ধানের শীষের বিজয়ে ঘরে ঘরে কাজের আহ্বান সেলিমা রহমানের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, “সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। তাই এখন থেকেই নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।”
বুধবার দুপুরে বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে সেলিমা রহমান বলেন, “আমরা দেখেছি কীভাবে আওয়ামী লীগের সহযোগীদের সঙ্গে আরেকটি রাজনৈতিক দল মিলে খেলা খেলেছে। এসব বিষয় বুঝে এখন থেকেই সক্রিয় হতে হবে।”
তিনি আরও বলেন, “কে মনোনয়ন পেল সেটা মুখ্য বিষয় নয়। মূল লক্ষ্য হবে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।”
সমাজের নৈতিক অবক্ষয়ের সমালোচনা করে তিনি বলেন, “আজ সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যাচ্ছে। ছোটরা অশালীন ভাষা ব্যবহার করছে, শিক্ষকদের প্রতি সম্মান কমে গেছে। এ অবস্থায় আমাদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করারও আহ্বান জানান। সভা শেষে মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








