নুরের ওপর হামলা: ইসলামী আন্দোলনের কঠোর প্রতিবাদ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রণী নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সাহসী নেতার ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
শুক্রবার (২৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দেওয়া। অথচ জাতীয় পার্টির অতীত ভূমিকা ছিল গণতন্ত্রবিরোধী এবং ফ্যাসিবাদকে আইনি কাঠামো দেওয়ার। তার মতে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে জাতীয় পার্টি প্রশ্নে কঠোর অবস্থান নেওয়া হলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। “জাতীয় পার্টি ইস্যুতে নুরকে রাস্তায় মারধর করা মানে জুলাই অভ্যুত্থানের অর্জনকে অস্বীকার করা,” তিনি বলেন।
মাওলানা আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বিশ্বাস করে ঘটনাটি মাঠ পর্যায়ে দায়িত্বরত সেনা ও পুলিশের ভুল সিদ্ধান্তের ফল হতে পারে। তবে কে বা কারা এ হামলার পেছনে মদত দিয়েছে, তা খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
তিনি সতর্ক করে বলেন, সরকারের শীর্ষ পর্যায় থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ফ্যাসিবাদবিরোধী শক্তি নিজেই বুঝে নেবে কারা ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করছে।








