২০২৫ সালের জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১% প্রবৃদ্ধি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে দেশের রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায় দাঁড়িয়েছে ২৭,১৭৪ কোটি টাকায়। ২০২৪-২০২৫ অর্থবছরের একই মাসে আদায় হয়েছিল ২৩,০৮৯.৩৭ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় ৪,০৮৪.৫ কোটি টাকা বেশি রাজস্ব সংগ্রহ হয়েছে। এ অনুযায়ী, অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।

জুলাই ও আগস্ট দু’মাস মিলিয়ে ২০২৫ সালের মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪,৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময় এই পরিমাণ ছিল ৪৫,০০৫.১৬ কোটি টাকা। ফলে এ বছরের দুই মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি নিশ্চিত হয়েছে।

স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে আগস্ট মাসে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ১১,০৮৫ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে এটি ছিল ৮,২৮৩.১৫ কোটি টাকা। এ থেকে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩৩.৮৩ শতাংশ।

আয়কর ও ভ্রমণ কর খাত থেকে আগস্টে ৮,৪৪২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ২০২৪ সালের একই মাসে এই খাত থেকে আদায় ছিল ৬,৭৯৮.৭৩ কোটি টাকা। অর্থাৎ আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে ২৪.১৭ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

আমদানি ও রপ্তানি খাত থেকে আগস্ট মাসে আদায় হয়েছে ৭,৬৪৭ কোটি টাকা। ২০২৪ সালের আগস্টে এ খাতের আদায় ছিল ৮,০০৭.৬২ কোটি টাকা। উল্লেখ্য, আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনের কারণে কাস্টমস হাউসসমূহের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব সেপ্টেম্বর ২০২৫ মাসে জমা হওয়ার কারণে এই খাতে আগস্টে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটনের মাধ্যমে রাজস্ব আদায়ে আরও ধারাবাহিক বৃদ্ধি আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। করদাতারা আইনের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করে সময়মতো কর পরিশোধের মাধ্যমে দেশের উন্নয়নে অংশীদার হবেন বলে এনবিআর আশাবাদ প্রকাশ করেছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ঢাবিতে চীন-বাংলাদেশ মৈত্রী হল নির্মাণ শুরু এ বছর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন উদ্যোগের অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই চীন-বাংলাদেশ মৈত্রী হল নির্মাণকাজ শুরু হবে। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় চীনা দূতাবাস প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এই ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক বন্ধুত্বকে আরও শক্তিশালী করার অংশ হিসেবে শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করা হবে।

মতবিনিময় সভায় ডাকসুর সহসভাপতি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক মহিউদ্দীন খানসহ অন্যান্য সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়া ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে নবনিযুক্ত কোষাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেনও অনুষ্ঠানে অংশ নেন।

সভায় জানানো হয়, প্রস্তাবিত চীন-বাংলাদেশ মৈত্রী হলে প্রায় ১৫০০ ছাত্রী আবাসনের সুযোগ পাবেন। পাশাপাশি ডাকসুর নেতারা আরও দুটি বৃহৎ আবাসিক হল নির্মাণের প্রস্তাব রাখেন, যেখানে প্রায় ৫০০০ শিক্ষার্থী থাকতে পারবেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে জানান, দ্বিতীয় ধাপে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হবে।

সভায় উভয় পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য খাতের উন্নয়ন, গবেষণা, ক্রীড়া, শিক্ষা বিনিময়, সংস্কৃতি চর্চা ও স্কলারশিপের মতো নানা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভাশেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রদূতকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




১৮ নভেম্বর প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর পূর্ণ করবেন, তারাও অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছে কমিশন।

ইসির পক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই সময়ে ভোটার তালিকা নিয়ে আপত্তি, সংশোধন ও সুপারিশ গ্রহণ করা হবে। এসব আবেদন নিষ্পত্তির পর ১৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

এর আগে, মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো চিঠিতে ইসি সচিবালয় জানিয়েছিল, খসড়া তালিকা নিয়ে যেকোনো ধরনের আপত্তি ও দাবি ১৭ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এরপর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।

উল্লেখ্য, গত ৩১ জুলাই সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। নতুন তালিকা প্রকাশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করবে ইসি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ১৮ নভেম্বর

চন্দ্রদ্বীপ ‍নিউজ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) ইসি সচিবলয়ের পরিচালক (জনসংযোগ) মোঃ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা ডাটাবেইজে অন্তর্ভুক্ত ৩১ অক্টোবর ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নাগরিকদের নিবন্ধন করতে নাগরিকের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিল এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করণে ইসি সময়সূচি নির্ধারণ করেছে। হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক প্রেরণের শেষ তারিখ ২৫ অক্টোবর।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে ১ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ সময় ১৬ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর।’

এর আগে গত ৩১ আগস্ট, ২০২৫ সালের সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। এতে দেখা যাচ্ছে, ৩১ আগস্ট পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। আর হিজড়া ১২৩০ জন।




দুই মহল্লাবাসীর সংঘর্ষ জেরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

চন্দ্রদ্বীপ নিউজ: সোমবার দুপুরে পাবনার বেড়া পৌর এলাকার মাইকে ঘোষণা দিয়ে বৃশালিখা ও সওদাগরপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হলেও পরে তা রাজনৈতিক রূপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বেড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া একাধিক দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

বেড়া পৌর নৌবন্দরে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে সওদাগরপাড়া ও বৃশালিখা মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, স্থানীয় সূত্র জানা যায় যে আজ সোমবার দুপুর ১২টার সওদাগরপাড়ার এক বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ ছড়িয়ে পড়লে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে বৃশালিখা মহল্লার লোকজন মসজিদের মাইক ব্যবহার করে মানুষ জড়ো করেন। পরে সওদাগরপাড়ার লোকজনও মাইক ব্যবহার করে লোকজন জড়ো করেন। এ সময় বেড়া বাজার ও নিজেদের মহল্লায় সওদাগরপাড়ার লোকজন এবং বেড়া বাজারের ধানিয়াপট্টি মসজিদ মোড়ের কাছে বৃশালিখা মহল্লার লোকজন অবস্থান নেন। একপর্যায়ে বৃশালিখা মহল্লার লোকজন সওদাগরপাড়ায় গিয়ে হামলা চালান। পরে তাঁরা ‘জয়বাংলা স্লোগান’ দিয়ে বেড়া পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এলাকাবাসী জানান, বৃশালিখা মহল্লার বেশির ভাগ লোকজন আওয়ামী লীগের সমর্থক।

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর এলাকার অন্যান্য মহল্লার বিএনপি নেতা–কর্মীরা বেড়া বাজারে গিয়ে বৃশালিখা মহল্লার বিপক্ষে অবস্থান নেন। এতে সংঘর্ষ আরও ব্যাপক আকার ধারণ করে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ সময় বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনাও ঘটে।

সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। বিকেলে ঘটনাস্থলে গিয়ে কথা হয় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনীকেও অবস্থানের জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজন পড়লে ১৪৪ ধারা জারি করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে। আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সবাই সজাগ আছেন।




জাহের আলভী জানালেন, তানিয়া বৃষ্টির সঙ্গে আর কাজ করবেন না

টিভি নাটক ও ইউটিউব প্রজেক্টের জনপ্রিয় অভিনয়শিল্পী জাহের আলভী সম্প্রতি জানান, আর তানিয়া বৃষ্টির সঙ্গে তিনি কোনো কাজ করতে চান না। এর আগে দুজন একই চ্যানেলের রিয়েলিটি শো থেকে তৃতীয় স্থান অর্জন করেছিলেন এবং এক সময় ভালো বন্ধু ছিলেন।

আলভী বলেন, “যার সঙ্গে বন্ধুত্ব নেই, তার সঙ্গে আর কাজ না হওয়াই ভালো।” যদিও ভক্তদের কৌতূহল আছে, তবে তিনি বিস্তারিত কারণ প্রকাশ করেননি।

জাহের আলভী ও তানিয়া বৃষ্টি মূলত মধ্যম বাজেটের নাটকে দেখা যায়। তাদের একসঙ্গে কাজ না করার খবর শোবিজপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে ডেঙ্গু সংক্রমণ বেড়ে আতঙ্ক,

বরিশাল বিভাগে বিশেষ করে বরিশাল ও বরগুনা জেলায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে বিভাগীয় হাসপাতালগুলোতে নতুন ভর্তি হয়েছে ১২ হাজার ৪৭৫ জন, মারা গেছেন ২৮ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, বরগুনায় ১১ জন এবং পটুয়াখালীতে একজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ থাকে। জুলাই-আগস্টে ভারী বৃষ্টির কারণে সংক্রমণ কমলেও, থেমে থেমে বৃষ্টির কারণে এবার সংক্রমণ আবার বাড়ছে। এডিস মশার লার্ভার জন্য পানি জমে থাকা ছোট পাত্র ও নিচু জায়গাগুলোকে মূল ঝুঁকির উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেছেন, রোগীদের চিকিৎসার সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা ও ব্যক্তিগত উদ্যোগ অপরিহার্য।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের বাঁশেরহাট: যানজট ও দুর্ঘটনার ‘মরণ ফাঁদ’

বরিশাল নগরীর ব্যস্ত এলাকা কাউনিয়ার বাঁশেরহাটখোলা জনসাধারণের জন্য বড় ঝুঁকিতে পরিণত হয়েছে। এখানে অবস্থিত মহাশ্মশানে ১২ মাসে ১৩টি পূজা-অর্চনা ও পার্বণ অনুষ্ঠিত হওয়ায় এলাকা সব সময় ভিড় থাকে। চারটি প্রধান সড়কের সংযোগস্থলে হাট বসানোয় প্রতিদিনই যানজট তৈরি হচ্ছে।

বাঁশ বোঝাই ট্রলি, ভ্যান ও ট্রাক সড়কে রাখার কারণে অ্যাম্বুলেন্স, স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী মানুষ আটকে পড়ছেন। এলাকা ব্যবসায়ী ও পথচারীরা জানান, হঠাৎ বাঁশ বোঝাই যান নিলে দুর্ঘটনা এড়ানো দুষ্কর। সম্প্রতি এক রিকশা আরোহী গুরুতর আহত হয়েছেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, হাটের জন্য মাত্র কয়েক শতাংশ জমি ইজারা দেওয়া হয়েছে। বাস্তবে সড়ক দখল করে হাট চলায় জননিরাপত্তা হুমকির মুখে। ইজারাদার আব্দুল মান্নান ওরফে মনা বলেন, পূর্বের মতো হাট চলাচল করছে। সিটি কর্পোরেশনের হাটবাজার শাখা সুপার নুরুল ইসলাম বলেন, নির্দিষ্ট জায়গায় হাট পরিচালনা করা উচিত, দুর্ঘটনা ঘটলে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সেপ্টেম্বরে ২১ দিনে রেমিট্যান্স এসেছে ২০৩ কোটি ডলার

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার (২.০৩ বিলিয়ন ডলার) রেমিট্যান্স। প্রতিদিন গড়ে এসেছে প্রায় ৯ কোটি ৬৭ লাখ ডলার।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৪ দশমিক ৩০ শতাংশ। শুধু ২১ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৮০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৬৯৩ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ২০ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। আর গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




খুলনায় অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগে রোগীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেখ সাইফুল ইসলাম (৩৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বজনদের ক্ষোভের পাশাপাশি তদন্তের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিবারের সদস্যরা জানান, সাইফুল ইসলাম কিডনির জটিলতায় ভুগছিলেন। গত শনিবার সকালে তাকে খুমেকের মেডিসিন ইউনিটে ভর্তি করা হয়। রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে অনেক চেষ্টার পর অক্সিজেন সরবরাহ করা হয়। তবে রবিবার সকালে আউটসোর্সিং কর্মচারী আব্দুল জব্বার অক্সিজেন সিলিন্ডার খুলে নিয়ে অন্য রোগীর জন্য ব্যবহার করেন। এরপর আধাঘণ্টার মধ্যেই সাইফুল মারা যান।

সাইফুলের মা রশিদা বেগম বলেন, “আমার ছেলেকে বাঁচাতে অক্সিজেন দিয়েছিলাম। কিন্তু ক্লিনার অক্সিজেন খুলে নেওয়ার পরপরই সে মারা গেল।”

এ বিষয়ে বড় ভাই আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, “ডাক্তারের অনুমতি ছাড়াই অক্সিজেন সরিয়ে নেওয়া হয়েছে। ক্লিনার-ওয়ার্ড বয়ের টাকা ছাড়া কোনো কাজ হয় না।”

অভিযুক্ত কর্মচারী আব্দুল জব্বার দাবি করেছেন, তিনি একজন গুরুতর অসুস্থ রোগীর জন্য অক্সিজেন সরিয়েছিলেন।

খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ বলেন, “হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে। কোনো অবস্থাতেই ডাক্তার ছাড়া ক্লিনারের এমন কাজের সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫