বরিশালে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বরিশালে কিশোরী বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে হারুন মোল্লা নামে ২২ বছর বয়সী এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তার এক লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই আদেশ দেন।

রায়ের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। রায় ঘোষণার সময় দণ্ডিত হারুন আদালতে ছিলেন। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

দণ্ডিত হারুন মোল্লা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালিদাসিয়া গ্রামের বাসিন্দা সিদ্দিক মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী জানান, বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ২০১৮ সালের ৭ মে অপহরণ করা হয়। পরে মেয়েটিকে মারধর ও জখম করার হুমকি দিয়ে ধর্ষণ করে। এ অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে আদালতে নালিশি অভিযোগ করেন।

বিচারক অভিযোগটি আমলে নিয়ে বরিশাল মহানগর বন্দর থানা পুলিশকে মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন। পরে বন্দর থানার এসআই মো. আ. ছবুর ২০১৮ সালের ১৩ জুলাই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাতজনের সাক্ষ্য নিয়ে রায় দেন।

বেঞ্চ সহকারী আরও বলেন, দণ্ডিত হারুনকে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক। জরিমানা অনাদায়ে তার আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া পৃথক অপরাধ ধর্ষণের দায়ে হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার দুই সাজা একসঙ্গে কার্যকর হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভালো চাকরি দেওয়ার কথা বলে বিদেশে পাচার, ৪ জনের বিরুদ্ধে মামলা

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মনির তালুকদার নামের এক যুবককে পাচারের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশালের মানব পাচার ট্রাইব্যুনালে দায়ের করা এ মামলায় আদালত গৌরনদী থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন:

1. মো. মনির ফকির

2. দোহাই ফকির

3. শম্পা বেগম

4. জাহানারা বেগম

 

মামলার বিবরণ

গৌরনদী থানার পূর্ব ডুমুরিয়া গ্রামের মো. মনির তালুকদার মঙ্গলবার (৬ জানুয়ারি) বরিশালের মানব পাচার ট্রাইব্যুনালে মামলা করেন। বাদীর ভাষ্য মতে, ২০২৪ সালের ৩ মার্চ আসামিরা সৌদি আরবে ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে তিন লাখ টাকা নেন। পরে ওই বছরের ৬ এপ্রিল বাদীকে সৌদি আরব পাঠানো হয়।

তবে, সৌদি আরবে পৌঁছানোর পর তাকে আটকে রাখা হয় এবং শারীরিক নির্যাতন করা হয়। স্থানীয় পুলিশের সহায়তায় মনির দেশে ফিরে আসেন। দেশে ফিরে মঙ্গলবার তিনি আদালতে মামলা করেন।

মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ অভিযোগ আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. তুহিন মোল্লা নিশ্চিত করেছেন।

এ ঘটনাটি আবারও বিদেশে কাজের প্রলোভনে পাচারের বিষয়ে সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কার্যালয় পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কোনোভাবেই আইনের বাইরে গিয়ে কাজ করা যাবে না।” তিনি পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত থেকে তাদের ইমেজ পরিচ্ছন্ন রাখার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, “নিয়োগ, বদলি এবং পদোন্নতি বর্তমানে স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি ও সিটিটিসির কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ দেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “ডিবির নির্ধারিত পোশাক ছাড়া কেউ গ্রেফতার করবে না। প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের বর্ডার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মিয়ানমারের আরাকান আর্মি ও সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। সীমান্তে শান্তি বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি।”

পরিদর্শনের সময় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




উপহারের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ

চন্দ্রদ্বীপ ডেস্ক: লন্ডনে একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করায় যুক্তরাজ্যের দুর্নীতি-বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ জোরাল হয়েছে। বহুল আলোচিত এই কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন টিউলিপ। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।<!--more-- ব্রিটিশ এই সংবাদমাধ্যমের সহযোগী দৈনিক দ্য মেইল অন সানডে টিউলিপ সিদ্দিকের কাছে একাধিকবার জানতে চায়, তাকে দুই শয্যাকক্ষের ফ্ল্যাটটি উপহার হিসোবে দেওয়া হয়েছে কি না। বর্তমানে যার বাজার মূল্য ৭ লাখ পাউন্ড; ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈরশাসক খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপারের মালিকানাধীন। জবাবে উপহার হিসাবে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি জোর দিয়ে বলেছেন, ফ্ল্যাটটি তার বাবা-মা তাকে কিনে দিয়েছেন। একই সঙ্গে দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন টিউলিপ।




পটুয়াখালীর বাউফলে ৫২ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৫২ ঘণ্টা অপহরণের পর এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পুলিশের একটি বিশেষ দল, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে, নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রাম থেকে অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শিবু বনিককে কচুয়া এলাকার একটি মসজিদের পাশে আটকে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে এবং সেখান থেকে শিবুকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বর্তমানে শিবু বনিক তার পরিবারের সঙ্গে নিরাপদে আছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, “আমরা রাত ১টার দিকে শিবু বনিককে উদ্ধার করেছি। তবে, পুলিশ আসার আগেই অপহরণকারীরা পালিয়ে যায়। তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।” তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর রয়েছে এবং অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে ৫ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ

পটুয়াখালী কলাপাড়ায় কাশেম (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত আটটায় ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। তবে এ ঘটনায় এখনো কাশেমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে শ্রমিকের কাজ করে কাশেম। গতকাল ভোররাত চারটার দিকে প্রতিবেশী ওই শিশুকে ঘুমন্ত অবস্থার তার মায়ের পাশ থেকে নিয়ে আসে কাসেম। ওই শিশুর মা শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় বিষয়টি তিনি বুঝতে পারেননি। পরে ওই শিশুকে পার্শ্ববর্তী বিলে নিয়ে ধর্ষণ করে একঘন্টা পর ফের বাড়িতে নিয়ে আসে। পরে সন্ধ্যায় ওই শিশু অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের সদস্যরা। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।




 বাউফলে ৩৬ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ব্যবসায়ী, চলছে ধর্মঘট

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে অস্ত্রের মুখে জিম্মি করে বিশিষ্ট ব্যবসায়ী শিবু বণিককে অপহরণের ৩৬ ঘণ্টা পার হলেও তাকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শিবু বণিকের পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।

গতকাল শনিবার থেকে কালাইয়া বন্দরের প্রায় ৫০০ ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেছেন। আজ রবিবার দ্বিতীয় দিনের মতো এই ধর্মঘট চলছে। বন্ধ রয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কার্গো জাহাজের পণ্য খালাস কার্যক্রম। দোকানপাট বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় ভয়াবহ ঘটনা ঘটে। ডাকাত দল শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে সাড়ে ৭ লাখ টাকা লুট করে এবং তাকে ট্রলারে করে অপহরণ করে। শিবু বণিক কালাইয়া বন্দরের একজন প্রভাবশালী ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটা, এবং অন্যান্য পণ্যের পাইকারি ব্যবসার পাশাপাশি বড় বড় কোম্পানির পরিবেশক হিসেবেও কাজ করেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, শিবু বণিককে উদ্ধারে পুলিশের কয়েকটি টিম নিরলসভাবে কাজ করছে। ধর্মঘট প্রসঙ্গে তিনি বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। আমরা সবাইকে আশ্বস্ত করছি, দ্রুত তাকে উদ্ধার করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

অপহরণকাণ্ডের এমন ভয়াবহতায় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

 




আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

চন্দ্রদ্বীপ ডেস্ক: আরো ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জানুয়ারি) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

হিসাব তলব করা সাংবাদিকরা হ‌লেন- দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাসসের সিনিয়র রিপোর্টার শাহনাজ সিদ্দিকী, ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম শামসুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেশাল করেসপন্ডেন্ট অনিমেষ কর, সমকালের সাংবাদিক রামা প্রসাদ, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মো. রুহুল আমিন রাসেল, বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক মাহমুদ হাসান, দৈনিক খোলা কাগজের সিনিয়র রিপোর্টার জাফর আহমেদ, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী, আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতির চিফ রিপোর্টার দীপক চৌধুরী, একুশে টিভির হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার, একাত্তর টিভির সাংবাদিক ঝুমুর বারী, একুশে সংবাদ ডটকমের সম্পাদক জিয়াদুর রহমান, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, এস এ টিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন এবং একুশে টিভির সাংবাদিক রাশেদ চৌধুরী।




ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল ৫০ বিচার কর্মকর্তার

ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে, ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি প্রদানপূর্বক জারি করা প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হলো।”

উল্লেখ্য, এই প্রশিক্ষণটি বিচার বিভাগীয় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য পরিকল্পনা করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে অংশগ্রহণ সংক্রান্ত অনুমতি প্রত্যাহার করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী জেলার পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে এক ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে, উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশানবাড়িয়া এলাকায় অবস্থিত ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের সিলিং ফ্যানের সঙ্গে সোহান প্রামাণিক নামে এক ইলেকট্রিশিয়ানের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত সোহান প্রামাণিক পাবনার সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মধু প্রামাণিকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোহান পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ম্যানপাওয়ার গাজী এন্টারপ্রাইজের ইলেকট্রিক মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। তিনি গত দুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে কাজে যোগ দেননি এবং রুমেই অবস্থান করছিলেন। বুধবার সন্ধ্যায় তার সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে লাইট জ্বালালে তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম