বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টে অধ্যাদেশ

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ ও আধুনিক করতে অধ্যাদেশ জারি করা হয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

অধ্যাদেশে একটি বিশেষ কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। এ কাউন্সিলের নেতৃত্ব দেবেন প্রধান বিচারপতি। তার সঙ্গে থাকবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত এবং একজন কর্মরত বিচারক, হাইকোর্ট বিভাগের দুজন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল। ছয় সদস্যের এই “সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল” সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ, যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে বিচারক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।

আইন উপদেষ্টা আরও বলেন, যেকোনো যোগ্য ব্যক্তি নিজে আবেদন করতে পারবেন বা অন্য কারও নাম প্রস্তাব করতে পারবেন। স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে অভিজ্ঞ, দক্ষ ও নিরপেক্ষ বিচারকদের নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া সুপ্রিম কোর্টে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার দাবির বিষয়েও আলোচনা চলছে। এটি বাস্তবায়নে আরও কিছু সময় প্রয়োজন বলে জানান অধ্যাপক আসিফ নজরুল।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সাইবার সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহার হবে : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সাইবার সিকিউরিটি আইনের অধীনে চলমান সব মামলাই প্রত্যাহার করা হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ নিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও বলেন, “দেশের ২৫টি জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলার কার্যক্রম প্রত্যাহার করা হবে।”

রাজনৈতিক মামলাগুলো প্রসঙ্গে তিনি বলেন, এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হতো। তবে এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতা ও নিরপেক্ষতার ভিত্তিতে। “এ লক্ষ্যে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ’ কার্যকর করা হচ্ছে,” তিনি যোগ করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে হাত, পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে গভীর রাতে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। একদল ডাকাত তার ঘরে ঢুকে তাকে হাত, পা ও মুখ বেঁধে হত্যা করে। এছাড়া ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুটপাট এবং আসবাবপত্র ভাঙচুর করে।

ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে। নিহতের দেবর শাহআলম মঙ্গলবার সকাল আটটার দিকে বাড়িতে এসে পেছনের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি শাহনাজ পারভীনকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত অবস্থায় পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহনাজ পারভীন ওই সময় ঘরে একা ছিলেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি ডাকাতি না দুর্ধর্ষ চুরির অংশ, তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, নীলগঞ্জ ইউনিয়নে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে, যা নিয়ে দীর্ঘদিন ধরেই তারা আতঙ্কে আছেন। তবে এমন নৃশংস হত্যাকাণ্ড তাদের আরও অসহায় করে তুলেছে। তারা পুলিশের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী বলছেন, পুলিশের কঠোর পদক্ষেপ ছাড়া তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভোলায় ১০ মামলার আসামী ডাকাত গ্রেফতার

ভোলা জেলা র‍্যাবের অভিযানে ১০ মামলার আসামী ডাকাত গ্রেফতার হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় তজুমুদ্দিন উপজেলার গোলকপুর গ্রামের মুচি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্বাস (৩৫), যিনি স্থানীয় সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ি গ্রামের বাসিন্দা মো. বাবুল মাঝির ছেলে। র‍্যাব জানায়, আব্বাসের বিরুদ্ধে ভোলার তজুমুদ্দিন থানাসহ পাশ্ববর্তী বিভিন্ন জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যার উদ্দেশ্যে মনুষ্য হরণ বা অপহরণ, বিষাক্ত দ্রব্য ব্যবহারের মাধ্যমে চুরি, সরকারি কর্মকর্তার কাজে বাঁধা প্রদানসহ মোট ১০টি মামলা রয়েছে।

এছাড়াও, আব্বাস এই সকল মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। র‍্যাবের অভিযান শেষে তাকে তজুমুদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নেছারাবাদে মাদ্রাসা ছাত্রী অপহরণের চেষ্টা, যুবক গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাদ্রাসা ছাত্রী অপহরণের চেষ্টা চালানোর অভিযোগে সিফাত হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় থানায় মেয়ের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের মোঃ মিন্টু মিয়ারের ছেলে সিফাত হোসেন (২০), একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মারুফ (২৫) ও মোঃ ইমাম হোসেনের ছেলে হৃদয় (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলার গাজীপুর মৈশানী ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসা চলাকালীন সময়ে অপহরণের চেষ্টা চালানো হয়। ঘটনাস্থলে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন ওই বখাটে যুবকদের প্রতিরোধ করে এবং মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে।

এ বিষয়ে ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, “আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার পথে প্রায়ই এই যুবকরা তাকে বিরক্ত করত। আমি একাধিকবার তাদেরকে সতর্ক করেছি, কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপহরণের চেষ্টা করে। স্থানীয় লোকজন দেখে ফেললে তারা পালিয়ে যায় এবং আমার মেয়েকে চড় থাপ্পর মেরে চলে যায়।”

এ ঘটনায় নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন জানিয়েছেন, “এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে কলেজ প্রভাষককে মারধরের অভিযোগ, ১১ জনের বিরুদ্ধে মামলা

ফেসবুকে একটি পুরোনো ছবি শেয়ার করার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক রিয়াজ আহম্মেদ মারধরের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামসহ ১১ জন এই ঘটনায় জড়িত।

গত রোববার (১৯ জানুয়ারি) রাতে চরমোন্তাজ স্লুইস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতা নজরুল ইসলামের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল শিক্ষক রিয়াজ আহম্মেদকে বাজার থেকে ধরে নিয়ে যায়। তাকে প্রকাশ্যে মারধর করা হয় এবং শতাধিক মানুষের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে। ছবিতে নজরুল ইসলামকে উপজেলা আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে খাম বিনিময় করতে দেখা যায়। ছবিটি ফেসবুকে শেয়ার করার পর নজরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ছাড়া, কলেজের এডহক কমিটির সভাপতি পদে তার পছন্দের প্রার্থী মনোনীত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নজরুল ও তার সমর্থকরা কলেজ গেটে তালা লাগিয়ে দেন।

হামলার শিকার শিক্ষক রিয়াজ আহম্মেদ জানান, তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং প্রভাবশালীদের কারণে স্থানীয়রা ভয়ে সাহায্য করতে সাহস পাননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরের দিন, সোমবার (২০ জানুয়ারি), কলেজের সভাপতি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন বাদী হয়ে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় নজরুল ইসলামসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তবে নজরুল ইসলাম মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “কেউ তাকে মারধর করেনি। শুধু ফেসবুকে ছবিটি শেয়ার করার কারণ জানতে চাওয়া হয়েছে।”

রাঙ্গাবালী থানার ওসি মো. এমারৎ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আদালতে মামলা হয়েছে। মামলার কাগজপত্র হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




তাপ বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় ধানখালি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শামীম তালুকদার (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে এবং পরে কলাপাড়া থানায় হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম।

পুলিশ জানিয়েছে, বিদ্যুৎ প্লান্টের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম গত ১২ জানুয়ারি কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিদ্যুৎ প্লান্টের ভেতর থেকে স্ক্র্যাপ মালামাল চুরির অভিযোগে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়। এই মামলার প্রধান আসামি সোহেল মোল্লাসহ চক্রটি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাত এবং লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করছিল।

মামলার তদন্তে জানা গেছে, চুরির ঘটনায় দুই টন মালামালসহ একটি ট্রাক আটক করা হয়েছে। অভিযুক্তরা সংঘবদ্ধভাবে প্লান্ট থেকে মূল্যবান স্ক্র্যাপ চুরি করে বিক্রি করছিল। র‍্যাবের তৎপরতায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে ওসি জুয়েল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত শামীম তালুকদার দীর্ঘদিন ধরে এ চক্রের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিলেছে। মামলার তদন্ত চলছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে ইয়াবাসহ একই পরিবারের তিনজন গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মৃত দলিল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (৪৭), তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) এবং তাদের ছেলে নাভিল ইসলাম (২০)।

পুলিশ জানিয়েছে, নেছার চৌকিদার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘরে তল্লাশি করে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে মাদক কারবারে ছেলের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয়।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, “মাদকসহ গ্রেফতার হওয়া ৩ জনকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, সম্প্রতি গ্রেফতার হওয়া নেছার উদ্দিনের নেতৃত্বে কালাইয়া বন্দরে একটি মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছিল।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সেনাবাহিনীর উদ্যোগে পিরোজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুর জেলা শহরের হরিজন সম্প্রদায়ের (মুচি) শীত নিবারণে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। পদাতিক ডিভিশন লেবুখালী ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলাম, শহরের বড় মসজিদ মোড় এলাকার মুচিদের দোকানে দোকানে গিয়ে নিজ হাতে কম্বল তুলে দেন।

শীতের তীব্রতা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনী জেলার বিভিন্ন উপজেলায় দেড় হাজারেরও বেশি কম্বল বিতরণ করেছে। তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

মেজর কাজী জাহিদুল ইসলাম বলেন, “শীতের শুরু থেকে পিরোজপুর জেলার সদর ও অন্যান্য উপজেলাসহ লেবুখালী ক্যান্টনমেন্টের আওতাধীন বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী এবং ভোলা জেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানুষের শীত নিবারণে এই কার্যক্রম একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”

মানবিক এই উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একটি অনুকরণীয় উদাহরণ তৈরি করেছে। শীতের প্রকোপ থেকে দরিদ্র মানুষদের মুক্তি দিতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কীর্তনখোলা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার: মা শিক্ষিকা পলাতক

ঝালকাঠির নলছিটিতে কীর্তনখোলা নদী থেকে সোমবার এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, বরিশালের দপদপিয়া সেতু থেকে নবজাতকটিকে নদীতে ফেলে দিয়েছেন স্কুলশিক্ষিকা মা ঐশী আক্তার।

ঐশী আক্তার নলছিটির হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মগড় ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মুনসুর হাওলাদারের মেয়ে। ১০ জানুয়ারি অস্ত্রোপচার ছাড়াই একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। পরে তাঁকে বরিশালের বাংলাবাজারে বোনের বাসায় নিয়ে রাখা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক।

এদিকে, পিরোজপুর মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ দাবি করেছেন, উদ্ধার হওয়া নবজাতক তাঁর সন্তান। তিনি বলেন, “লাশের পোশাক দেখে আমি নিশ্চিত এটি আমার মেয়ের। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

স্থানীয়রা জানান, নদীর তীরে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। নবজাতকের বয়স পাঁচ থেকে সাত দিন বলে ধারণা করা হচ্ছে।

নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে কাজ চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম