ইরানে তেল বিক্রিতে সহায়তাকারী ব্যক্তি ও কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের অবৈধ তেল বিক্রিতে সহায়তার অভিযোগে বেশ কয়েকটি ব্যক্তি ও কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীনভিত্তিক দুটি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটর। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চিহ্নিত কয়েকটি ট্যাঙ্কারে লাখ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে।

মার্কিন ট্রেজারি বিভাগ গ্রিক নাগরিক আন্তোনিওস মার্গারাইটিস, তার নেটওয়ার্ক এবং কোম্পানিগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য জাহাজ শিল্পে নিজেদের অবস্থানকে কাজে লাগিয়েছে। এছাড়াও, ইরানের তেল রপ্তানিতে সহায়তার অভিযোগে আরও বেশ কয়েকটি জাহাজ ও অপারেটরকেও নিষিদ্ধ করা হয়েছে।

এক বিবৃতিতে ওয়াশিংটন জানিয়েছে, “এই পদক্ষেপগুলো তেহরানের উন্নত অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন এবং আমাদের সৈন্য ও মিত্রদের নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলা করবে।”

মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার প্রধান আমদানিকারকদের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে বলে পরিসংখ্যানে দেখা গেছে।




প্রতিরক্ষা বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণে কমিটি গঠন

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের (বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত) জন্য এই কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন। লে. জেনারেল এস এম কামরুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে ৯ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, কমিটি তাদের সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে নিজস্ব নীতি ও পদ্ধতি অনুসরণ করবে। প্রয়োজনে দেশের যেকোনো সংস্থা বা ব্যক্তির সহায়তা নিতে পারবে। কমিটি চাইলে তিন বাহিনীর জন্য আলাদা সাব-কমিটি গঠন করে তাদের সুপারিশও বিবেচনা করতে পারবে।

এই কমিটি জাতীয় বেতন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তাদের সুপারিশ সম্বলিত ২৫ কপি পুস্তক আকারে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগে জমা দিতে হবে।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং, এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিলিয়া শারমিন এবং ক্যাপ্টেন মো. তৌহিদ সাগর।

 




উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২১ আগস্ট বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে আজিজুর রহমান বাচ্চু সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন। এর আগে তিনি এই ইউনিয়ন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একই নির্বাচনে ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা সভাপতি নির্বাচিত হয়েছেন এবং মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম সম্রাট সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে মোট ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ ছাড়া জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।




“বিএনপির বিজয় ঠেকাতে রাজনৈতিক অন্তর্ঘাত চলছে: তারেক রহমান”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, দেশে এখনো বিএনপির সম্ভাব্য বিজয় রুখতে নানা মহলের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, এক দশকের বেশি সময় ধরে জনগণ স্বৈরশাসনের দুঃসহ অভিজ্ঞতা পার করেছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে দেশ সেই দুঃশাসন থেকে মুক্ত হলেও গণতন্ত্রের যাত্রা এখনো পুরোপুরি নিরাপদ নয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে কিছু রাজনৈতিক গোষ্ঠী ও ব্যক্তির আচরণে মনে হচ্ছে তারা বিএনপির বিজয় ঠেকানোর অপচেষ্টা করছে। এ ধরনের প্রবণতা জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”

তিনি আরও দাবি করেন, অতীতে ক্ষমতাসীনদের অপকৌশলেই নির্বাচন প্রক্রিয়া ধ্বংস হয়েছিল। এবার আবার কিছু রাজনৈতিক গোষ্ঠীর অবস্থান সেই একই ধরনের শঙ্কা তৈরি করছে। তারেকের মতে, জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়, তবে সেই ইচ্ছাকে রুদ্ধ করার কোনো প্রচেষ্টা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে।

জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “এই পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো তা বাস্তবসম্মত নয়।” তিনি জানান, পিআরসহ কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে, তবে এটিকে তিনি গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে দেখেন।

ধর্মীয় সম্প্রদায়কে কেন্দ্র করে রাজনীতি করার সমালোচনা করে তারেক রহমান বলেন, অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই এর নেপথ্যে ছিল রাজনৈতিক উদ্দেশ্য, ধর্মীয় কারণ নয়। তাই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার জন্য তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।




ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে নির্ধারিত সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনা ও ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ব্যস্ততার কারণেই এই সফর স্থগিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, মেলোনি ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এ সফর ঘিরে ঢাকা প্রায় সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছিল। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। এমনকি সফরে মেলোনি তার মেয়েকেও সঙ্গে আনার পরিকল্পনা করেছিলেন।

এক কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ সফর দিয়েই তার এশিয়া সফরের সূচনা হওয়ার কথা ছিল। এরপর তিনি সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান ভ্রমণ করতেন। কিন্তু ইউক্রেন পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটো জোটের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে ইতালির প্রধানমন্ত্রীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে। এ কারণেই আপাতত এশিয়া সফর বাতিল করেছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে জর্জিয়া মেলোনিকে আগামী ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়।


আল-আমিন



রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশে বড় সংশোধনী অনুমোদন

বাংলাদেশ সরকারের রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত পরিষদের ৩৯তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

সংশোধিত অধ্যাদেশে পূর্বে জারি করা অধ্যাদেশের ১১টি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিবসহ বিভিন্ন পদে সুনির্দিষ্ট ক্যাডারের কর্মকর্তার পরিবর্তে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মকর্তাদের নিয়োগের সুযোগ তৈরি হয়েছে

নতুন বিধান অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগের সচিব পদে সামষ্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি কিংবা রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ যে কোনো সরকারি কর্মকর্তাকে নিয়োগ করা যাবে। অপরদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে রাজস্ব আহরণ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এমন যোগ্য সরকারি কর্মকর্তাকে নিয়োগ করার বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগের আয়কর নীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক চুক্তি ও মতামত, শুল্ক নীতি, মূল্য সংযোজন কর নীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও কাস্টমস বিষয়ক চুক্তি অনুবিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আয়কর, ভ্যাট, কাস্টমস আইন বাস্তবায়ন ও মাঠ পর্যায়ের মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের বিভিন্ন পদ রাজস্ব আহরণ কাজে অভিজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে পূরণ করা হবে।

এছাড়া, উভয় বিভাগের অন্যান্য অনুবিভাগেও সুনির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে। ফলে ভবিষ্যতে রাজস্ব নীতি প্রণয়ন থেকে শুরু করে রাজস্ব আহরণ ও বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত হবে

সরকার মনে করছে, এই সংশোধনী কার্যকর হলে রাজস্ব প্রশাসন আরও গতিশীল হবে এবং দেশের অর্থনৈতিক নীতি বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধি পাবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালে বিএনপি উপদেষ্টার বক্তব্য: বিলাসিতা নয়, দরকার দায়বদ্ধ সরকার

দেশের রাজনৈতিক অঙ্গনে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেছেন, দেশে এখনো অনেক মানুষের দুবেলা খাবার জোটে না, অথচ বিলাসিতার দৃশ্য সাধারণ মানুষের কষ্টকে আরও বাড়িয়ে তোলে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে এবং আমরা চাই নির্বাচন সঠিক সময়েই হোক। কারণ, দেশে একটি দায়বদ্ধ সরকার না থাকার কারণে বিনিয়োগ থমকে গেছে, অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট ছাড়া দেশের ব্যাংক খাত পুনর্বাসন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয় বলেই অর্থনীতির এই দুরবস্থা। অর্থনৈতিক পুনর্গঠন ও ব্যাংক খাতকে পুনরুজ্জীবিত করতে হলে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার দরকার।”

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “যাঁরা পিআর পদ্ধতির দাবি তুলছেন, তাঁরাই আবার ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। পিআর পদ্ধতি হলে আলাদাভাবে প্রার্থী ঘোষণার প্রয়োজন নেই—এটি সাংঘর্ষিক।”

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন তিনি। সৈয়দ মোয়াজ্জেম হোসেন জানান, “তারেক রহমানের একটি সংবেদনশীল মামলা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। যদি তিনি খালাস পান, তবে সব মামলার দায় থেকে মুক্ত হবেন এবং এরপরই তাঁর দেশে ফেরার সম্ভাবনা তৈরি হবে।”

তিনি আরও বলেন, “জনগণকে কষ্ট দিয়ে যারা রাজনীতি করেন, তারা আসলে জনগণের পাশে নেই। আমরা চাই রাজনীতি হোক জনগণের অধিকার ও উন্নয়নের প্রশ্নে।”

মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক আলোচনায় আনতে কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা সংকটকে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে কক্সবাজারে আয়োজন করা হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। আগামী ২৪ আগস্ট শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত চলবে এ সম্মেলন, যেখানে যোগ দেবেন বিশ্বের অন্তত ৪০টি দেশের প্রতিনিধি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৫ আগস্ট কক্সবাজারে গিয়ে সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

প্রেস সচিব বলেন, সরকার রোহিঙ্গা ইস্যুকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ কারণেই বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে তিনটি বড় সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, কক্সবাজারের সম্মেলনের পর আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দফতরে আরেকটি বৃহৎ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে ১৭০টি দেশ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। এরপর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে তৃতীয় সম্মেলন।

শফিকুল আলম আরও বলেন, রোহিঙ্গাদের মানবিক সংকট ও নানান সমস্যার বিষয় আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করাই কক্সবাজার সম্মেলনের মূল উদ্দেশ্য।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে কমিশন দিনব্যাপী এ বৈঠক শুরু করে।

ইসি সানাউল্লাহ বলেন, “নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছি। যেহেতু অনেক বিষয় রয়েছে, তাই আজই সবকিছু চূড়ান্ত করা সম্ভব না-ও হতে পারে। সেক্ষেত্রে রোববার বা সোমবারের মধ্যে এটি চূড়ান্ত হবে।”

তিনি আরও জানান, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। পরবর্তী ধাপের চূড়ান্ত পরিকল্পনা সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করা হবে।

এদিন দুপুরে শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আবাসন সংকট সমাধান, গণরুম-গেস্টরুম কালচার নিষিদ্ধে কাজ করবে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নির্বাচিত হলে শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান এবং বহুল আলোচিত গণরুম-গেস্টরুম কালচার বন্ধের অঙ্গীকার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব ঘোষণা দেন।

আবিদুল বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। নির্বাচিত হলে তাদের আবাসন সংকট নিরসন করে মানসিক প্রশান্তি ফিরিয়ে আনার চেষ্টা করবো। যাতে তারা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা চালিয়ে যেতে পারে।”

তিনি আরও জানান, ছাত্রদলের প্যানেল বিজয়ী হলে গণরুম-গেস্টরুম কালচারসহ ক্যাম্পাসের সব অপসংস্কৃতির অবসান ঘটানো হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক অরাজকতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ভিপি প্রার্থী বলেন, “ছাত্রদল এই প্রথম অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে প্রার্থী মনোনীত করেছে। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচনের ইতিহাস আমরা রচনা করেছি। আশা করি শিক্ষার্থীরা এই প্রক্রিয়াকে স্বাগত জানাবে।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে বাইরের হোস্টেল ও মেসের ওপর নির্ভরশীলতা কমবে, শিক্ষার্থীদের টিউশন করার চাপও হ্রাস পাবে। ফলে তারা পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারবে এবং চাকরির প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

আবিদুল বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে স্নাতকোত্তর শেষ করা পর্যন্ত পড়াশোনা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পূর্ণ মনোযোগ দিতে পারুক। তাদেরকে একজন যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্যান্য নেতারা।