মির্জাগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিন্টু সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার মিন্টু সিকদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের বজলু সিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবদুস সাত্তার মিস্ত্রির বাসভবনে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার পথে গোলখালী বাজার সংলগ্ন রাস্তা থেকে সন্দেহভাজনভাবে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে জিজ্ঞাসাবাদে মিন্টু সিকদার ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। এ ঘটনায় আবদুস সাত্তার মিস্ত্রি মির্জাগঞ্জ থানায় গ্রেফতারকৃতসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার আরও জানান, গ্রেফতারকৃত মিন্টুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

খুলনায় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম অর্ণব কুমার সরকার (২৬), যিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-এর ছাত্র ছিলেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে খুলনার কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এই নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে অর্ণব তেঁতুলতলা মোড়ে একটি মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন। ঠিক তখনই ১০-১২ জনের একদল সন্ত্রাসী সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত অবস্থায় অর্ণবকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি রক্তমাখা স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান বলেন, “নিহত অর্ণব ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র ছিলেন। তার রোল নম্বর ছিল ২৩০৩১৭। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবীব বলেন, “অর্ণবকে হত্যার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করতে আমাদের একাধিক টিম কাজ করছে। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।”

পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলমান রয়েছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গুজব এড়িয়ে চলার আহ্বান আইন উপদেষ্টার

আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবকে “পাগলের প্রলাপ” আখ্যা দিয়ে এগুলোতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তিনি লেখেন, “পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।”

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগত রাত থেকে ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। গুজবগুলোর মধ্যে উল্লেখ করা হয়, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন,” “প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছেন,” এবং “সামরিক বাহিনী সরকার গঠন করছে।”

এসব মিথ্যা তথ্য ছড়াতে দেখা গেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নামে খোলা কয়েকটি ফেসবুক পেজ থেকে। এমনকি কিছু সাবেক ও বর্তমান নেতা এসব গুজব শেয়ার করেছেন বলেও জানা গেছে।

অধ্যাপক আসিফ নজরুল এসব ভিত্তিহীন তথ্য এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এবং সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পিরোজপুরে ঘুমন্ত তিনজনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক নারী ও দুই কিশোরী মারাত্মকভাবে আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। হামলার শিকার ভুক্তভোগীরা হলেন, ঢেপসাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম (৪৫), তার মেয়ে ইয়ানা (১১) এবং তাদের আত্মীয় জুয়েনা (১২)।

পুলিশ জানায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পরই তাদের ওপর হামলা চালানো হয়। বৃহস্পতিবার সকালে রক্তাক্ত অবস্থায় জুয়েনা দরজা খুলে প্রতিবেশীদের ডাক চিৎকার করলে দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনজনেরই মুখমণ্ডলে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তবে, এই ঘটনা নিয়ে কিছু রহস্য রয়েছে। ভুক্তভোগীদের ঘরের মাটির মেঝেতে সিঁদকাটার চিহ্ন পাওয়া গেছে, তবে হামলাকারীরা ঘরে থাকা কিছু স্বর্ণালঙ্কার নেয়নি। শুধু জেসমিনের মোবাইল ফোনটি নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, জেসমিন এবং তার পরিবার খুবই ধার্মিক প্রকৃতির। তারা সাধারণত বাইরের মানুষের সঙ্গে বিনা প্রয়োজনে দেখা সাক্ষাৎ করতেন না এবং তাদের কোনো প্রকাশ্য শত্রু নেই।

এখন পর্যন্ত হামলার ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত চলছে এবং হামলার কারণ উদঘাটন করতে কাজ চলছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকীতে চাঁদার দাবিতে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর দুমকি উপজেলায় চাঁদার টাকা না পেয়ে বসতঘরে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়ার বিরুদ্ধে।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামে মো. বেল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযোগ না নেওয়ায় চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান লাল মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেল্লাল হোসেনের বাড়িতে হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট এবং বসতঘরে ভাঙচুর করে।

ভুক্তভোগী বেল্লাল হোসেন জানান, তিনি সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদারের নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স দেখাশোনার দায়িত্বে রয়েছেন। গত কয়েকদিন ধরে মিজানুর রহমান লাল মিয়া তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেন লাল মিয়া।

বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে চড়ে লাল মিয়া, সাবু ও সাইফুলের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত তার বাড়িতে এসে দরজা-জানালা ভাঙচুর করে এবং ঘরে ঢোকার চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মিজানুর রহমান লাল মিয়ার পরিবার একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। পরে বিএনপিতে যোগ দিয়ে তিনি প্রতিবেশীদের নানাভাবে হয়রানি করছেন।

অভিযুক্ত মিজানুর রহমান লাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। বেল্লাল আ.লীগের দোসর। তাকে বিতর্কিত করার জন্য নাটক সাজিয়েছে।”

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীকে অভিযোগ দিতে বলা হলেও তারা কোর্টের আশ্রয় নিয়েছেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে জমি দখল ও হুমকির অভিযোগ থানায় দাখিল

পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মোসাম্মৎ শিউলি বেগম (৪৫), কুড়িপাইকা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা গাজী মো. মাসুদুর রহমানের স্ত্রী। তিনি গত ২১ জানুয়ারি পটুয়াখালী সদর থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগের নম্বর ৩৬।

অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা এলাকার বাসিন্দা মো. লোকমান হোসেন মাঝি (৩২), মো. হায়দার আলী মাঝি (৬৫), মোসাম্মৎ রুমা বেগম (৩৫) ও মোসাম্মৎ সুমাইয়া আক্তার (২৭) এর নাম।

বাদী অভিযোগ করেন, অভিযুক্তরা তার জমি জোরপূর্বক দখল করতে চেয়েছেন এবং এতে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় স্থানীয়ভাবে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

 

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও হিসাবরক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ও সাবেক হিসাবরক্ষক এস এম শাহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে। আজ, বুধবার পটুয়াখালী দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ৪৪ লাখ ৮৩ হাজার ৭২৫ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পটুয়াখালী জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে এই মামলার বিষয়ে মন্তব্যের জন্য আজ রাতে শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

মামলায় উল্লেখ করা হয়েছে, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ও সাবেক হিসাবরক্ষক এস এম শাহিন ২০১১-১২ অর্থবছর থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত পটুয়াখালী পৌরসভার মূল্য সংযোজন কর (মূসক) ও ট্যাক্সের ৪৪ লাখ ৮৩ হাজার ৭২৫ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে আত্মসাৎ করেন। এই অভিযোগে সাবেক মেয়র ও সাবেক হিসাবরক্ষক ক্ষমতার অপব্যবহার এবং দায়িত্বের চরম লঙ্ঘন করেছেন, যা দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এ মামলায় পটুয়াখালী পৌরসভার সাবেক সচিব মো. হেলাল উদ্দিনের নামও রয়েছে। কিন্তু তিনি ২০২০ সালের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন, ফলে তাঁকে এজাহার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে, মূসক ও ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে পটুয়াখালী পৌরসভার সাবেক হিসাবরক্ষক এস এম শাহিন বলেন, “সরকারি অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি। মামলায় উল্লেখিত ভ্যাট ও ট্যাক্স খাতের অর্থ পৌরসভার ফান্ডে ছিল। আমরা দায়িত্ব হস্তান্তর করার পরে পরবর্তী মেয়র ও কর্তৃপক্ষ টাকা জমা না দেওয়ায় এমনটা হয়েছে।”

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিয়ে করতে আর ট্যাক্স দিতে হবে না: আইন উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিয়ে সম্পাদনে আরোপিত কর (ট্যাক্স) বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, বিয়ে সম্পাদনে আরোপিত একটি কর ছিল, আইন মন্ত্রণালয় এ অযৌক্তিক কর বাতিল করেছে।

তিনি বলেন, ‘বিয়ের ফরমে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী। এটা একটা মেয়ের জন্য অমার্যাদাকর শব্দ। সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। এমন ছোটো ছোটো অনেক কাজ করেছি। আরও অনেক কাজ করার চিন্তা আছে।’

এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বিয়ের ট্যাক্সে আজকে সাইন করলাম। আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন।’

উল্লেখ্য, সিটি করপোরেশন মডেল ট্যাক্স তফসিল ২০১৬ সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিয়ের ওপর বিভিন্ন করের হারের বিধান করে। এক্ষেত্রে করের টাকা পরিশোধ করতে হবে পাত্র পক্ষকে।

তপশিলের ১৫২ ধারায় বলা হয়েছে, প্রথম বিবাহ বা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহের জন্য একজন পুরুষকে বিয়ের পিড়িতে বসার আগে ১০০ টাকা ফি দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে ৫ হাজার টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা দিতে হবে।

তপশিল অনুযায়ী, চতুর্থ বিয়ের জন্য ৫০ হাজার টাকা কর দিতে হবে। স্ত্রী মানসিকভাবে অসুস্থ বা নিঃসন্তান হলে এই নিয়ম কার্যকর হবে না। তবে, সেক্ষেত্রে ২০০ টাকা দিতে হবে।




দশমিনায় মন্দির বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল কৃষ্ণভক্তের

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দির নিয়ে বিরোধের জেরে হিন্দু সম্প্রদায়ের দুই ভক্তগোষ্ঠীর সংঘর্ষে দিবাংসু হাওলাদার ওরফে কালু (৩০) নামের এক কৃষ্ণভক্তের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, মন্দির নিয়ে চলমান বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

উপজেলার গুলি আউলিয়াপুর গ্রামে অবস্থিত ৩০ বছরের পুরোনো কৃষ্ণমন্দিরকে কেন্দ্র করে দুই ভক্তগোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়ে। সম্প্রতি মতুয়াভক্তরা ওই মন্দিরের পাশে একটি নতুন মন্দির স্থাপন করে পূজা-অর্চনা শুরু করেন। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।

গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় কৃষ্ণমন্দিরে পূজা দিতে আসা মতুয়াভক্ত কৃষ্ণা রানী ও কৃষ্ণভক্ত লক্ষ্মী রানীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই পক্ষের প্রায় ১০ জন আহত হন।

দিবাংসু হাওলাদার গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

ওসি মোহাম্মাদ আবদুল আলীম আরও বলেন, “মন্দির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু হওয়ায় আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।”

স্থানীয় সুশীল সমাজ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে এমন সংঘর্ষ দুঃখজনক। স্থানীয় প্রশাসন এবং সমাজপতিদের বিষয়টি দ্রুত সমাধান করা উচিত।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভোলায় ১৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ মিতু আক্তার নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. তাজীব উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিতু আক্তার পেশায় একজন মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত।

মিতুর বাড়ি ভোলার দৌলতখান উপজেলায় হলেও তার শ্বশুরবাড়ি ভোলা শহরের চরনোয়াবাদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তিনি ফেনী থেকে ট্রাভেল ব্যাগে করে মাদক নিয়ে শ্বশুরবাড়িতে আসেন।

এসআই তাজীব উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিতুকে আটক করা হয়। তার কাছে থাকা দুটি ট্রাভেল ব্যাগে মোট ১৯ কেজি গাঁজা পাওয়া গেছে। এসব মাদক ফেনী থেকে এনে ভোলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।”

পুলিশ জানিয়েছে, মিতুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়রা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। মাদকের করালগ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম