বরিশালে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বরিশালের মুলাদী উপজেলায় ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি এক সমাবেশে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি মো. আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক জেলা সভাপতি সানাউল্লাহ সাজিদ এবং বর্তমান জেলা সেক্রেটারি সাইয়্যেদ আহমেদ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি মো. আকবর হোসেন বলেন, “আমরা স্পষ্ট ভাষায় মুলাদীতে ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষাঙ্গনে যদি সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে, ছাত্রসমাজ তাদের সঙ্গে মোকাবিলা করবে।”

তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ মুলাদীকে যারা অশান্ত করতে চায়, ছাত্রসমাজ তাদেরকে বয়কট করবে। ছাত্রশিবিরের ইতিবাচক কার্যক্রমকে সহ্য করতে না পেরেই এই হামলা চালানো হয়েছে। দায় চাপানোর রাজনীতি বন্ধ করতে হবে।”

ছাত্রদলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যদি আপনারা কোনো কর্মসূচি না রাখেন, আমাদের কাছে আসুন, আমরা আপনাদের কর্মসূচি দেব। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন। অন্যথায় ছাত্রলীগের মতো করুণ পরিণতি ভোগ করতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী রাজনীতি পরিহার করে একটি সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নাজিরপুরে বিএনপি-জাপার অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) রাজনীতি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে তারা জামায়াতে ইসলামীতে সহযোগী সদস্য হিসেবে যোগদান করেন। এ সময় জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদারসহ আরও ৪০-৫০ জন নেতাকর্মী জামায়াতের পতাকাতলে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক।

অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, মো. ইস্রাফিল হাওলাদার দল থেকে বহিষ্কৃত। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অনিয়মে জড়িত ছিলেন। এ কারণে চলতি বছরের ৯ মে কেন্দ্রীয় নির্দেশে তাকে স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এমনকি দোকানঘরকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার এবং সেখানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টাঙানোর অভিযোগও তার বিরুদ্ধে ওঠে।

এ বিষয়ে ইস্রাফিল হাওলাদার বলেন, “আমি ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চাই। বিএনপি ইসলামী আদর্শে পরিচালিত নয়, তাই আমি দল ছেড়ে জামায়াতে যোগ দিয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার ফল।”

উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন মাওলানা আবু দাউদ। এছাড়াও উপজেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মোসলে হুদ্দিন ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে নবাগতদের আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রদান করা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




খুলনায় আসছে না ভোলার গ্যাস, অনিশ্চয়তায় বিনিয়োগ

ভোলা থেকে খুলনায় গ্যাস সরবরাহ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পেট্রোবাংলার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভোলার গ্যাস বরিশাল হয়ে ঢাকায় নেওয়া হবে, তবে খুলনা রুট আপাতত স্থগিত রাখা হয়েছে। এতে খুলনার শিল্প-বিনিয়োগ নিয়ে শঙ্কা বাড়ছে।

পেট্রোবাংলা ও সুন্দরবন গ্যাস কোম্পানি সূত্রে জানা গেছে, ভোলা-খুলনা রুটে গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপনের পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে ভোলা-বরিশাল-ঢাকা রুটে কাজ শুরু হয়েছে। পরবর্তী ধাপে খুলনা রুটে সংযোগ দেওয়া হবে, তবে কবে থেকে কাজ শুরু হবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।

এর ফলে খুলনার শিল্প কারখানাগুলো গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী নেতারা বলছেন, গ্যাস না থাকায় এ অঞ্চলের শিল্প কারখানাগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না, নতুন শিল্পও গড়ে উঠছে না।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, “গ্যাসের দাবিতে খুলনার মানুষ এক দশকের বেশি সময় ধরে আন্দোলন করছে। অথচ ভোলা থেকে খুলনায় কবে গ্যাস আসবে তা অনিশ্চিত। ঢাকায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত খুলনার জন্য বৈষম্যমূলক।”

উল্লেখ্য, ২০১৬ সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার গ্যাস সঞ্চালন লাইন বসানো হয়। পরে ২০১৯ সালে খুলনা ও দক্ষিণাঞ্চলের জন্য সুন্দরবন গ্যাস কোম্পানি গঠন করা হলেও এখনো গ্যাস সরবরাহ শুরু হয়নি।

সুন্দরবন গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ভোলা থেকে গ্যাস এলে খুলনার দুটি বিদ্যুৎকেন্দ্র এবং বিসিক শিল্প এলাকার দুটি প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে গ্যাস সরবরাহ শুরু হলে খুলনার শিল্পাঞ্চলও উপকৃত হতে পারে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না: ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের জাতীয় নির্বাচন জুলাই সনদ চূড়ান্তভাবে বাস্তবায়ন করা ছাড়া অনুষ্ঠিত হবে না।

শুক্রবার বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ফুয়াদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে গণপরিষদ নির্বাচন বা হ্যাঁ-না ভোট দিতে হতে পারে। তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের পর আরও পাঁচ বছর অপেক্ষা করার সুযোগ নেই, কারণ দেশের ছাত্র-যুবকরা জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন।

ফুয়াদ আরও বলেন, ডাকসু নির্বাচনে ভোটারদের প্রকৃত চাওয়া বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপি ও অন্যান্য বড় রাজনৈতিক দল। এই নির্বাচনে মূলত প্রচলিত রাজনীতির ধারা পরাজিত হয়েছে। তিনি দাবি করেন, চাঁদাবাজি, মাস্তানী, দখল ও সন্ত্রাসের মতো রাজনীতির অনৈতিক দিক এখন জনসমাজে হারিয়ে গেছে।

জাতীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, কিছু ইস্যুতে বিএনপি সংবিধানের কথা বলছে, তবে দেশের বাস্তবতায় সংবিধানের অন্তত ৫০টি ধারা লঙ্ঘিত হয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফুয়াদ ও তার দল কোনো জাতীয় নির্বাচন স্বীকার করবেন না।

মতবিনিময় অনুষ্ঠানে বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বি উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পবিসের গণছুটি কর্মসূচি প্রত্যাহার

দেশের সামগ্রিক পরিস্থিতি ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) চলমান গণছুটি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এ সময় আন্দোলনরত সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি আস্থা রাখার বিষয়টিও জানানো হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন। সংগঠনটির নেতারা বলেন, সরকারের বিদ্যুৎ উপদেষ্টা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। তার আহ্বান ও আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

লিখিত বক্তব্যে জানানো হয়, প্রায় দুই বছর ধরে আন্দোলন চললেও বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহকসেবা কখনো বন্ধ রাখা হয়নি। বর্তমান কর্মসূচিতে ৮০টি সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে প্রায় ৩৩ হাজার কর্মচারী অংশগ্রহণ করেছেন। তবুও উপকেন্দ্রগুলো সচল রাখা হয়েছিল, যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে।

নেতারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সরাসরি বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগের সুযোগ না থাকায় আরইবি বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। এর ফলে আন্দোলনরত কর্মীদের অন্যায়ভাবে দেশবিরোধী বা ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

তাদের দাবি, যারা ঝড়-বাদল-রোদ উপেক্ষা করে ১৪ কোটি মানুষের ঘরে আলো জ্বালান, তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশবিরোধী বলা কষ্টকর। তারা জানান, গ্রাম-শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করতে এবং একটি টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়তে ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু হয়েছিল।

তবে আন্দোলনের কারণে এখন পর্যন্ত ১৭২ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, ২০ জন কর্মকর্তার দীর্ঘ কারাবাস, ৪০ জনের চাকরিচ্যুতি, ৮৭ জনের বরখাস্ত ও সংযুক্তি এবং সাড়ে ৬ হাজার কর্মকর্তার শাস্তিমূলক বদলি হয়েছে বলেও দাবি করা হয়।

নেতারা বলেন, সরকারের আশ্বাস বাস্তবায়িত হলে বিদ্যমান সমস্যার সমাধান হবে এবং কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




“দুই নাম্বারি রাজনীতি আর চলবে না” — ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “জনআকাঙ্ক্ষা আর সময়কে সঠিকভাবে পড়তে না পারলে রাজনীতি সম্ভব নয়। অতীতের ধারা দিয়ে বর্তমানকে বিশ্লেষণ করা হলে সেটা হবে ভয়াবহ ভুল।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত “বরিশালের উন্নয়ন ও সমসাময়িক ইস্যু” বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন প্রমাণ করেছে যে প্রচলিত ধ্যানধারণার বাইরে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। তরুণদের বিজয়কে কেউ জঙ্গিবাদ, মৌলবাদ কিংবা নির্দিষ্ট কোনো মতাদর্শের উত্থান হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। অথচ এটি তরুণদের পরিবর্তনের স্পষ্ট বার্তা।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “ভোট চুরি বা প্রোপাগান্ডার মাধ্যমে কাউকে পাকিস্তানি বা অচেনা হিসেবে ট্যাগ দেওয়া যাবে না। তরুণরা এসব মানবে না। দুই নাম্বারি চক্করের রাজনীতি এখন অতীত। রাজনীতিতে স্বচ্ছতা, সততা আর ভদ্রতা না থাকলে ভবিষ্যতে জনগণ কাউকে গ্রহণ করবে না।”

তিনি জোর দিয়ে বলেন, “৭১-এর ব্যবসা, ২৪-এর ব্যবসা বা চেতনার নামে কেনাবেচা করে আর রাজনীতি টিকবে না। ঠিকাদারির রাজনীতি মানেই রাজনীতির মৃত্যু।”

প্রেস ব্রিফিংয়ে এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব জিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, মহানগরের যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, সদস্য হায়দার ভূঁইয়া, নাজমুল মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




“শক্তি নয়, সেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চাই: ড. শফিকুল ইসলাম মাসুদ”

বাউফল পৌর শহরের কাগুজিপুল এলাকায় উদ্বোধন হলো ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারের। শুক্রবার সকাল ৮টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মানুষকে ভালোবাসা ও সেবা করার মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। তিনি উল্লেখ করেন— যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না।

ড. মাসুদ জানান, ইবনে সিনা কর্তৃপক্ষের সহযোগিতায় বাউফলে এ স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। এটি কোনো ব্যক্তি বা দলের নয়, বরং পুরো এলাকার মানুষের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ইবনে সিনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, এ সেবা কেন্দ্র রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে মানুষের পাশে দাঁড়াবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ড. মাসুদ বলেন, বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। তিনি দাবি করেন, ছাত্র-জনতার বিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, শক্তি প্রয়োগ করে কখনও জনগণকে দমন করা যায় না। তিনি উদাহরণ টেনে বলেন, ফেরাউনও শক্তি দিয়ে জয়ী হতে পারেনি। তাই ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদের চিন্তা করলে জনগণের শক্তির কাছে তাকে পরাজিত হতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে জনগণের উৎসবে পরিণত করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। শুধু মুখে ঈদের মতো পরিবেশ বললেই হবে না, আগে রোজার মতো সংযমী পরিবেশ তৈরি করতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নির্বাচন যেন সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।

ড. মাসুদ বাউফলের মানুষের উদ্দেশে বলেন, শক্তি প্রদর্শনের মাধ্যমে কখনও হৃদয় জয় করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, যারা শক্তি প্রয়োগ করবে, আমরা তা কোলাকুলির মাধ্যমে মোকাবিলা করব; তারা বিদ্রুপ করবে, আমরা হাসি দিয়ে জবাব দেব। তিনি স্পষ্ট করে বলেন— “আমরা শক্তি দিয়ে কাউকে হারাতে চাই না, সেবার মাধ্যমে মানুষের মন জয় করতে চাই।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া। এ সময় ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা, ইবনে সিনা হাসপাতালের ডেপুটি সেলস ম্যানেজার মো. রুকন উদ্দিন, রিজিওনাল সেলস ম্যানেজার বঙ্কিম চন্দ্র, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, মৃৎশিল্প ব্যবসায়ী বরুণ পাল, মাওলানা সেলিমুর রহমান, অ্যাডভোকেট আবুল কাসেমসহ অনেকে উপস্থিত ছিলেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সুন্দরবনে জিম্মি থাকা ৯ জেলে উদ্ধার, রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছে জিম্মি থাকা ৯ জন জেলেকে উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় জেলেদের জিম্মি করে রেখেছে। ভোর ৫টায় মোংলা বেইস থেকে বিশেষ অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুই সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে রাঙ্গা বাহিনী তাদের আটক করে মুক্তিপণ দাবি করে। তারা সবাই খুলনার দাকোপ থানার বাসিন্দা।

আটককৃতরা হলো— নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০)। তারা বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে সহযোগিতা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত জেলে, আটক আসামি এবং জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকলেও আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “দল থাকলে মতপার্থক্য থাকবেই। কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে। নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট।”

প্রেস সচিব আরও বলেন, “কেউ যদি মনে করেন নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তা সম্ভব নয়। এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যা সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বন কর্মকর্তার ১৭ স্ত্রী! প্রতারণার অভিযোগে মানববন্ধন

বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি, বিমানবালা হওয়ার সুযোগ কিংবা সম্পত্তি দেয়ার প্রলোভন দেখিয়ে একে একে ১৭ জন নারীকে বিয়ে করেছেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারী—এমনই অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, বিয়ের কিছুদিনের মধ্যেই যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও প্রতারণার কারণে সংসার ভাঙে প্রতিটি নারীর। ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় কবির এসব বিয়ে করেছেন বলে দাবি করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা। তারা কবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী খাদিজা আক্তার অভিযোগ করে বলেন, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কবির তাকে বিয়ে করেন। বিয়ের দ্বিতীয় দিনেই বাবার বাড়ির সম্পত্তি লিখে দেয়ার দাবি তোলেন তিনি। এতে রাজি না হওয়ায় নির্যাতন করে সরকারি বাসভবন থেকে বের করে দেন।

আরেক স্ত্রী নাসরিন আক্তার বলেন, কবির বিয়ের নামে প্রতারণা করে সর্বত্রই একাধিক বিয়ে করেছেন। কোনো স্ত্রীকেই তিনি পরে খোঁজ নেননি। বর্তমানে প্রায় ১৭ জন নারী মানবেতর জীবনযাপন করছেন।

অভিযোগ রয়েছে, থানায়, আদালতে ও বন মন্ত্রণালয়ে একাধিক অভিযোগ দায়ের করা হলেও প্রভাবশালী মহলের সহায়তায় কবির দ্রুত জামিনে ছাড়া পান।

অভিযুক্ত কবির হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার আইনজীবী এনায়েত হোসেন বাচ্চু দাবি করেন, “আমার মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন।”

বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন জানান, “বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫