বছরের প্রথম থেকেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ : বই আমাদের শুধু জ্ঞান বিজ্ঞান না সমস্ত জীবনের সুতিকাগার আর তাই যখন বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বই হাতে পায় তখন খুশিতে তাদের মনটা ভরে ওঠে । এ জন্যই জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন বই ১ জানুয়ারিতে আমাদের দেওয়ার কথা। ইতোমধ্যে কিছু অর্ডার দিয়েছি। তবে আরও ভালোভাবে যাচাই করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, গতবছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে। এবার শিক্ষার্থীরা যাতে জানুয়ারিতেই নতুন বই পায়, সেজন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু অর্ডার দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে। তিনি আরও বলেন, এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কেমন ছিল, কাগজ কী ছিল এবং কারা একাধিক পাচ্ছে, মনোপলি হচ্ছে কি না, আমরা সে কারণে লিস্ট থেকে আরেকটু যাচাই-বাছাই করব। আজকে বই কেনার যে প্রস্তাব ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে।
কোন কোন প্রতিষ্ঠান দিয়ে বই ছাপানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত কবে নাগাদ হতে পারে, এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, এ মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা চেষ্টা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে যাচাই-বাছাই করে নিয়ে আসুক। অনিয়মের তালিকায় কতগুলো প্রতিষ্ঠান আছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা দেখতে বলা হয়েছে।








