সিঙ্গাপুর থেকে আসছে ২ কার্গো এলএনজি, খরচ ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সরকার সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৫ কোটি টাকা।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসারে স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের প্রক্রিয়ায় প্রথম কার্গো এলএনজি (নভেম্বর ২২-২৩, ২০২৫) আমদানি করা হবে। এর ব্যয় ধরা হয়েছে ৪৯৭ কোটি ৯০ লাখ টাকা, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৮৫ মার্কিন ডলার।

এছাড়া, ডিসেম্বর ২৬-২৭, ২০২৫ সময়ের জন্য দ্বিতীয় কার্গো এলএনজি আমদানি করা হবে। উভয় কার্গো আমদানি দেশের জ্বালানি সরবরাহ ও নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ, শিক্ষার্থীরা প্রতিরোধ করবে: আবিদুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, নির্বাচন আশানুরূপ হয়নি। তিনি সতর্ক করে জানান, যদি ভোট গণনায় কোনো কারচুপি করা হয়, সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিরোধ করবে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম বলেন, জুলাই মাসে ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যে গণ-অভুত্থানের আশা করেছিলেন তা পূরণ হয়নি। এরপরও শিক্ষার্থীরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে।

ভিপি প্রার্থী অভিযোগ করেছেন, সোমবার সাইবার হামলার মতো ঘটনা ঘটেছে এবং আজ সকাল থেকেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপপ্রচার চালানো হচ্ছে। কেন্দ্রে প্রার্থীদের ঢোকার অনুমতি থাকা সত্ত্বেও রিটার্নিং অফিসাররাও অপপ্রচারে জড়িত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা আগে থেকে পূরণ করা ব্যালট থাকার অভিযোগ তুলেছেন। দুটি কেন্দ্রে এর প্রমাণ পাওয়া গেছে, যা অন্য কেন্দ্রেও থাকতে পারে। এছাড়া, বহিরাগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ক্যাম্পাসে ঘোরাঘুরির অভিযোগও করেছেন তিনি। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনে ১২টি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮ কেন্দ্রের ৮১০টি বুথে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করেছেন। কোনো সহিংসতা ঘটেনি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি টানা দুই দিনের আন্দোলনের জেরে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কাঠমান্ডুতে নিজ বাসভবন থেকে হেলিকপ্টারে চড়ে পালিয়েছেন। তার গন্তব্য ঠিক কোথায় তা জানা যায়নি।

সংবাদ মাধ্যম এনডিটিভি এবং কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিক্ষোভের মুখে সরকারি বাসভবন থেকে মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের হেলিকপ্টারে সরানো হয়েছে। মন্ত্রীদের বাড়িতে ধারাবাহিক আগুন ধরানো ও ভাঙচুরের ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

এর আগে বিক্ষোভকারীরা কাঠমান্ডুর ভৈসেপাটিতে এক মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ ভবন, প্রেসিডেন্টের বাসভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, উচ্চপদস্থ কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এছাড়া কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিক্ষোভকারীদের উত্তেজনার কারণে পার্লামেন্ট ভবনসহ বিভিন্ন স্থানে আগুন ও ভাঙচুর চালানো হয়েছে।

নেপালের রাজধানী ও অন্যান্য শহরে উত্তেজনা এখনও বিরাজ করছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। টানা দুইদিনের বিক্ষোভ ও উত্তেজনার মুখে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান। এই তথ্য মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এক বিবৃতিতে বলেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণের শিকার হন ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সহ বিভিন্ন রাজনৈতিক নেতার বাড়ি। রাজনৈতিক দলের কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানান, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আরও ৯০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পদত্যাগের আগে প্রধানমন্ত্রী ওলি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান। তিনি বলেন, সংকটের সমাধান শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক মাধ্যমেই সম্ভব, এবং সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম: প্রায় ১০ লাখ বাসিন্দার আবাস্থল গাজার প্রধান শহর গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। নতুন আক্রমণ শুরুর আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরাইলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদরাই এক বিবৃতিতে জানান, গাজা সিটি এবং এর আশেপাশের সকল বাসিন্দাদের নিরাপত্তার জন্য আল-মাওয়াসির মানবিক অঞ্চলের দিকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে উত্তর গাজার বাসিন্দাদের পশ্চিম দিকে উপকূলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল এবং বিমান থেকে মানচিত্রযুক্ত লিফলেট বিতরণ করা হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানান, গত দুই দিনে গাজায় ৫০টি টাওয়ার ধ্বংস করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “এটি কেবল শুরু মাত্র। গাজার বাসিন্দাদের এখনই বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটিকে হামাসের শেষ ঘাঁটি হিসেবে চিহ্নিত করেছে ইসরাইল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে শেষ আঘাত হানতে নেতানিয়াহু সরকার একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। এই পরিস্থিতিতে প্রায় ১০ লাখ গাজা সিটির বাসিন্দা কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য আক্রমণের মধ্যে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ফরিদপুরে মহাসড়ক অবরোধে হিটস্ট্রোকে আন্দোলনকারীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হিটস্ট্রোকে হাবিবুর রহমান হাবিব (৪৫) নামের এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। প্রখর রোদের মধ্যে অবরোধ চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।

নিহত হাবিবুর রহমান ভাঙ্গা বাজারের ব্যবসায়ী এবং আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজন আবু সাঈদ জানান, তীব্র গরমে হাবিব অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।

এদিকে, আসন পরিবর্তনের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেন। তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নেপালে উত্তাল বিক্ষোভ: নেতাদের বাড়িতে হামলা-আগুন, কারফিউ জারি

নেপালে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাস্তায়। দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে হাজারো জেন-জি তরুণ রাস্তায় নেমে রাজনৈতিক নেতাদের বাড়ি ও দপ্তরে হামলা চালান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ ও ইটপাটকেল নিক্ষেপ করেন।

স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিক্ষোভকারীরা রাজধানীর সানেপায় নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এছাড়া তথ্যপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের ললিতপুরের বাড়ি ও উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভৈসেপাতির বাড়িতে হামলা হয়। সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িও আক্রমণের শিকার হয়।

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবার বুধানিলকণ্ঠার বাসভবনে হামলার চেষ্টা হলেও পুলিশ আগেই তা প্রতিহত করে। বিরোধী দল সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্প কমল দহলের খুমলতার বাড়িতেও ইটপাটকেল ছোড়া হয়।

এর আগে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন তরুণ নিহত হওয়ার পর ক্ষোভ আরও বিস্তৃত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

যদিও সরকার আজ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তবুও বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রীসহ বহু রাজনৈতিক নেতার বাড়িঘর বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। তবে উত্তেজনা থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেছেন। এতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টা থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর স্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধরা গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। একইভাবে আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায়ও গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। ফলে উভয় মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ বিক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে।”

এর আগে গত শুক্রবার একই দাবিতে এলাকাবাসী দুই দফা মহাসড়ক অবরোধ করেছিলেন। উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছিলেন। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ায় আবারও মহাসড়ক অবরোধে নামলেন তারা।

স্থানীয়দের দাবি, আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি নির্বাচন কমিশনের গেজেটে তা পরিবর্তন করে অন্য আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ডাকসু নির্বাচনে ছাত্রদলের অনিয়মের অভিযোগ আবদুল কাদেরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবদুল কাদের। তিনি দাবি করেছেন, ছাত্রদল পরিকল্পিতভাবে ভোট নিয়ন্ত্রণ করছে, অথচ নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন। আবদুল কাদের বলেন, “ষড়যন্ত্র ও নানা বাধা সত্ত্বেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে। কিন্তু তাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। নির্বাচন কমিশন সবসময় একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থেই কাজ করছে।”

তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রের ভেতর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। তার দাবি, বিএনপি-সমর্থিত প্রার্থী আবিদ ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট প্রার্থনা করেছেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আবদুল কাদের আরও বলেন, “এমফিল ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে আগে থেকেই আঁতাত করা হয়েছে। কেন এত আগ্রহ দেখানো হয়েছিল, আজ পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই প্রক্রিয়াকে ব্যবহার করেই ভোটে কারচুপি হচ্ছে। আবার বয়সসীমা তোলার জন্য ছাত্রদল যে চাপ দিয়েছিল, সেটাও এখন স্পষ্ট—তাদের সুবিধার্থে নির্বাচন কমিশন সব করেছে।”

তিনি অভিযোগ করেন, আচরণবিধি কার্যকরের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের দিন কমিশন কিছুই বাস্তবায়ন করতে পারেনি। তার ভাষায়, “আমরা বহুবার জানিয়েছি নিয়ম-শৃঙ্খলা মানা হচ্ছে না, কিন্তু ইসি শুধু আশ্বাস দিয়েছে। আসলে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে, তা এখন শিক্ষার্থীদের কাছে স্পষ্ট।”

এই পরিস্থিতিতে আবদুল কাদের সতর্ক করে বলেন, “আমরা চাই না ডাকসু আবার গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতির মুখোমুখি হোক। আমরা আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করব।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু, উৎসবমুখর ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলছে ভোটগ্রহণ।

সকালে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ভোট শুরুর আগেই শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকেই ভিড় এড়াতে ও দ্রুত ভোট দেওয়ার জন্য সকাল সকাল কেন্দ্রে আসেন। সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।

ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধান প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট, টিএসসি এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

গত রোববার (৭ সেপ্টেম্বর) ছিল প্রার্থীদের প্রচারণার শেষ দিন। দিনভর টিএসসি, মধুর ক্যান্টিন, অনুষদ ভবন ও আবাসিক হলগুলোতে প্রার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচার-প্রচারণায় লিফলেট বিতরণ ও কর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে রয়েছেন ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন।

মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। বিকেল ৪টার মধ্যে যেসব শিক্ষার্থী লাইনে দাঁড়াবেন, তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মো: আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম