বিজিবির জন্য আসছে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস শেল কেনার অনুমতি পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির কাছে আগে থেকে প্রাণঘাতী অস্ত্র ছিল, তবে সাউন্ড গ্রেনেড বা কাঁদানে গ্যাসের মতো নন-লেথাল অস্ত্রের ব্যবস্থা ছিল না। তিনি বলেন, “অনেকে প্রশ্ন করেছেন কেন বিজিবি এগুলো ব্যবহার করেনি। আসলে বিজিবির কাছে এসব অস্ত্র ছিল না। এখন তাদের জন্য এগুলো ক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে।”
গত ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন বিএসএফ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ উঠেছিল। কিন্তু বিজিবি নন-লেথাল অস্ত্র না থাকায় তা ব্যবহার করতে পারেনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে বিজিবি যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, সেই লক্ষ্যে নতুন অস্ত্র যুক্ত করা হচ্ছে।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








