ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনবে সরকার?

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-অগাস্টে বাংলাদেশে সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার।

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।”

এর আগে, গত অক্টোবরে শেখ হাসিনাসহ পলাতকদের গ্রেফতার করে আগামী ১৮ই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে আদালত।

ইন্টারপোলে রেড নোটিশ দিয়ে শেখ হাসিনাসহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ, কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কি না সেই প্রশ্নও উঠছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, “ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে।”

গত মাসেই ভারত সরকার নিশ্চিত করে জানিয়েছে যে শেখ হাসিনা তাদের দেশেই অবস্থান করছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে ‘প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা’য় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দিদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে ২০১৩ সাল থেকেই।

তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।




বাউফলে বাকবিতণ্ডার জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় লামিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিশুরি বন্দরের একটি বহুতল ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া আক্তার ধুলিয়া ইউনিয়নের শিকদার বাজার গ্রামের রাজমিস্ত্রি নাসির উদ্দিনের মেয়ে।

স্বজনরা জানান, লামিয়া তার স্বামী আবুল কালাম আজাদের সাথে কালিশুরি বন্দরের ভাড়া বাসায় থাকতেন। ছোটবেলা থেকেই লামিয়া অভিমানী প্রকৃতির মেয়ে ছিলেন। সামান্য বিষয়েই অভিমান করে পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখতেন। আজ সকালে স্বামী আবুল কালাম আজাদের সাথে কিছু বিষয়ে তর্কাতর্কি হয়। এরপর অভিমানে ঘরের ফ্যানের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছে তার পরিবার।

স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দিলে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় লামিয়ার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বনানীতে যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগ গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাতে বনানীর ২৭ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। তিনি জানান, শামীম আল সাইফুল সোহাগ যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামীম আল সাইফুল সোহাগ। তবে দলীয় টিকিট না পেয়ে পরে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেন।

শামীম আল সাইফুল সোহাগের বিরুদ্ধে গ্রেপ্তারের পর তদন্ত কার্যক্রম চলছে এবং তাকে দ্রুত আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে। সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলার আসামি হিসেবে শম্ভুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পাঁচবার বরগুনা-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। পেশায় আইনজীবী হলেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত ২৫ আগস্ট দুদক শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ক্যান্টনমেন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হতাহতের ঘটনায় দায়ের করা মামলা সমূহের তদন্তে তার নাম উঠে আসে। গ্রেপ্তারের পর শম্ভুকে আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে ব্যবসায়ীকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাই

পটুয়াখালীর বাউফল উপজেলায় আবুল কালাম ওরফে কুট্রি মল্লিক নামের এক পাইকারি মুদি ব্যবসায়ীকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা ঘটেছে সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে, বাউফল পৌর শহরের লিচুতলা এলাকায়।

ভুক্তভোগী কুট্রি মল্লিক কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকার একজন পাইকারি ব্যবসায়ী। তিনি জানান, বগা বন্দরের খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা সংগ্রহ করে রাতে কালাইয়া বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন একজন কর্মচারী। লিচুতলা এলাকায় পৌঁছানোর পরপরই ১৫-২০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর তাদের ওপর হামলা চালিয়ে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হলেও কাউকে তিনি চিনতে পারেননি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, “ঘটনার বিষয়ে ভুক্তভোগী অভিযোগ করেছেন এবং আমরা এর ভিত্তিতে তদন্ত শুরু করেছি। দুর্বৃত্তরা স্থানীয় নয় বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ জোরালো চেষ্টা চালাচ্ছে।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাতের অন্ধকারের কারণে কেউ ঠিকভাবে কিছুই দেখতে পারেনি, ফলে ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে নানা পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাউফল থানা পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত: আপিল বিভাগের রায়

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দশ বছরের সাজা আপিল বিভাগ স্থগিত করেছে। সোমবার (১১ নভেম্বর) তিন সদস্যের একটি বিচারপতি বেঞ্চ এ আদেশ দেন, যেখানে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর হয়। এর ফলে তাকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড আপাতত স্থগিত থাকছে।

এদিন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত বেঞ্চ মামলার সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে দুদক (দুর্নীতি দমন কমিশন) জানায়, জিয়া অরফানেজে কোনো অর্থ আত্মসাৎ হয়নি। তবে ২০১৮ সালের রায়ে বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন, যা পরে হাইকোর্ট দশ বছরে উন্নীত করে।

এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও তাকে সাত বছরের সাজা দিয়েছিল বিশেষ জজ আদালত। হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন মঞ্জুর হলেও রাষ্ট্রপতির ক্ষমা চাওয়ার পথে না গিয়ে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তার আইনজীবীরা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন আদালত।

আজ (সোমবার) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।




পটুয়াখালী সদর উপজেলার বদরপুরে পুলিশের কর্মকর্তার বাড়িতে ভয়াবহ ডাকাতি, আহত দুইজন

পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রামে শনিবার দিবাগত রাতে একটি পুলিশ কর্মকর্তার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল ডাকাত ওই পুলিশ কর্মকর্তার মা ও ভাইকে কুপিয়ে এবং অন্য পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। হামলায় আহত মা ও ভাইকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বরিশালের গৌরনদী-আগৌলঝাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাখির বাড়িতে। ডাকাতির শিকার হলেন— সুলতানা রাখির মা রিনা বেগম, বাবা আবদুস সালাম তালুকদার ও ভাই ইসতিয়াক বিন ইসলাম জাবের।

গৃহস্থ আবদুস সালাম তালুকদার জানান, রাত সোয়া দুইটার দিকে তিনি কোলাহলের শব্দে ঘুম থেকে উঠে দেখেন, তার ছেলেকে মারধর করা হচ্ছে এবং স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে আলমিরার চাবি দেওয়া হলে ডাকাতরা নগদ ৯৮ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।

তিনি আরও জানান, ডাকাতরা মাইক্রোবাসে করে এসে বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের সঙ্গে আরও ৪-৫ জন বাইরে ছিল। বাড়িতে ছিলেন গৃহস্থের ছোট মেয়ে আশ্রাফি সুলতানা মুন ও মেয়ে জামাই আবদুল্লাহ আল মামুন। পরে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার বলেন, “এ ঘটনায় তদন্ত চলছে এবং জেলা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরির ঘটনা, লক্ষাধিক টাকার মালামাল লুট

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে, কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া বড় কলবাড়ি বিবি রিজিয়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় শিক্ষক মোঃ জসিম উদ্দীনের বাসায় এই দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এতে চোরচক্র বাসার নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা, প্রায় ৭ ভড়ি স্বর্ণালংকার, পোশাকসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ঘটনার সময় শিক্ষক মোঃ জসিম উদ্দিন ঢাকায় ছিলেন, তার পরিবারের সদস্যরা ওইদিন ঢাকা বেড়াতে গিয়েছিলেন। তিনি স্কুল থেকে বাসায় ফেরেননি।

রবিবার সকালে প্রতিবেশীরা ফোন করে জানান যে, তার বাসায় চুরি হয়েছে। এরপর তিনি বাসায় এসে দেখেন, বাসার গেট ভাঙা, বৈদ্যুতিক লাইন বিছিন্ন এবং সিসি ক্যামেরা ভাঙা। এছাড়া আলমিরাতে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও ৭ ভড়ি স্বর্ণালংকারসহ আরও বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

কলাপাড়া থানার ওসি জুয়েল আহমেদ জানিয়েছেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে দুই দফায় উদ্ধার হলো ৬টি চোরাই গরু, মালিকের খোঁজ চলছে

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রাম থেকে শুক্রবার ও শনিবার দুই দফায় ৬টি গরু উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, এগুলো চোরাই গরু হতে পারে। গরুগুলোর প্রকৃত মালিক এখনো শনাক্ত হয়নি, তবে পুলিশ ও স্থানীয় প্রশাসন তাদের সন্ধান করছে।

স্থানীয়দের মতে, শুক্রবার রাতে চরকচুয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় ৬টি গরু দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দুটি গরু উদ্ধার করতে সক্ষম হন। পরে গ্রাম পুলিশকে খবর দিলে তারা গরু দুটি উদ্ধার করার জন্য স্থানীয়দের সহযোগিতা নিয়ে তা উদ্ধার করেন। এরপর শনিবার (১০ নভেম্বর) আরো ৪টি গরু উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, গরুগুলোর চুরি করে সরিয়ে ফেলার চেষ্টা চলছিলো।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সাংবাদিক সোহেল আহমেদ বলেন, “এখানে দীর্ঘদিন ধরে গৃহপালিত পশু চুরির ঘটনা ঘটছে। এর আগে একাধিক ব্যক্তি চোরাই পশুসহ গ্রেপ্তার হয়েছিলো।” তিনি আরও জানান, “এখন ইউনিয়নের মানুষ কিছুটা নিরাপদ মনে করলেও, এই নতুন ঘটনা আবারও উদ্বেগ সৃষ্টি করেছে।”

স্থানীয় দফাদার কবির জানান, “শুক্রবার রাতে স্থানীয়রা দুটি গরু রক্ষণাবেক্ষণের জন্য আমার কাছে রেখে যায়, পরে শনিবার আরও চারটি গরু পুলিশ উদ্ধার করে আমার কাছে জমা দেয়।”

এ বিষয়ে ইউপি সদস্য দুলাল সিকদার জানান, “বাউফল থানার ইন্সপেক্টর শাহাবুদ্দিন স্যার গত শনিবার দুটি এবং আজ (রবিবার) চারটি চোরাই গরু আমার কাছে রেখে যান। গরু গুলোর প্রকৃত মালিক না পাওয়ায়, তাদের পরিচর্যা ও দেখাশোনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।”

বাউফল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বলেন, “গরুর প্রকৃত মালিকের খোঁজে অনুসন্ধান চলছে এবং পশু চুরি সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশ।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম