কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তৌহিদ আফ্রিদিকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৪ আগস্ট রাতে সিআইডির একটি দল তাকে বরিশাল থেকে গ্রেফতার করে। মামলার আরেক আসামি ও তৌহিদের বাবা বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত তারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। সেদিন দুপুর আড়াইটার দিকে অভিযুক্তদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জয়নাল আবেদীন ওই বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঘুষকাণ্ডে জড়িত অভিযোগে পটুয়াখালীর পিপি রুহুল আমীনের নিয়োগ বাতিল

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমীনের নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৩ নভেম্বর ২০২৪ তারিখের নিয়োগ আদেশ বাতিল করে রুহুল আমীনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিচারকের লিখিত অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

জানা গেছে, গত ২০ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন আইন মন্ত্রণালয় সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিল সচিব এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার আদালতে বিচারাধীন নারী ও শিশু মামলা নং–২৬১/২৫ (ধারা ৯(৩) নারী ও শিশু)–এর শুনানির আগেই পিপি রুহুল আমীন একাধিকবার হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেন। বিচারক কোনো সাড়া না দিলে ২০ আগস্ট সকালে রুহুল আমীনের পাঠানো একজন ব্যক্তি বিচারকের বাসায় একটি লাল ব্যাগ দিয়ে যান। ব্যাগের ভেতরে দুটি খাম পাওয়া যায়—একটিতে মামলার কাগজপত্র এবং অন্যটিতে ৫০০ টাকার নোটের বান্ডিল, মোট প্রায় ৫০ হাজার টাকা।

এই ঘটনায় বিচারক ক্ষুব্ধ হয়ে বিষয়টি জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ সংশ্লিষ্টদের জানান।

জেলা আইনজীবী সমিতির পদও স্থগিত

এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির এক জরুরি সভায় রুহুল আমীনের সদস্যপদ স্থগিত করা হয়। সভায় ১৮৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের কঠোর বার্তা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে—ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ঘুষ বা দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপস করা হবে না।


মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



চারণভূমি সংকটে মহিষ পালন হুমকিতে: উপদেষ্টা ফরিদা আক্তার

দেশে চারণভূমি ক্রমশ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, উপকূলীয় এলাকায় মহিষের চারণভূমি সংকুচিত হয়ে পড়েছে। গবেষণায় দেখা গেছে, এ সংকটের মূল কারণ পরিকল্পনাহীনভাবে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ, এমনকি বিশ্ববিদ্যালয় স্থাপনও। গরু, ছাগল ও মহিষ পালন মানুষের খাদ্য ও জীবন রক্ষায় অপরিহার্য হলেও চারণভূমির অভাবে এ খাত বড় ধরনের হুমকির মুখে পড়ছে।

বুধবার (তারিখ) বরিশাল ক্লাব মিলনায়তনে “উপকূলীয় এলাকার মহিষের চারণভূমি ও উন্নয়নের সমস্যা এবং সমাধান” শীর্ষক জাতীয় কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও জানান, সঠিক নীতি ও পরিকল্পনা গ্রহণ করা হলে দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় মহিষ পালন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান, জিজেইউএস নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সভাপতিত্ব করেন প্রফেসর ড. ওমর ফারুক।

কর্মশালায় বক্তারা বলেন, নদী ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে ইলিশ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এজন্য মৎস্যজীবী, প্রশাসন ও গবেষণা প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, উপকূলীয় এলাকায় মহিষ পালনের সম্ভাবনা অনেক। তবে জলবায়ু পরিবর্তন, চারণভূমির সংকট এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা খাতটির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। গবেষণা, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মহিষ পালনকে লাভজনক ও টেকসই খাতে রূপান্তর করা সম্ভব।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরিদা আক্তার জানান, কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ইলিশ উৎপাদন কমছে। এর পেছনে প্রাকৃতিক পরিবর্তন এবং পরিকল্পনাহীন উন্নয়ন দায়ী। তবে জাটকা সংরক্ষণে সরকারের তৎপরতার কারণে ইলিশ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের দাম কমার সম্ভাবনাও রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ইলিশের সংকটের কারণ জানালেন মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, অবৈধ জাল ব্যবহার, জাটকা নিধন সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া, নদীর নাব্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে দেশে ইলিশের উৎপাদন কমছে।

সোমবার (২৫ আগস্ট) বরিশাল ক্লাব মিলনায়তনে “উপকূলীয় এলাকায় মহিষের চারণভূমি সংকুচিত হওয়া ও এর উন্নয়নের সম্ভাবনা এবং সমাধান” শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ফরিদা আখতার বলেন, “কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ জাল ব্যবহারের কারণে ইলিশের প্রাপ্যতা কমছে। আমরা ইতোমধ্যে শক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার কার্যক্রম বন্ধ করার চেষ্টা চলছে। আশা করছি ভবিষ্যতে উৎপাদন বাড়বে এবং বাজারে ইলিশের দামও কমবে।”

তিনি আরও বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে নদী থেকে বাজারে পৌঁছানো পর্যন্ত যে অতিরিক্ত হাত বদল হয়, তা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় মহিষের চারণভূমি সংকোচন প্রসঙ্গে মৎস্য উপদেষ্টা বলেন, “পরিকল্পনাবিহীনভাবে অনেক স্থাপনা গড়ে ওঠায় চারণভূমি নষ্ট হচ্ছে, যা মোটেও কাম্য নয়। এ কারণে মহিষের মতো গুরুত্বপূর্ণ সম্পদ হুমকির মুখে পড়ছে। সঠিক নীতিনির্ধারণী পদক্ষেপ নিতে পারলে চারণভূমি রক্ষা করা সম্ভব। এতে দেশে মহিষের মাংস উৎপাদন বাড়বে এবং সামগ্রিকভাবে মাংসের সরবরাহ বৃদ্ধি পাবে।”

আয়োজিত কর্মশালায় গবেষক, পশুচিকিৎসক, জেলা ও উপজেলা থেকে আগত খামারি এবং স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা, পরিচয় গোপন রাখার আশ্বাস

দেশের ভেতরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ পুরস্কার ঘোষণা করেছে সরকার। প্রতিটি অস্ত্রের ধরন অনুযায়ী আলাদা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

কোন অস্ত্রে কত পুরস্কার

  • প্রতিটি গুলির জন্য: ৫০০ টাকা
  • এলএমজি (লাইট মেশিন গান): ৫ লাখ টাকা
  • চায়না রাইফেল: ১ লাখ টাকা
  • এসএমজি (সাবমেশিন গান): ১ লাখ ৫০ হাজার টাকা
  • পিস্তল ও শর্টগান: ৫০ হাজার টাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অস্ত্র উদ্ধারে যাদের সহায়তা থাকবে, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ।”

দুর্নীতি বন্ধে কঠোর অবস্থান

একইসঙ্গে চলমান নিয়োগ কার্যক্রমে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “সচিবালয় কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতজন বা আত্মীয়স্বজন যদি নিয়োগ বাণিজ্য, দুর্নীতি বা ঘুষের সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের এ বিষয়ে তথ্য তুলে ধরার আহ্বান জানাই।”


মো. আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন। সোমবার (২৫ আগস্ট) সকালে তিনি কক্সবাজার পৌঁছে স্থানীয় ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে যোগ দেন।

সরকারের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বেলা ১১টা থেকে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এই সংলাপে গৃহীত প্রস্তাব ও সুপারিশগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থাপন করা হবে।

আজ রোহিঙ্গা সঙ্কটের আট বছর পূর্ণ হলো। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্মম নির্যাতনের মুখে প্রায় ৮ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকে ধাপে ধাপে আরও দেড় লাখ রোহিঙ্গা যুক্ত হওয়ায় বর্তমানে উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরে প্রায় ১৪ লাখ মানুষের বসবাস।

২০১৭ সালের শেষ দিকে আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয় মিয়ানমারের অং সান সু চি সরকার এবং বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তিও সই হয়। তবে বারবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও রোহিঙ্গাদের অনাস্থা ও মিয়ানমারের ব্যর্থ প্রতিশ্রুতির কারণে সেই প্রচেষ্টা ভেস্তে যায়।

এবারের সংলাপে মানবিক সংকট নিরসন, নিরাপদ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সুপারিশ উঠে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।




বরিশালে গ্রেফতার তৌহিদ আফ্রিদি, আলোচনায় আবু সাঈদ নিয়ে পুরনো স্ট্যাটাস

বরিশালে পুলিশের বিশেষ অভিযান শেষে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আটক করে। জানা গেছে, জুলাই হত্যা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে আফ্রিদির ২০২৪ সালের ১৭ জুলাই দেওয়া একটি ফেসবুক পোস্ট। ওই পোস্টে তিনি কোটার সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে বক্তব্য রাখেন। পোস্টে তৌহিদ আফ্রিদি পুলিশের গুলিতে শহীদ হওয়ার আগে আবু সাঈদের দু’হাত সম্প্রসারিত করা ভাইরাল ছবিটি শেয়ার করে লিখেছেন, “আমি দেখিনি ভাষা আন্দোলনের সালাম রফিক, কিন্তু আমি দেখেছি আবু সাঈদ ভাইকে।”

উল্লেখ্য, জুলাই হত্যা মামলায় তাকে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কয়েকদিন আগে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) সরকারকে আফ্রিদি গ্রেফতারের জন্য আলটিমেটাম দিয়েছিল। সংগঠনটির ফেসবুক পেজে দাবি করা হয়, আফ্রিদি শুধুমাত্র বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকেও গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে আফ্রিদি কারাগারে রয়েছেন।

গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তার ছেলে তৌহিদ আফ্রিদি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটির প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে, এছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




‘আ.লীগ বিষয়ক সম্পাদক’ রুমিন ফারহানাকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা দলীয় লোকজন নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে গণ্ডগোল ও হামলার ঘটনা ঘটিয়েছেন। তিনি ব্যঙ্গ করে বলেন, “রুমিন ফারহানা বিএনপির ‘আ.লীগ বিষয়ক সম্পাদক’, কারণ আওয়ামী লীগ আমলে তিনি নানা সুবিধা ভোগ করেছেন।”

রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহ ও দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, কমিশনে প্রবেশে এনসিপির নেতাকর্মীদের বাধা দেওয়া হলেও বিএনপির লোকজনকে অবাধে ঢুকতে দেওয়া হয়। তিনি আরও বলেন, “পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আর কমিশন নিজেকে কয়েকটি দলের ‘পার্টি অফিসে’ পরিণত করেছে।”

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ অভিযোগ করেন, বিএনপি নেত্রী রুমিন ফারহানা সরাসরি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তাঁর অনুসারীরা পরিকল্পিতভাবে পায়ে পিষ্ট করে মারধর করে। তিনি বলেন, “আমাদের বক্তব্য উপস্থাপন ঠেকাতেই এই হামলা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে আমি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছি।”




আঞ্চলিক স্থিতিশীলতায় সার্কের গুরুত্ব তুলে ধরলেন প্রধান উপদেষ্টা

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইসহাক দার ঢাকায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই নেতা সার্ক পুনরুজ্জীবন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, যুবসমাজের মধ্যে পারস্পরিক বিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে একমত হন।

রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে পাকিস্তানি নেতা বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও সম্প্রদায় উন্নয়নে ইউনূসের অবদানকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ভাগ্যবান এমন এক নেতা পেয়েছে যিনি শুধু দেশ নয়, গোটা বিশ্বকে অনুপ্রাণিত করছেন।

অধ্যাপক ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, সার্ক উভয় দেশের জন্যই সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জানান, ঢাকা-করাচি রুটে অক্টোবরে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। এছাড়া জাহাজ ও বিমান চলাচলসহ সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

১৩ বছর পর বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বৈঠককে উভয় পক্ষই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে।




বরিশালে বিশেষ অভিযানে ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার: হত্যা মামলা ও টাকা পাচারের অভিযোগ

দেশের জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার গভীর রাতে বরিশাল নগরীর একটি বিলাসবহুল হোটেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিআইডি জানিয়েছে, একটি আন্তর্জাতিক অনলাইন বেটিং বা জুয়ার অ্যাপের মাধ্যমে বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় দেশজুড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলেও জানা গেছে। মামলাটি দায়ের করেছিলেন মো. জয়নাল আবেদীন। এতে তৌহিদ আফ্রিদি ও তার বাবা, মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলায় আফ্রিদির নাম ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ১৮ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিআইডি বলছে, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বেটিং অ্যাপের মাধ্যমে অর্থপাচার ও হত্যা মামলার তদন্ত একসাথে চালানো হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫