কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে, যা সেনাবাহিনীর নজরে এসেছে।

এ প্রসঙ্গে স্পষ্ট করে জানানো হয়েছে যে, সরকারের পক্ষ থেকে এ নির্বাচনগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই।

বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসমূহ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে এ নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে শুভকামনা জানানো হয়েছে।




রোডম্যাপ প্রকাশ: রোজার আগে জাতীয় নির্বাচন, ডিসেম্বরেই তফসিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানায়, সেপ্টেম্বর মাসেই রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে। আর ভোটের তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের কমপক্ষে দুই মাস আগে— অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “আমরা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করেছি। প্রতিটি ধাপ একে অপরের সঙ্গে সম্পর্কিত। এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সংলাপ। রাজনৈতিক দল, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নারী নেতৃত্বসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।”

রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে।




থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নিয়ে বিতর্ক

ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) সমাবেশে এক ভক্তকে তার দেহরক্ষীদের মাধ্যমে নির্যাতনের চেষ্টা করেছেন। কুন্নাম থানায় দায়ের করা মামলায় থালাপতি বিজয় এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় মামলা করা হয়েছে।

২০২৪ সালে টিভিক গঠন করেন থালাপতি বিজয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সমাবেশে তিনি বিজেপিকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দিয়েছেন এবং তামিলনাডুর ক্ষমতাসীন দল ডিএমকেকে সরাসরি টার্গেট করেছেন।

থালাপতি বিজয়ের সমাবেশে হাজার হাজার সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তিনি জানিয়েছেন, টিভিক হবে স্বচ্ছ ও আপসহীন এক শক্তি, জনগণকে প্রতারণা বা সমঝোতার মাধ্যমে প্রতিহত করা হবে না। সমাবেশে কাচাথিভু দ্বীপের নিয়ন্ত্রণ ফেরানো ও তামিল জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও করেছেন তিনি।

মঙ্গলবার কুন্নাম থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। থালাপতি বিজয়ের রাজনীতিতে অভিষেক হলেও তার চলচ্চিত্রজীবনের জনপ্রিয়তা তাকে শক্তিশালী রাজনৈতিক ভূমিকা রাখতে সাহায্য করছে।




রাতে জরুরি বৈঠক, তিন দিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর ভোটের দিন ঘোষণা কমিশনের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত নতুন তফসিলে ভোটগ্রহণের তারিখ ছিল ২৮ সেপ্টেম্বর। তবে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আপত্তির মুখে তা তিন দিন এগিয়ে এনে ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

এর আগে দুপুরে ঘোষিত তফসিলে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, দাখিল ১ থেকে ৪ ও ৭ সেপ্টেম্বর, বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ১৪ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঘন ঘন তারিখ পরিবর্তনের ফলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাতে জরুরি বৈঠকে বসে কমিশন। বৈঠক শেষে ভোটের দিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই ভোটের দিন তিন দিন এগিয়ে আনা হয়েছে। কিছু তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে, যা পরে জানানো হবে।”




সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শেষ ; আপত্তিহীন আসনে কোনো পরিবর্তন নয়: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, গত ৩০ জুলাই প্রকাশিত খসড়া সীমানা নির্ধারণের ওপর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি ও সুপারিশ জানানোর সময় ছিল। এ সময়ের মধ্যে দেশের ৩৩টি জেলার ৮৪টি আসন নিয়ে মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ ছিল।

ইসি সচিব জানান, গত ২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত টানা চার দিনে ৬৪টি আসনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে সংশ্লিষ্টরা তাদের মতামত উপস্থাপন করেছেন। কমিশন এখন এসব তথ্য যাচাই-বাছাই করছে। “খুব শিগগিরই সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে,” বলেন তিনি।

শুনানির সময় ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গে সচিব বলেন, “এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।”

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ইসির রোডম্যাপ ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং ২৮ আগস্ট বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, “যেসব আসনে আপত্তি জমা পড়েছে, মূলত সেখানেই পরিবর্তন আসতে পারে। যেখানে কোনো আপত্তি নেই, সেসব আসনে পরিবর্তনের পরিকল্পনা নেই।”

অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব স্পষ্ট করেন, কোনো ব্যক্তির পাসপোর্ট জব্দ করার নির্দেশ নির্বাচন কমিশন দেয়নি। এটি তাদের এখতিয়ারের বাইরে।




শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ অগ্রহণযোগ্য: শিক্ষার্থীদের পাশে বুয়েট ভিসি

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। তিনি ঘটনাটিকে সভ্য সমাজে কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।”

এর আগে দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে লাঠিচার্জ চালায়। এতে সাংবাদিকসহ বহু শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভিসি বলেন, “আমাদের শিক্ষার্থীদের অনেকে আহত হয়েছেন। বুয়েটের পক্ষ থেকে চিকিৎসা ও সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবিদাওয়ার যৌক্তিকতা তুলে ধরতে তিনি ও প্রো-ভাইস চ্যান্সেলর শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। এর ভিত্তিতে একটি কমিটি গঠন করা হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দেন— “কমিটি মানি না, ভুয়া ভুয়া।” তারা দাবি করেন, গঠিত কমিটিকে সরাসরি তাদের সঙ্গে কথা বলতে আসতে হবে।

অন্যদিকে বিকেলে শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে তিন দফা থেকে সরে এসে পাঁচ দফা দাবি উত্থাপন করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।




প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে দুঃখপ্রকাশ ডিএমপি কমিশনারের

তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে উপস্থিত হয়ে তিনি এ দুঃখপ্রকাশ করেন।

ডিএমপি কমিশনার বলেন, “আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমি ঢামপির কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত। আমি দুঃখপ্রকাশ করছি। এ ঘটনার তদন্তে আগামীকাল একটি কমিটি গঠন করা হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমাদের সবাইকে অনেক স্নেহ-ভালোবাসা। তোমরা ভালো থাকো—এই কামনাই করি।”

এ সময় তিনি রংপুরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, সেখানেও মামলা হয়েছে এবং দ্রুত আসামি গ্রেপ্তার করা হবে বলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাকে আশ্বস্ত করেছেন।




নিরাপত্তা নিশ্চয়তা ও হামলাকারীদের শাস্তি না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গঠিত অন্তর্বর্তী সরকারের ‘নিরীক্ষা কমিটি’ প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের দাবি—যেকোনো কমিটিতে অবশ্যই তাদের প্রতিনিধিত্ব থাকতে হবে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ এ ঘোষণা দেন। তিনি জানান, সরকারের একতরফা সিদ্ধান্তে গঠিত কমিটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, “আমাদের দাবি মানা ছাড়া এই আন্দোলন থামবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং হামলার ঘটনায় জবাবদিহি করতে হবে।”

এ সময় তিনি পাঁচ দফা নতুন দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো—
১. শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন।
২. পূর্বে ঘোষিত তিন দফা দাবি দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী আদেশে বাস্তবায়ন।
৩. উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দ রিজওয়ানা হাসানের পক্ষ থেকে তাৎক্ষণিক নিশ্চয়তা প্রদান।
৪. পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারকে বহন করা।
৫. ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা।

শিক্ষার্থীরা আরও বলেন, এই আন্দোলন কোনোভাবেই দমন করা যাবে না। পুলিশি হামলার ঘটনা প্রমাণ করে সরকার সঠিক পথে নেই। তাই তাদের দাবি দ্রুত পূরণ না হলে কর্মসূচি আরও কঠোর হবে।




নজরুলের চেতনা জাতীয় আন্দোলনের মূল শক্তি : বিএনপি নেতা রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “কাজী নজরুল ইসলামের চেতনা আমাদের গণতান্ত্রিক সমাজ গঠনের মূলমন্ত্র। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন ও সংগ্রামে তিনি ছিলেন অনুপ্রেরণা। এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ১৫ বছর ধরে বঞ্চিত জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।”

তিনি আরও বলেন, “উন্নত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে—এমন আহ্বানই কবির চেতনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নজরুলের সেই চেতনাকে ধারণ করেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।”

জাতীয় কবির অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, “নজরুল ইসলাম মানবতার কবি, প্রেমের কবি ও দ্রোহের কবি। স্বাধীনতার সংগ্রাম, ব্রিটিশবিরোধী আন্দোলন, নব্বইয়ের গণআন্দোলন কিংবা সাম্প্রতিক গণঅভ্যুত্থান—প্রতিটি আন্দোলনেই নজরুলের গান ও কবিতা মানুষকে অনুপ্রাণিত করেছে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আউয়াল, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।




“সরকারের ভেতরের মহল গণতান্ত্রিক শক্তির পথে বাধা তৈরি করছে : মির্জা ফখরুল”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের ভেতরে একটি মহল গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে। তিনি বলেন, যদি তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতো, তবে এই জটিলতা সহজেই সমাধান করা যেত।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আজকাল সমাজের প্রায় সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে পড়েছে। আগে যেখানে কোনো কাজে ১ লাখ টাকা দিলেই হতো, এখন সেখানে ৫ লাখ টাকা লাগে। রাজনীতিবিদরাও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় দেশের ক্ষতি আরও বাড়ছে। বাংলাদেশকে রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “৭১ সালের স্মৃতি মুছে ফেলার চেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব নয়। আমরা চোখের সামনে হত্যাযজ্ঞ ও নির্যাতনের ভয়াবহতা দেখেছি। যারা সেদিন সহযোগিতা করেছিল, তারাই এখন বড় বড় কথা বলছে। তাই আমাদের এখন আরও সতর্ক থাকতে হবে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সংস্কারের জটিলতা দ্রুত শেষ করুন, নির্বাচন আয়োজন করুন এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করুন। যারা ফায়দা নিতে চায়, তারা বসে নেই।”