জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগে রাজনৈতিক অনিশ্চয়তা

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করেছেন। দলের ভেতরে ভাঙন ও চাপ সামাল দিতে না পেরে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সকাল থেকেই তার পদত্যাগের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছিল।

সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ইশিবার পদত্যাগের মধ্য দিয়ে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপান আবারও নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল।
তার সরকারের সময় জাপানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, চাল নীতি সংস্কার, আঞ্চলিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাব নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল।

গত বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) এই নেতা। কিন্তু তার নেতৃত্বে দলটি নির্বাচনে পরপর হেরে সংসদের উচ্চ ও নিম্নকক্ষ উভয় ক্ষেত্রেই সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাইয়ের উচ্চকক্ষের ঐতিহাসিক পরাজয় ও মূল্যস্ফীতি তার প্রতি আস্থা আরও কমিয়ে দেয়। বিশেষ করে দলের ডানপন্থি রাজনীতিকরা তার পদত্যাগের দাবি জোরালো করেন।

এলডিপি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী দীর্ঘ সময় ধরে জাপানে সরকার পরিচালনা করেছে, গত সপ্তাহে সিদ্ধান্ত নেয়—দলে আমূল পরিবর্তন আনা জরুরি। এ সিদ্ধান্তের পর থেকেই ইশিবার ওপর পদত্যাগের চাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

পদত্যাগের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন করেন ইশিবা। চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেয়। এর বিনিময়ে মার্কিন বাজারে জাপানি অটোমোবাইল শিল্প শুল্ক সুবিধা পাবে। তবে চুক্তি বাস্তবায়নের দায়িত্ব নতুন নেতৃত্বের হাতে যাবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গণতান্ত্রিক বাম ঐক্যের ইউনূস সরকারের পদত্যাগ দাবি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। তাদের অভিযোগ, শপথ নেওয়ার পর থেকেই সরকারের নীতি জনআকাঙ্ক্ষার পরিপন্থীভাবে পরিচালিত হচ্ছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ দাবি জানান।

নেতারা বলেন, সেন্টমার্টিন ও পার্বত্য চট্টগ্রামে মানবিক করিডর এবং মহেশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত বিভিন্ন প্রকল্প বিদেশি ইজারাদারদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ছাড়াও যুগপৎ আন্দোলনে গড়ে ওঠা জাতীয় ঐক্য ভাঙতে আইনশৃঙ্খলা বাহিনী ও গুপ্তঘাতক ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

তারা ৫ সেপ্টেম্বরের ঘটনার প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন—আসলে কে এই সরকার পরিচালনা করছে?

সংবাদ সম্মেলনে সব অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। আগামী ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




খসে পড়ল যুক্তরাষ্ট্রের আসল মুখোশ: ট্রাম্পের প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগে রূপান্তর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ বিভাগ’ করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে ১৯৪৭ সালের আগে ব্যবহৃত ঐতিহাসিক নামটি আবার ফিরল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান প্রতিরক্ষা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন, যা এখন ট্রাম্পের সিদ্ধান্তে পূর্বাবস্থায় ফিরল।

সমালোচকরা বলছেন, ‘প্রতিরক্ষা’র নামে যুক্তরাষ্ট্রই পরিচালনা করেছে কোরিয়া, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের মতো ধ্বংসাত্মক যুদ্ধ। পেন্টাগনের রেকর্ডে গোপন অভিযান, শাসন পরিবর্তন ও আক্রমণাত্মক যুদ্ধের দীর্ঘ তালিকা রয়েছে। ট্রাম্পের নতুন আদেশ মিত্রদের কাছে আমেরিকার সামরিক অবস্থানকে প্রকাশ্যে স্বীকার করার ইঙ্গিত বহন করছে।

নতুন নামের কারণে মার্কিন সেনাবাহিনীর ইউনিফর্ম, স্থাপনা, ওয়েবসাইটসহ বিভিন্ন স্থাপনায় পরিবর্তন আনতে কোটি কোটি ডলার খরচ হতে পারে। সমালোচকরা বলছেন, এই পরিবর্তন চীন বা রাশিয়ার ওপর কোনো প্রভাব ফেলবে না, বরং শত্রুরা যুক্তরাষ্ট্রকে “যুদ্ধবাজ রাষ্ট্র” হিসেবে উপস্থাপনের সুযোগ পাবে।

ডেমোক্র্যাট সিনেটর অ্যান্ডি কিম এই পদক্ষেপকে “শিশুসুলভ” বলেছেন। সিনেটর জিন শাহীন এটিকে অগ্রাধিকার বিভ্রান্ত করার প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। এমনকি রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলও সমালোচনা করে বলেছেন, যুদ্ধ বিভাগ বললে সেনাবাহিনীকে যুদ্ধ প্রতিরোধ ও জয়ের জন্য যথাযথভাবে প্রস্তুত করতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, ‘যুদ্ধ বিভাগ’ নাম পুনঃপ্রবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক নীতির আসল চরিত্র প্রকাশ পেয়েছে। প্রতিরক্ষা নয়, বরং বৈশ্বিক আধিপত্যই তাদের মূল লক্ষ্য। কয়েক দশক ধরে যেসব হস্তক্ষেপকে প্রতিরক্ষা বলে আখ্যায়িত করা হয়েছিল, সেগুলো প্রকৃতপক্ষে ছিল আক্রমণ ও দখলদারিত্ব।

চীন ও রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বে আমেরিকার আধিপত্যবাদী অবস্থানকে স্পষ্ট করেছে। কংগ্রেস স্থায়ীভাবে এ পরিবর্তন অনুমোদন করুক বা না করুক, এই প্রতীকী নাম পরিবর্তন যুক্তরাষ্ট্রের আসল চেহারা উন্মোচন করেছে—বিশ্লেষকদের মতে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আসলে প্রতিরক্ষার জন্য নয়, বরং ক্ষমতার আধিপত্য কায়েমের জন্য।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নির্বাচনে সহযোগিতা পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি বাহারুল আলম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা পুলিশের জন্য এক ঐতিহাসিক পরীক্ষা।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, “জাতীয় নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং গণতন্ত্রের শেকড়কে আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ সুযোগ। এই নির্বাচনে জনগণের বিশ্বাস ও আস্থা রক্ষার দায়িত্ব আমাদের কাঁধে। প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন, যাদের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে।”

তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে শুধু আইন শেখানো নয়, বরং চাপের মধ্যেও কীভাবে নিরপেক্ষ থাকা যায়, কীভাবে সংঘাত এড়িয়ে সমাধান দেওয়া যায় এবং মানুষের আস্থা অর্জন করা যায়—সেই সক্ষমতা অর্জন করতে হবে।”

বাহারুল আলম বলেন, “আমরা যদি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করি, তবে পুলিশের ভাবমূর্তি দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল হবে। বাংলাদেশ পুলিশকে আধুনিক, গণতন্ত্রবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে প্রতিষ্ঠার সুযোগ এসেছে।”

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “প্রশিক্ষণে শেখা প্রতিটি জ্ঞান ও কৌশল মাঠপর্যায়ে কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্যও প্রস্তুত থাকতে হবে।”

আইজিপি আশাবাদ ব্যক্ত করেন, দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে পুলিশের দক্ষতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের দুই আসনে বাসদের প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের দুইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এর মধ্যে বরিশাল-৫ (সদর) আসনে বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে তরিকুল ইসলাম তারেককে প্রার্থী করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর ফকিরবাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।

কর্মী সভায় বজলুর রশিদ ফিরোজ বলেন, “আরপিও সংশোধনের মাধ্যমে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং প্রার্থীর নির্বাচনী ব্যয় সীমা ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭৮ লাখ টাকা করা হয়েছে। এ পদক্ষেপ নির্বাচনকে ধনিক শ্রেণীর হাতে তুলে দিয়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করার চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তাই আমরা এই সংশোধনী বাতিলের দাবি জানাচ্ছি।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় মসজিদের খতিবকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

ভোলায় দুর্বৃত্তদের নির্মম হামলায় নিজ বাড়িতে খুন হয়েছেন মসজিদের খতিব ও মাদরাসা শিক্ষক মাওলানা আমিনুল হক নোমানী (৪৫)। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি রাইস মিলের পাশে তার নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল হক নোমানী ওই এলাকার বিশিষ্ট আলেম মাওলানা এনামুল হকের ছেলে। তিনি ভোলা সদর জামে মসজিদের খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আমিনুল হকের শ্বশুর অসুস্থ হওয়ায় তার স্ত্রী ও সন্তান বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ফলে গত দুইদিন তিনি বাড়িতে একাই ছিলেন। শনিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে তিনি বাড়ি ফেরেন। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তার বাড়ি থেকে ডাক-চিৎকার শুনে সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় আমিনুল হক মেঝেতে পড়ে আছেন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রাজন জানান, “আমি নামাজ শেষে বাড়ি ফেরার সময় হুজুরের বাড়ির ভেতর থেকে চিৎকার শুনতে পাই। পরে কয়েকজন মিলে গিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর হাসপাতালে নিয়ে যাই।”

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াসির হাসনাত বলেন, “রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও ব্যাপক রক্তক্ষরণ ছিল। দ্রুত চিকিৎসা শুরু করা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।”

এ ঘটনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।”

স্থানীয়দের মাঝে এ হত্যাকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আ.লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি সারজিস আলমের

বাংলাদেশের রাজনীতিতে অপরাধ, দুর্নীতি ও খুনিদের কোনো স্থান নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ যেমন জনগণের রক্তের দায়ে কলঙ্কিত, তেমনি তাদের সহযোগী জাতীয় পার্টিও সমানভাবে দায়ী। তিনি দাবি করেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এই দুই দলের রাজনৈতিক কর্মকাণ্ড স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতা খুন, সন্ত্রাস ও দমননীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনা একা নন, তার জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারাই তার নির্দেশ বাস্তবায়ন করেছেন। সম্মিলিতভাবে তারা বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে বলে দাবি করেন তিনি।

জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের বি-টিম’ আখ্যা দিয়ে সারজিস আলম বলেন, “দলটির কো-চেয়ারম্যান সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগের ভালো নেতাদের মনোনয়ন দেওয়ার কথা। এতে প্রমাণিত হয়—চোরে চোরে মাসতুতো ভাই। আওয়ামী লীগের পতনের পর তাদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টি।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রোববার থেকে গণছুটিতে যাচ্ছেন পবিস কর্মকর্তা-কর্মচারীরা

রোববার (৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানি বন্ধসহ চার দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দফতর সম্পাদক অঞ্জু রানী মালাকার।

তিনি অভিযোগ করেন, একাধিকবার কমিটি গঠনসহ সমস্যা সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে নানামুখী আশ্বাস দেওয়া হলেও কিছুই বাস্তবায়ন হয়নি। উল্টো আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে হয়রানি চলছে। এতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

অঞ্জু রানী মালাকার দাবি করেন, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত কর্মকর্তাদের বরখাস্ত আদেশ বাতিল করতে হবে। এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।

পবিস-এর চার দফা দাবির মধ্যে রয়েছে:

  • আরইবি-পবিস একীভূতকরণ বা অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠন প্রজ্ঞাপন জারি করা।

  • সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত (মিটার রিডার, ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী) কর্মীদের নিয়মিতকরণ।

  • মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল।

  • সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়ন।

  • জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুদের কর্মঘন্টা নির্ধারণ।

  • পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এবং দেশের প্রায় ৮০ শতাংশ গ্রাহক তাদের আওতায়। সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন এবং দীর্ঘ ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আন্দোলন চালিয়ে আসছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




১২ অক্টোবর শেষ হজের প্রাথমিক নিবন্ধন

২০২৬ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১২ অক্টোবর। সৌদি সরকারের সময়সীমা অনুযায়ী এ সময়সীমা আর বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে প্রাথমিক নিবন্ধনের তথ্য পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, হজ ২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন ২৭ জুলাই থেকে শুরু হয়েছে এবং ১২ অক্টোবর পর্যন্ত চলবে।

মন্ত্রণালয় মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে বিনামূল্যে ক্ষুদেবার্তার মাধ্যমে জনগণকে এ তথ্য পৌঁছে দেওয়ার জন্যও অনুরোধ করেছে।

সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, ১২ অক্টোবরের মধ্যে ২০২৬ সালের হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের পর হজ প্যাকেজের বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। হজ প্যাকেজের বিস্তারিত, যেমন ব্যয় ও উড়োজাহাজ ভাড়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করবে।

সরকারি মাধ্যমে হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস থেকে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমে হজে অংশগ্রহণ ইচ্ছুকরা অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করবেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: জাহিদ

কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বক্তব্য প্রদানকালে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “কয়েক সপ্তাহের মধ্যেই এবং জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন তারেক রহমান। দেশে থেকে তিনি দলকে নেতৃত্ব দেবেন।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয়, তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে।”

ডা. জাহিদ হোসেন সবাইকে আহ্বান জানান চলমান ষড়যন্ত্র রুখতে চোখ-কান খোলা রাখার জন্য।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫