দেশে প্রতিষ্ঠীত হতে যাচ্ছে সুপ্রিম কোর্ট সচিবলায়

চন্দ্রদ্বীপ নিউজ : দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের জন্য ভিন্ন সচিবলায় প্রতিষ্ঠার দাবি দীর্ঘ দিনের । এবার সেই কাজ শেষের পথে । সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হলে বিচারকাজে যুক্ত অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। তবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে নিয়োজিত বিচারকদের বিষয়গুলো আইন মন্ত্রণালয়ের হাতেই থাকছে।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণরূপে প্রতিষ্ঠা করতে সুপ্রিম কোর্টের একটি পৃথক সচিবালয়ের আকাঙ্ক্ষা দেশের নাগরিক সমাজের মনে ২০-৩০ বছর ধরে আছে। এটা নিয়ে আলোচনা হয়েছে, অনেক রাজনৈতিক দল অনেক আশ্বাস দিয়েছে। অবশেষে এখন একটা ভালো জায়গায় আসা গেছে। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগের সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে ছিল। এই প্রস্তাবে ঐকমত্য কমিশনের অংশগ্রহণকারী সব দল সম্মত হয়েছে। এ–সংক্রান্ত অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদনের পর আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
অধ্যাদেশের বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, অধস্তন বা নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। রাষ্ট্রপতির হাতে ন্যস্ত মানে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি এটি করেন। আর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইন মন্ত্রণালয় কাজটি করে। বিচারকদের বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে কাজটি করে আইন মন্ত্রণালয়।
এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের ওপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তাঁর সচিবালয়ের মাধ্যমে দেখাশোনা করবেন।








