বয়সী এই ব্রিটিশ এমপি আরও দাবি করেন, তিনি নিজের নির্দোষিতা প্রমাণে প্রস্তুত এবং যে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণের জবাব দিতে রাজি আছেন।

এছাড়া, তিনি উল্লেখ করেন, লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেটি প্রত্যাখ্যান করা হয়।

উল্লেখ্য, দুদকের অনুসন্ধানে জানা গেছে, পূর্বাচল প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের ছয় স্বজন—যাদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী রয়েছেন—তাদের নামে ছয়টি প্লট বরাদ্দ করা হয়েছে।

টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ লেবার পার্টির একজন সক্রিয় রাজনীতিবিদ ও এমপি।




সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মঙ্গলবার (১৩ আগস্ট) সাবেক ৩ গভর্নর এবং ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে। এই তলব দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে করা হয়েছে।

বিএফআইইউ ব্যাংকগুলোর মাধ্যমে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিস্তারিত, কেওয়াইসি (Know Your Customer) ফরমসহ সব তথ্য আগামী তিন কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, সেগুলোর তথ্যও জমা দিতে হবে।

তলবকৃত তালিকায় থাকা সাবেক গভর্নররা হলেন:

  • ড. আতিউর রহমান
  • ফজলে কবির
  • আব্দুর রউফ তালুকদার

তাদের মধ্যে আতিউর রহমান সরকার পতনের পর বিদেশে চলে গেছেন। আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন।

৬ ডেপুটি গভর্নরের মধ্যে রয়েছেন:

  • এস কে সুর চৌধুরী (সরকার পতনের পর দুদকের মামলায় জেলে ছিলেন)
  • মো. মাসুদ বিশ্বাস (বিএফআইইউ প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন)
  • আবু হেনা মো. রাজী হাসান (মাসুদ বিশ্বাসের আগে দীর্ঘদিন বিএফআইইউ প্রধান ছিলেন)
  • এসএম মনিরুজ্জামান (সাবেক ডেপুটি গভর্নর)
  • কাজী ছাইদুর রহমান
  • আবু ফরাহ মো. নাছের

বিএফআইইউর এই পদক্ষেপকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট প্রাক্তন কর্মকর্তাদের আর্থিক লেনদেন ও হিসাবের স্বচ্ছতা নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম