সাবেক প্রতিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এবং তাঁর স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে মোট প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করেন। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিববুর রহমানের বিরুদ্ধে ৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৪৭৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর ২৩টি ব্যাংক হিসাবে ২৩ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৫৭৬ টাকার লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন মহিববুর রহমান ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তার। ফাতেমার বিরুদ্ধে ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১১টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, স্বামীর অবৈধ সম্পদ থেকে ফাতেমা সম্পদশালী হয়েছেন।

দুদকের মামলার প্রক্রিয়া শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে পটুয়াখালীজুড়ে আলোচনা চলছে। এই মামলাগুলোকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দশমিনায় হত্যা মামলার আসামি সোহাগ মেম্বার গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনায় হত্যা মামলার প্রধান আসামি মো. সোহাগ মেম্বারকে রাজধানীর আগারগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দশমিনা থানা–পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম হাওলাদারকে (৬৬) পার্শ্ববর্তী নেহাগঞ্জ চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যায় সোহাগসহ কয়েকজন। তাদের বিরুদ্ধে নুর ইসলামকে মারধর করে খালের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সোহাগ মেম্বার ছাড়াও আ. কাইয়ূম, আ. রহিম বেপারী, মো. শাহজাহান মৃধা, মোসা. রুনু বেগম, মো. রিপনসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পালিয়ে ছিলেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, গ্রেপ্তার সোহাগ মেম্বারকে থানায় আনা হয়েছে এবং মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য, এটি প্রক্রিয়াধীন।

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।

সম্প্রতি ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুমাসে নয় বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না।

তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বর্ডার (সীমান্ত) আছে সেটি পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন আমাদের বিজিবির সঙ্গে তাদের কথা বলার অবস্থা নেই। তাদের (আরাকান আর্মি) সঙ্গে এখন আনঅফিশিয়ালি কথা বলা গেলেও অফিশিয়াল কথা বলার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমি ডিটেইলস (বিস্তারিত) বলতে পারবো না, আপনারা (সাংবাদিক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করতে পারেন তারা ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে একটা ভালো ফল পাবো।




পটুয়াখালীতে ভুয়া নৌবাহিনী সদস্যের চাঁদাবাজি, আটক ২

পটুয়াখালীতে ভুয়া নৌবাহিনী সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে পটুয়াখালী সদর উপজেলার শিয়ালি বাজারের তেলের পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (২৮) এবং তার সহযোগী মো. সেলিম সরদার (২৫)।

জানা গেছে, রোববার সকালে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে শিয়ালি বাজার তেলের পাম্প এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা তুলছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীর হোসেনকে আটক করে। এ সময় তার সহযোগী মো. সেলিম সরদারকেও আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

স্থানীয়রা এ ধরনের প্রতারণার বিরুদ্ধে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাষ্ট্রপতির কার্যালয়ে জন বিভাগের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে রোববার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পাওয়া ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসে ১৯৮২ ব্যাচ অন্যতম মেধাবী ব্যাচ হিসেবে পরিচিত। ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় নাসিমুল গনির অবস্থান ছিল ৬ষ্ঠ।




যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও।

আর এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। রোববার (২২ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে।




শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে ইতোমধ্যে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

রোববার প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বাসসকে বলেন, প্রসিকিউশন আবেদন করেছে। পরবর্তী অগ্রগতির বিষয়টি দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় গত ১৭ অক্টোবর প্রসিকিউশনের আবেদনে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো: মোহিতুল হক এনাম চৌধুরী।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

গত জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এই অপরাধের বিচার কাজ চলছে।

সূত্র : বাসস




৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করেছিল দুদক। ওই টিমকেই ৩০০ মিলিয়ন ডলারের পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কমিশন।

অভিযোগ সূত্রে জানা যায়, আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে। ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। এফবিআইয়ের তদন্তে সজীব ওয়াজেদ জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়। বিশেষ করে, তার নামে থাকা হংকং এবং কেম্যান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেন্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাচারের তথ্য উঠে আসে। এফবিআই তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে যে সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে। ডিপার্টমেন্ট অব জাস্টিসের (ডিওজে) সিনিয়র ট্রায়াল এটর্নি লিন্ডা সেমুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি বা ৫৯ হাজার কোটি টাকাসহ বিভিন্ন প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়নসহ ৮টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্যান্য প্রকল্পগুলোতে ২১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।




সাদপন্থী নেতা মোয়াজ বিন নুর গ্রেফতার

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিব ইস্কান্দার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জোবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাদপন্থী মাওলানা সাদ কান্ধলভির ২৯ জন অনুসারীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলার ৫ নম্বর আসামি মোয়াজ বিন নূর (৪০) রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার হন।

সংঘর্ষের পটভূমি:
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে ইজতেমা মাঠে প্রবেশের চেষ্টা করে। এ সময় মাঠের ভেতর অবস্থান করা মাওলানা জোবায়ের অনুসারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সাদপন্থীরা পাল্টা হামলা চালিয়ে মাঠে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে এবং গুরুতর আহত এক ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোয়াজ বিন নূর উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা। তার পিতার নাম মৃত নুর মোহাম্মদ। মামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাড়ে ১৫ বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিদ্ধান্তে উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। টিমের অন্য সদস্যরা হলেন- উপপরিচালক সাইদুজ্জামান নন্দন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, এসএম রাশেদুল হাসান ও একেএম মর্তুজা আলী সাগর। বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালককে এই টিমের তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ হাসিনা পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানকালে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ, সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি।

অভিযোগ : রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি বা ৫৯ হাজার কোটি টাকাসহ বিভিন্ন প্রকল্পে ওঠা ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের উদ্যোগ নেয় দুদক। অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়ণসহ ৮টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্য প্রকল্পগুলোতে ২১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।