বাবুগঞ্জের অসহায় শাহিনুর বেগমের পাশে দাঁড়ালেন ইউএনও

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের স্বামী পরিত্যক্তা ও অসহায় নারী শাহিনুর বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদ। দীর্ঘদিন অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করা এই নারী তার মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন।
শাহিনুর বেগমের একমাত্র সন্তান মোঃ রাহাত হাওলাদার (১২) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। তার নিয়মিত চিকিৎসা, ওষুধ ও যত্নের জন্য অর্থ প্রয়োজন, কিন্তু মায়ের কোনো আয়ের উৎস না থাকার কারণে তা সম্ভব হচ্ছিল না।
বিষয়টি জানার পর ইউএনও মোঃ ফারুক আহমেদ শাহিনুর বেগমকে নিজ কার্যালয়ে ডেকে তার জীবনসংগ্রামের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
ইউএনও বলেন, “আমরা চেষ্টা করছি সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় এমন অসহায় মানুষদের অন্তর্ভুক্ত করতে। শাহিনুর বেগমের অসহায়ত্ব আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। যতটুকু সম্ভব আমরা পাশে থাকব।”
স্থানীয়রা ইউএনও’র মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন এবং বলেন, এ ধরনের সহানুভূতিশীল প্রশাসন থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা আশার আলো দেখতে পায়।
অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল রহিম, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু হানিফ প্রমুখ।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








