বরিশালে মৎস্য রক্ষায় বিশেষ অভিযানে ৪৫০ কারেন্ট জাল উদ্ধার

বরিশাল মহানগরী: আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বরিশাল মহানগরীর পোর্ট রোড এলাকায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।
জেলা প্রশাসন, বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, এনএসআই বরিশাল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে পোর্ট রোডস্থ পাঁচটি গুদাম থেকে প্রায় ৪৫০ পিস নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৬০০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।
অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর বিভিন্ন ধারায় পাঁচটি পৃথক মামলায় মোট ২৬,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়াও একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উদ্ধারকৃত সমস্ত অবৈধ জাল জব্দপূর্বক পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় ফায়ার সার্ভিস বরিশাল জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে যাতে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করা যায়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫









