“দুই গুম ও এক হত্যা মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দুই গুম ও একটি হত্যা মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল গুমের অভিযোগে দায়ের দুটি মামলার পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেছে। এছাড়া, রামপুরায় গত বছরের ১৮ ও ১৯ জুলাই গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আসামিদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনার পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন কোথায় রাখা হবে।” তিনি আরও জানান, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনার ক্ষেত্রে সেনাবাহিনী সহযোগিতা করেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান।
সকালে ৭টা ১৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিজনভ্যান থেকে নামিয়ে পুলিশ সদস্যরা তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যান।
অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মোস্তফা সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, লে. কর্নেল সারওয়ার বিন কাশেম, কর্নেল মশিউল রহমান জুয়েল, লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহম্মেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, লে. কর্নেল মখচুরুল হক (অব.), ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার ও কর্নেল কেএম আজাদ।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








