মেহের আফরোজ শাওন আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে রাজধানী থেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।

আজ রাতে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।




বরগুনা প্রেসক্লাবের সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাঞ্ছিত করার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ৫ ফেব্রুয়ারি এই মামলা দায়ের করেছেন দৈনিক মফস্বল বার্তা পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মতিউর রহমান।

মামলার বিবাদীরা হলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরী, প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল, জিয়াউল ইসলাম, মাসুম বিল্লাহ এবং জাকির হোসেন জুয়েল।

বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক।

মামলার বাদী মতিউর রহমান জানিয়েছেন, তিনি বরগুনা জেলা প্রেসক্লাবের সদস্য হিসেবে ৩০ জানুয়ারি পাথরঘাটার ডা. বশির আহম্মেদের চেম্বারে আমন্ত্রণ জানাতে যান। সেখানে গিয়েই তিনি বিবাদীদের কাছ থেকে অপমানিত হন। তারা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে, পরে তার ছবি ও ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেন। এতে বাদীর সম্মানহানি এবং সামাজিক মর্যাদায় ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




দুমকির ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুর চাল চুরির দায়ে হাজতে

পটুয়াখালীতে সরকারি ভিজিএফের চাল চুরি ও কালোবাজারির অভিযোগে দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে উপজেলা প্রশাসন আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান শুক্কুর মিয়ার বাড়ি থেকে ৩৫০ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করে। এ ঘটনায় গত বছরের ১ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বাদী হয়ে শুক্কুর মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর ৫ জানুয়ারি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে পটুয়াখালী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুজিবর রহমান টোটোন ঢাকা পোস্টকে বলেন,‘সরকারি চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত চেয়ারম্যান আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশাল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রের বিরুদ্ধে মামলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদির সোহানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের এক সদস্য এবং তিনি নিজেই বাদী হয়ে ৫ ফেব্রুয়ারি রাতে বরিশাল বন্দর থানায় মামলা দায়ের করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা এজাহারভুক্ত হয় এবং সোহানকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, প্রায় চার মাসের সম্পর্কের পর অভিযুক্ত সোহান ৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, বিকেলে ভুক্তভোগী নারীকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ৬ষ্ঠ তলায় পড়াশোনা করতে গিয়ে ফোন করে সিঁড়িতে ডেকে নেয়। সেখানে সোহান তাকে জোরপূর্বক সিঁড়ি দিয়ে টেনে নিয়ে ছাদের দিকে নিয়ে যায় এবং ধর্ষণচেষ্টার চেষ্টা করে। দুই হাতে প্রতিরোধ করতে থাকলে সোহান তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে ভুক্তভোগীর বাম হাতে আঘাত লাগে।

ঘটনার পর, ভুক্তভোগী কান্না করতে করতে চিৎকার দেন, যা শুনে অন্যান্য সহপাঠীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর তারা ভুক্তভোগীকে সহায়তা করতে তার বিভাগের চেয়ারম্যান এবং ছাত্র উপদেষ্টা কাজী মো. জাহাঙ্গীর কবিরের মাধ্যমে লিখিত অভিযোগ প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি জানার পর দুই পক্ষের মধ্যে আলোচনায় বসে এবং উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। সর্বশেষ, প্রক্টর, বিভাগের শিক্ষক এবং ভুক্তভোগী থানায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

অপরদিকে, সোহান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, তার ও ভুক্তভোগীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তিনি বলেন, “আমি তাকে খুঁজতে গিয়ে লিফটের ৬ষ্ঠ তলায় পৌঁছেছিলাম এবং সেখানে আমার সঙ্গে বাকবিতণ্ডা হয়, কিন্তু ধর্ষণচেষ্টার কোন ঘটনা ঘটেনি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলাম জানান, এটি একটি দুঃখজনক ঘটনা এবং তারা বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে একাডেমিক শাস্তি দেওয়া হবে এবং আইনের মাধ্যমে ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে থাকবেন।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কুয়াকাটায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর নৃশংস হামলা

বাংলাভিশন টেলিভিশনের পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে একদল সশস্ত্র দুর্বৃত্ত নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটা পৌরসভার তুলাতলী মহাসড়কে তার বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মিরনের শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। তার এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে, অন্য হাতের কব্জি ঝুলে গেছে। মাথা, কপাল ও পেটে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ঢাকা থেকে ফিরে কুয়াকাটা পৌরসভার তুলাতলী মহাসড়কে নামেন মিরন। বাসায় পৌঁছানোর ৫০ গজ দূরেই একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মিরনের চিৎকারে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাকেরগঞ্জে সাবেক এমপিসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় ছাত্র–জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশাসহ আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের বাদল হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার এবং হাতেম আলী সরকারি কলেজের অনার্স ৪ বর্ষ ইংরেজি বিভাগের ছাত্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, হেমায়েত উদ্দিন হিমু, আমিনুল ইসলাম, আশিক শরীফ, মিঠু খান, বায়জিদ, মুন্না বিশ্বাস, আলিম খান, জাকির খান, কাওসার খলিফা, শাকিল খলিফা, আবুল হোসেন, সাব্বির খান, আকাশ খান, সুমন হাওলাদার, আরিফ হাওলাদার, সেলিম হাওলাদার, সোহেল ফকির প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন শেষে বরিশাল থেকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশার নেতৃত্বে অভিযুক্তরা ১০০ থেকে ১৫০ জনের একটি দল নিয়ে অস্ত্রশস্ত্রসহ অর্ধশতাধিক ছাত্র–জনতাকে মারধর এবং কোপানোর মাধ্যমে রক্তাক্ত জখম করে। তারা প্রাণনাশের হুমকি দেয় এবং মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় নামধারী ১৯ জনসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে *যায়যায়দিন* কে জানান, ছাত্র–জনতার ওপর হামলা ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে আরিফ হাওলাদার নামে এক শিক্ষার্থী থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




দুমকিতে সরকারি চাল বিক্রির সময় আটক

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে সরকারি ওএমএস’র ১১ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় স্থানীয় জনগণ আটক করেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে লেবুখালী পাগলার মোড়, পায়রা পয়েন্ট এলাকায় চাল পাচারের খবর পেয়ে স্থানীয় জনতা চালগুলো আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করেন এবং সংশ্লিষ্ট ডিলারের গুদাম সিলগালা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২ নম্বর লেবুখালী ইউনিয়নের জন্য নির্ধারিত ওএমএস ডিলার খলিল সিকদার হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বেশি দামে বিক্রির পরিকল্পনা করেন। তিনি মালেক শিকদারের দোকানের সামনে গোপনে চাল সরবরাহ করেন। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী চাল আটক করে প্রশাসনকে খবর দেয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ ১১ বস্তা চাল জব্দ করেন এবং ডিলারের গুদাম সিলগালা করেন। তিনি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিলার খলিল সিকদার দাবি করেন, “এই চাল আমার নয়, আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই।”

এদিকে, দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে, যার মামলা নাম্বার -১০ তারিখ-৩০-০৬-২৪ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ সনের ২৫(১)।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির ৯ আসামিসহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো। আমরা চাই না তারা আর এক সেকেন্ডও কারাগারে থাকুক। এখনই সব সবাই মুক্তি প্রদানের নির্দেশ প্রদান করছি।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান।

ভাষার মাসের সম্মানে আদালত বাংলা ভাষায় রায় ঘোষণা করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলাম রায়ের মূল অংশ পাঠ করেন।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে পাবনা বিএনপির শতশত নেতাকর্মী এনেক্স কোর্ট বিল্ডিংয়ের সামনে অবস্থান নেন। রায় শোনার পর তারা উল্লাসে ফেটে পড়েন।

এর আগে গত ৩০ জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়।

তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেনযোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওইদিনই একটি মামলা করেন। পরে মামলাটির তদন্ত শুরু করে সিআইডি। ১৯৯৭ সালের ৩ এপ্রিল ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এদের মধ্যে পাঁচজন মারা গেলে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০১৯ সালে ৩ জুলাই জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই সঙ্গে ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর মেয়াদ কারাদণ্ড ঘোষণা করা হয়।

পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি খালাস চেয়ে আপিল করেন আসামিরা।




বাংলাদেশ ব্যাংকে গোপন ৩০০ লকারের সন্ধান, যে কোনো সময় অভিযান

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মকর্তাদের অর্থ-সম্পদ জমা রাখার তিন শতাধিক লকারের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেখানে বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ভিআইপি ব্যাংক কর্মকর্তাদের লকার রয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালত থেকে সাবেক ও বর্তমান ব্যাংক কর্মকর্তাদের লকার খোলার অনুমতিও পেয়েছে সংস্থাটি। চলতি সপ্তাহের যে কোনো দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলতে অভিযান পরিচালনা করা হবে বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট অনুসন্ধান বিভাগের প্রধান দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, অনুসন্ধান সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার নামীয় বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার লকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলার অনুমতি পেতে আদালতে আবেদন করা হয়েছিল। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দাখিলকৃত কাগজপত্রসহ পর্যালোচনা করে আদালত তা মঞ্জুর করেছেন।

দুদক ও আদালত সূত্রে জানা যায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ইনভেন্টরি করার জন্য ও অনুসন্ধানকারী কর্মকর্তাকে সহযোগিতা করতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এমন অনুমতি দেন। কমিশনের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অভিযান পরিচালনা করা হতে পারে।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মকর্তাদের অর্থ-সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার সাময়িকভাবে ফ্রিজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দেয় দুদক। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান সই করা চিঠিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুসন্ধানের উদ্দেশে গঠিত দুদক টিম বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত অভিযোগ সংশ্লিষ্ট সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে। বাংলাদেশ ব্যাংকের ভল্টে তার জমা করা তিনটি সিলগালা কৌটা খুলে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১০০৫.৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে। যা তার নিয়মিত আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি। ওই সময় অন্যান্য কিছু কর্মকর্তার সিলগালা করে সেফ ডিপোজিট রেখেছেন। এসব সিলগালা কৌটাতেও অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।

দুদক জানায়, গত ৩০ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অর্থ উপদেষ্টার সঙ্গে দুদক চেয়ারম্যানের ‘দুদক ও সম্পদ পুনরুদ্ধার বিষয়ক’ আলোচনায় বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সম্পদ নিয়ে আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা ওই ভল্টে রক্ষিত সম্পদ সাময়িকভাবে ফ্রিজের সম্মতি দিয়েছেন। গভর্নরকে দেওয়া দুদকের চিঠি ও অর্থ উপদেষ্টার সম্মতি থাকায় ভল্টের সব লকারের সম্পদ ফ্রিজ করা হয়েছে। ফলে এখন থেকে এর মালিকরা তাদের লকার থেকে কোনো ধরনের অর্থ-সম্পদ সরিয়ে নিতে পারবেন না। কেন্দ্রীয় ব্যাংকের ওই সব লকার খোলা ও লকারে থাকা অর্থ-সম্পদের তালিকা তৈরির অনুমতির জন্য আবেদন দেয় দুদক।

সিতাংশু কুমার সুর চৌধুরী লকারে যা পাওয়া যায়

বাংলাদেশ ব্যাংকের সাবেক আলোচিত ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর গোপন তিনটি লকারে সোনার চামচ, বোতাম, স্বর্ণালংকার, বান্ডিল বান্ডিল মার্কিন ডলার ও ইউরো মিলেছিল। গত ২৬ জানুয়ারি টানা সাড়ে ১০ ঘণ্টার অভিযান শেষে দেখা যায়, লকারে ১ কেজি স্বর্ণ, ১ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার, ৫৫ হাজার ইউরো এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা।

লকারে যেসব স্বর্ণালংকার পাওয়া গেছে—২৩টি সোনার চেইন যার ওজন ১৭৬.৩ গ্রাম, দুটি টিকলি ২০০৭ গ্রাম, কানের দুল ১২টা ৮৯২ গ্রাম, লকেট ৩টা এক দশমিক ৩ গ্রাম, ছয়টি চুড়ি ১০৭ গ্রাম, দুটি সিতাহার ১২০.৯ গ্রাম, তিনটি আংটি ১৮.৩ গ্রাম, সোনার কয়েন তিনটি ওজন ২৩৯ গ্রাম, সোনার চামচ একটি ওজন ৬ গ্রাম, ১০০ নোলক ৮ গ্রাম, ব্রেসলেট ১৬ গ্রাম, গলার হার তিনটি যার ওজন ৫৭.৩ গ্রাম, মুকুট একটি ওজন ১৫৪ গ্রাম। আরেক লকারে চূড় ২টি ৩২.৯ গ্রাম, চুরি ২টি ২১ গ্রাম, সিতাহার একটি পিস ১১ গ্রাম,  মুকুট ২ পিস ২১.৭ গ্রাম, লকেট ২ পিস ২৬৮ গ্রাম, টিকলি একটি ৬৯ গ্রাম, গলার চেইন ৩টি ওজন ৩৯.৩ গ্রাম, গলার হার ২টি ৩২.৫ গ্রাম, কানের দুল ৮টি ৫৮.৮ গ্রাম ও শার্টের বোতাম (স্বর্ণ) ৪টি ৬২ গ্রাম।

এর আগে, গত ১৯ জানুয়ারি অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডিতে এস কে সুরের বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা জব্দের সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুদক। পরে সংস্থাটি জানতে পারে, সেটি ভল্ট নয়, কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার (সেফ ডিপোজিট)।

এরও আগে, গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি দল এস কে সুরকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করা হয়।

উল্লেখ, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। ফিলিপাইনের একটি পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়। সে সময়ে তৎকালীন গভর্নরের পদত্যাগ ও দুই ডেপুটি গভর্নরকে সরিয়ে দেওয়া হয়। তখন আরও দুজন ডেপুটি গভর্নর ছিলেন। তারা হলেন আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এস কে সুর চৌধুরী।

২০২৪ সালের ২৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক।

২০২২ সালের ২৯ মার্চে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা গেছে। এসকে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।




পটুয়াখালীর গলাচিপায় নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর হরিদেবপুর গ্রামে রামনাবাদ নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয়রা বাবুর্চি বাড়ির সামনে নদীতে লাশটি ভাসতে দেখে ইউনিয়ন পরিষদের সদস্য দুলালকে খবর দেন। পরে তিনি গলাচিপা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্তে সিআইডির চৌকস টিমকে বিষয়টি জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম