বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে সরকারের উদ্যোগ জানতে চিঠি




সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, রাতে উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

কামরুল ইসলাম ২০০৮ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। ২০১৪ সালের নির্বাচনে জেতার পর হন খাদ্যমন্ত্রী। তিনি টানা চারবার এমপি নির্বাচিত হন। বিএনপি ও দলটির নেতাকর্মীদের নিয়ে কটূ কথা বলে আলোচনায় থাকতেন কামরুল ইসলাম।

কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ আছে। এ ছাড়া খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধমে ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তখন বিষয়টি নিয়ে প্রচুর সমালোচনার সৃষ্টি হয়। নানা অভিযোগে কামরুল ইসলামের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।




পটুয়াখালীতে বিশেষ কৌশলে ওজনে প্রতারণা, বিপাকে ক্রেতারা

পটুয়াখালী পৌর নিউ মার্কেটের মুরগী বাজারে বিশেষ কৌশলে ওজনে কারচুপির ঘটনা প্রকাশ পেয়েছে। এতে ক্রেতারা পণ্য কিনে ওজনে ঠকছেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে ভোক্তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সরেজমিনে নিউ মার্কেটের মুরগী ব্যবসায়ী তুহিনের দোকানে দেখা যায়, তার ডিজিটাল ওজন যন্ত্রে একটি গুনা বাঁধা আছে। এ গুনাটি নিচে টেনে ধরলেই মিটারের স্কেলে অতিরিক্ত ওজন প্রদর্শিত হয়। ক্রেতারা অভিযোগ করেন, এই কৌশলে প্রতি কেজিতে ১০০-২০০ গ্রাম কম পণ্য দিচ্ছেন ব্যবসায়ীরা। এতে করে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে দ্রুত বাজার মনিটরিংয়ে আসেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ শোয়াইব মিয়া। তিনি বলেন, “তুহিনের মুরগীর দোকানে ডিজিটাল ওজন যন্ত্রে প্রতারণার প্রমাণ পেয়েছি। এ কারণে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তুহিনের বড় ভাই অপু বলেন, “আমাদের তিনটি দোকান আছে, যেগুলো একসঙ্গে পরিচালনা করা সম্ভব হয় না। মোহসীন নামে এক কর্মচারী এই দোকানটি দেখাশোনা করতেন। তার ওজনে কারচুপির বিষয়ে আমরা জানতাম না।”

বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, তুহিনের দোকানটি সবসময় বাজার দামের থেকে ১০-২০ টাকা কমে মুরগী বিক্রি করত, তবে প্রতি কেজিতে ১০০-২০০ গ্রাম কম দিয়ে সেই ঘাটতি পুষিয়ে নিত। বাজারের অন্য মুরগী ব্যবসায়ী মো. মামুন বলেন, “তাদের কারণে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। আমরা চাই প্রশাসন এর কঠোর ব্যবস্থা নিক।”

স্থানীয়রা দাবি করেছেন, প্রতিটি দোকানে ডিজিটাল ওজন যন্ত্র ক্রেতাদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়া প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারি চালানোর আহ্বান জানানো হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, “বাজার মনিটরিং আরও কঠোর করা হবে। কোনো ধরনের প্রতারণার ঘটনা পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে মাদকবিরোধী মানববন্ধন, আইনি পদক্ষেপের দাবি

পটুয়াখালীর বাউফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বাউফল-বরিশাল মহাসড়কের গোসিংগা গ্রামের আফছেরের গ্যারেজ এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একাধিক মাদক ও হত্যা মামলার আসামি মিন্টু মৃধা এলাকার পরিবেশ নষ্ট করছেন। পুলিশের এক কর্মকর্তার আত্মীয় হওয়ায়, তিনি বারবার গ্রেফতার হওয়া সত্ত্বেও আইনের ফাঁক ফোকর দিয়ে দ্রুত জামিন পেয়ে যান এবং পুনরায় মাদক ব্যবসা শুরু করেন। বক্তারা আরও অভিযোগ করেন, মিন্টু মৃধার স্ত্রী রাবিয়া, একই পরিবারের রাকিব ও মুসাও মাদক ব্যবসার সাথে জড়িত।

গোসিংগা ও বীরপাশা গ্রামের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজসেবক রিয়াজ মৃধা, সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন, ইউপি সদস্য আব্দুল মালেক খান এবং স্থানীয় যুবদল নেতা আলী আজগর সুজনসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা দাবি করেন, মাদকের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এলাকার পরিবেশ আরও অবনতি ঘটবে। বক্তারা প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গণহত্যা’: হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ১৭ ডিসেম্বর মধ্যে

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-অগাস্টের ‘গণহত্যার’ মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পাশাপাশি সাবেক মন্ত্রীসহ ১৩ জনকে ‘গণহত্যার’ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে এ আদালত।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে বলেন, প্রাথমিক তদন্তে জুলাই অগাস্টে ‘নিপীড়নের পটভূমি’ পাওয়া গেছে। তদন্ত শেষ করার জন্য দুই মাস সময় প্রয়োজন।

পরে ট্রাইব্যুনাল এক মাস সময় দিয়ে ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।




পটুয়াখালীতে কচ্ছপ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, উদ্ধারকৃত কচ্ছপ অবমুক্ত

পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকায় কচ্ছপ ক্রয়-বিক্রির অভিযোগে এক মৎস্য ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৭ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে উদ্ধারকৃত ৪টি সুন্ধি কচ্ছপ প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. সোহেল হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীকে কচ্ছপ বিক্রির দায়ে জরিমানা করেন। তিনি জানান, “কচ্ছপ এক ধরনের বন্যপ্রাণী যা প্রায় বিলুপ্তির পথে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী কচ্ছপ আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এ অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উদ্ধারকৃত কচ্ছপগুলো লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।”

এনিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের সদস্য আসাদুল্লাহ হাসান মুছা জানান, দীর্ঘদিন ধরে সোহেল হাওলাদার কচ্ছপ বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য তাদের কাছে ছিল। সেই সূত্র ধরে রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দোকান থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

অভিযানকালে পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি এবং এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কচ্ছপগুলো নিরাপদে মুক্ত করে দেওয়া হয়, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পনু শরীফ রিয়াদ (৩৬) নামে এক আইনজীবীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রিয়াদকে তার বাড়ির সামনে একা পেয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে এই হামলা হয়। জানা যায়, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিয়াদের উপর হামলা চালায়। তাদের হাতে ছিল বাংলা দা, লোহার রড, বাশের লাঠি এবং কাচি। এলোপাতাড়ি মারধরের ফলে রিয়াদ গুরুতরভাবে আহত হন। এসময় তার সাথে থাকা প্রায় ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

রবিবার (১৭ নভেম্বর) সকালে পুলিশ মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালি এলাকা থেকে অভিযুক্ত সাব্বির রহমান রিপনকে (৩০) গ্রেফতার করে। রিপন পটুয়াখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

হামলার পর আহত আইনজীবী রিয়াদ নিজেই মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, শাহজাহান হাওলাদার ও তার দুই ছেলে রিপন ও লিটন মিলে তাকে মারধর করে। এ ঘটনায় অভিযুক্ত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন, “একজন আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এছাড়া রাতে বিভিন্ন মামলায় আরও ৩ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ ১৩ জন

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের ১৩ জন মন্ত্রী, সংসদ সদস্য ও আমলাকে হাজির করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁদের আজ সোমবার গ্রেপ্তার দেখানো হতে পারে।
আজ সকাল ১০টার দিকে ঢাকার পুরাতন হাইকোর্ট ভবন প্রাঙ্গণে তাঁদের হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে হত্যা, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য শাজাহান খান।




প্রথমবারের মতো ট্রাইব্যুনালে তোলা হচ্ছে ১৪ জনকে

চন্দ্রদ্বীপ ডেস্ক: জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় সোমবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট ১৪ জনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহি, আ. রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এর আগে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।




কুয়াকাটা পাবলিক টয়লেট থেকে মরদেহ উদ্ধার

পটুয়াখালী জেলার কুয়াকাটার একটি পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৩.৩০ মিনিটে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন পাবলিক টয়লেট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নুর হোসেন খুলনার বাটিয়াঘাটা উপজেলার জলমাই ইউনিয়নের বাসিন্দা এবং তিনি ওই এলাকার শাজাহান মালের পুত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন ১৪ নভেম্বর সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। এরপর বেলা ১১টার দিকে তিনি কুয়াকাটার ব্যবসায়ী বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। সে সময় তিনি বন্ধুকে জানান যে, তার বুকে ব্যথা হচ্ছে এবং টয়লেটে যাবেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

বিজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, “আমরা দুজন মেলা দেখতে কুয়াকাটায় এসেছিলাম। ওই সময় নুর হোসেন তার বুকে ব্যথা অনুভব করে এবং টয়লেটে যেতে বলে, তারপর তার আর কোনো খোঁজ মেলেনি।”

পরে নুর হোসেনের পরিবার খুলনা থেকে এসে কুয়াকাটায় এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে, কিন্তু তার সন্ধান না পেয়ে পুলিশকে অবহিত করেন।

টয়লেটের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকার পর, কর্তৃপক্ষ ভেতর থেকে টয়লেটের ওপর থেকে দেখে, ওই ব্যক্তি মাটিতে পড়ে আছেন। এরপর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে এটি অসুস্থতার কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম