পারিবারিক বিরোধে পটুয়াখালীতে গৃহবধূকে হ*ত্যা,  আটক স্বামী

পটুয়াখালীর ছোট আউলিয়াপুরে নুরজাহান বেগম (৪৫) নামে এক গৃহবধূকে নির্মমভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী নুর মোহাম্মদ হাওলাদারকে আটক করেছে।

রবিবার (৫ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার বলাইকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

নুরজাহানের পুত্রবধূ রোজি আক্তার ও নুপুর আক্তার জানিয়েছেন, দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন রাতে নুর মোহাম্মদ তার স্ত্রীকে তালাক দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তবে পুত্রবধূদের হস্তক্ষেপে রাতের বিবাদ সাময়িকভাবে থেমে যায়। সবাই ঘুমিয়ে পড়ার পর রাত ৩টার দিকে নুর মোহাম্মদ গলা কেটে নুরজাহানকে হত্যা করে পালিয়ে যান।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ জানান, “আমরা ঘটনার পরপরই অভিযান চালিয়ে নুর মোহাম্মদকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

এ হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নুরজাহানের স্বজনরা দ্রুত দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আপিল খারিজ, তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে রোববার (৫ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

তারেক রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আজমল হোসেন খোকন।

গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।




পটুয়াখালীতে প্রতিবেশীদের হামলায় ১০ জন আহত

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের কালীচন্না গ্রামে প্রতিবেশীদের হামলায় জাকির আকনের বাড়ির ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে পঞ্চমবারের মতো এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে জাকির হোসেন (৪২), তার মা ফুলবানু বেগম (৭৫), স্ত্রী ফাতেমা বেগম (৩৮), ভাই আউয়াল আকন (৩৫), বোন সাহাভানু, হাসিনা বেগম ও পুত্র রনি (১৮) রয়েছেন। গুরুতর আহত ফাতেমা বেগম ও জাকির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আউয়াল আকন জানান, প্রতিবেশী মোতাহার ও মোকলেছ তাদের বাড়ি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। গত ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি ধারাবাহিকভাবে আকন বাড়িতে হামলার ঘটনা ঘটে। একাধিকবার ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নিলেও সন্ত্রাসীরা আবারও হামলা চালিয়েছে। সর্বশেষ হামলায় ১০ জন আহত হন এবং বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

আকন পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইমতিয়াজ জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আদালত পাড়ায় পুলিশ ছিল ‘নির্বিকার’

চন্দ্রদ্বীপ ডেস্ক: চট্টগ্রাম আদালত এলাকায় গত ২৬ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হাতে নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। আইনজীবীদের অভিযোগ, ওই দিন নির্বিকার ছিল পুলিশ। শুধু তা-ই নয়, অনুরোধ করার পরও আদালত এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়নি।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আদালত যেহেতু কোতোয়ালি থানা এলাকায়, এ কারণে নিরাপত্তার দায়িত্ব বর্তায় ওই থানা পুলিশের কাঁধে।

আইনজীবীরা জানান, গুরুত্বপূর্ণ আসামিদের বিচারিক প্রক্রিয়ার শুনানিতে বিপুল আইনজীবী অংশ নেন। এ ছাড়া আদালত পাড়ায় বিশৃঙ্খলা এড়াতে আসামিকে আদালতে তোলার আগে বিচারকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকেন কোতোয়ালি থানার ওসি। পরে সকাল কিংবা বিকেলে আসামিকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, প্রভাবশালী আসামিদের আদালতে হাজির করার আগে বিভিন্ন সতর্কতা ব্যবস্থা নেয় পুলিশ। কিন্তু আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের দিন আদালত পাড়ায় পুলিশ ছিল ‘নির্বিকার’।




তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির চারটি মামলা বাতিল করেন হাইকোর্ট। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

আগামীকাল রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে।

আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি।

নতুন বছরে দেশ গঠনের বার্তা দিলেন তারেক রহমান
গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয়।




বিশ্ব ইজতেমা ময়দানের ১৪৪ ধারা প্রত্যাহার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় কমিশনারের প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে যে আদেশ জারি করা হয়েছিল, তা বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত ১৭ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় তিনজন নিহত এবং উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন। সংঘর্ষের জেরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইজতেমা ময়দান ও আশপাশের তিন কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল।

সংঘর্ষে প্রাণহানি ও উত্তেজনা সৃষ্টির পর ইজতেমা ময়দানকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে পরিস্থিতি শান্ত হওয়ায় এবং প্রয়োজনীয় পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ প্রত্যাহার করা হলো।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালী ইউপি চেয়ারম্যান অপহরণ: ৩৪ ঘণ্টা পর উদ্ধার

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণের ৩৪ ঘণ্টা পর ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি ঢাকায় ডিবি হেডকোয়ার্টারে রয়েছেন।

ডিবি পুলিশ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে কেরানীগঞ্জের ইকরিয়া এলাকার একটি তালাবদ্ধ ঘরের বাথরুম থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এ বিষয়ে সন্ধ্যায় বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ডিবি।

চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পটুয়াখালী লেবুখালী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে গ্রিনলাইন পরিবহনের একটি বাসে উঠেছিলেন। ভোরে বাসটি পদ্মা সেতু পার হয়ে ঢাকার কেরানীগঞ্জের ইকরিয়া এলাকায় পৌঁছালে এক যাত্রীর নামার কথা বলে বাস থামানো হয়। এ সময় ১৪-১৫ জন সশস্ত্র ব্যক্তি বাসে উঠে অন্য যাত্রী ও চালককে ভয় দেখিয়ে সেলিমকে নামিয়ে মাইক্রোবাসে করে নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, অপহরণকারীরা চেয়ারম্যানের স্ত্রীর কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। তাৎক্ষণিকভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা পাঠানো হলেও পরে অপহরণকারীরা যোগাযোগ বন্ধ করে দেয়। এ অবস্থায় তার স্ত্রী ফারহানা কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

খবরটি পটুয়াখালীতে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন মহল বিষয়টি জানিয়ে সহযোগিতা চান। ডিবি পুলিশ বিভিন্ন কৌশল ব্যবহার করে বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের একটি তালাবদ্ধ ঘর থেকে আহত অবস্থায় চেয়ারম্যান সেলিমকে উদ্ধার করে।

চেয়ারম্যানের ছোট ভাই কাজী সাহিন জানান, অপহরণকারীরা চেয়ারম্যানকে শারীরিকভাবে নির্যাতন করেছে। ডিবি পুলিশ বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। এ বিষয়ে সন্ধ্যায় একটি প্রেস ব্রিফিং করবে তারা।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




বঙ্গোপসাগরে আটক ভারতীয় জেলেদের মুক্তি

মা ইলিশসহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে ২২ দিনের মৎস্য অবরোধ চলাকালে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক হওয়া ৩১ জন ভারতীয় জেলের মুক্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা কারাগার থেকে তাদের কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করা হয়।

পটুয়াখালী জেলা কারাগারের সুপার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।

তিনি আরও জানান, মোংলা, বাগেরহাট ও চট্টগ্রামের কারাগার থেকে হেফাজতে থাকা আরও ৬৪ ভারতীয় জেলের মুক্তি এবং ট্রলার হস্তান্তরের আনুষ্ঠানিকতা আগামী দুই একদিনের মধ্যেই সম্পন্ন হবে। এ সময় পর্যন্ত মুক্ত জেলেরা কোস্টগার্ডের হেফাজতে থাকবেন।

এ সময় পটুয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং কোস্টগার্ড দক্ষিণ জোনের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বন্দি বিনিময়ের আওতায় বাংলাদেশের ৯০ জন জেলেও ভারতের জেলে আটক রয়েছেন। তাদেরও একই সময়ে মুক্তি দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। মুক্ত জেলেদের পরিবারের সদস্যরা এ ঘটনায় উচ্ছ্বসিত।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




 ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ এর জামিন আবেদন নামঞ্জুর

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করায় আদালত তা মঞ্জুর করেননি।

গত ২৫ নভেম্বর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, এটি রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আদালত জামিন মঞ্জুর করেননি।

চিন্ময়ের পক্ষে আজ শুনানিতে উপস্থিত ছিলেন ১১ জন আইনজীবী। তারা সুপ্রিম কোর্ট থেকে আসা একটি বিশেষ আইনি দলের নেতৃত্ব দিচ্ছিলেন।

এর আগে ৩ ডিসেম্বরের শুনানিতে কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় আদালত আজ (২ জানুয়ারি) পুনরায় শুনানির দিন নির্ধারণ করেন। চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ এর আগেও তিনবার আবেদন করলেও ওকালতনামার জটিলতার কারণে শুনানি এগিয়ে আনতে পারেননি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




স্ট্যাটাস দিলেন পলাতক মনিরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলামের। এরপর ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বুধবার (১ জানুয়ারি) সকালে হঠাৎ করে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন মনিরুল ইসলাম।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৫।’

এ নিউজ লেখা পর্যন্ত তার স্ট্যাটাসটি সাতান্নটি লাইক, উনত্রিশটি কমেন্ট ও একটি শেয়ার হয়। এতে অনেকেই তার পক্ষে কমেন্ট করেন। আবার কেউ তার বিরুদ্ধে লেখেন।

আল মামুন নামে একজন লিখেছেন, ‌‘কিরে ভণ্ড হাজার হাজার নিরীহ মানুষদের জঙ্গি নাটক সাজিয়ে খুন করেছত। এই মুহূর্তে তোমাকে দেশে খুব প্রয়োজন।’

মো. রাজু পারভেজ মল্লিক নামে একজন লিখেছেন, ‌‘নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন ভাই।’