গণহত্যা মামলার রায় অক্টোবরের মধ্যে

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও হত্যার বিচার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষনেতা, সাবেক মন্ত্রী-এমপিসহ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচার দ্রুত করতে সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে উপস্থাপনের সময় ছয় সপ্তাহ থেকে কমিয়ে তিন সপ্তাহ নির্ধারণ করে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের পর অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সব মিলিয়ে ট্রাইব্যুনালে করা মামলাগুলোর মধ্যে তিন থেকে চারটির রায় অক্টোবর

মাসের মধ্যে হয়ে যাবে বলে আশা করছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

এদিকে আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর আলোচনা চলছে। ট্রাইব্যুনালে দ-িত হলে আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কারও দুই বছরের বেশি সাজা বা দ- হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।




পটুয়াখালীতে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ ছাত্রদল-ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

পটুয়াখালীতে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল ও ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী ইব্রাহিম খলিলউল্লাহ (১৫) পটুয়াখালী ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তিনি শহরের সবুজবাগ এলাকার ৬ নম্বর লেনের মুজিবর মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইব্রাহিম রাতে একটি ফ্লেক্সিলোডের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল যুবক তাকে পেছন থেকে এসে টেনে-হিঁচড়ে অটোরিকশায় তুলে নিয়ে যায়। স্থানীয়রা জানান, অপহরণকারীরা ইব্রাহিমকে তুলে নেওয়ার সময় “জন্মদিনের” কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করে। পরে বনানী এলাকায় নিয়ে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখা হয়।

পথচারীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ছাত্রদল নেতা মো. মাহাফুজুর রহমানকে খবর দেন। তিনি দ্রুত ইব্রাহিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

আহত ইব্রাহিম জানান, ছাত্রদল কর্মী মনির, তার ভাই ছাত্রলীগ কর্মী হীরা এবং তাদের সহযোগী সাব্বিরসহ কয়েকজন মিলে তাকে কুপিয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহাফুজুর রহমান বলেন, “আমি ইব্রাহিমকে খুব খারাপ অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে যাই। তার ওপর হামলার কারণ সম্পর্কে নিশ্চিত নই।”

অন্যদিকে, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদের অনুসারী হিসেবে অভিযুক্তদের পরিচিতি পাওয়া গেলেও তিনি বলেন, “ঘটনাটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে। যারা এতে জড়িত, তারা ছাত্রদলের কেউ না।”

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। তবে এখনও ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা আমাদের আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী আটক

পটুয়াখালীর কলাপাড়ায় যৌথবাহিনী পরিচালিত “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গত দুই দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

মহিপুর থানা আওয়ামী যুবলীগের কমিটির সদস্য ও ইউপি সদস্য মো. মামুন হাওলাদার

ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. রফিক মিয়া

টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. চাঁন মিয়া

লালুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি মো. মনিরুল ইসলাম

নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রনি

গ্রেফতার হওয়া অন্যান্যদের নাম এখনো নিশ্চিত করা যায়নি।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, উর্ধ্বতনদের নির্দেশে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

অভিযান চলমান থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জুলাই হত্যাকাণ্ড: অক্টোবরে আসতে পারে কয়েকটি মামলার রায়

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, চলতি বছরের অক্টোবরের মধ্যেই জুলাই হত্যাকাণ্ডের অন্তত তিন থেকে চারটি মামলার রায় দেওয়া হতে পারে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত মামলাগুলো দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে আদালতে ৩০০টির বেশি অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে প্রসিকিউশন টিম যাচাই-বাছাই করে ১৬টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এর মধ্যে চারটি মামলার তদন্তকাজ এ মাসেই শেষ হবে।”

তিনি আরও বলেন, “আইন অনুযায়ী বিচারকাজ শুরুর আগে ডিফেন্স আইনজীবীদের তিন সপ্তাহ প্রস্তুতির সময় দেওয়া হয়। সেই সময় পার হলে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এপ্রিল মাস থেকে। আশা করছি, এপ্রিল থেকে ছয় মাসের মধ্যে তিন-চারটি মামলার রায় ঘোষণা করা সম্ভব হবে।”

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার কার্যক্রম দ্রুত শেষ করার কারণ ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, “পূর্বের বিচারগুলোতে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে অনেক জটিলতা থাকলেও, এই মামলাগুলোতে অপরাধের ব্যাপারে বিপুল পরিমাণ তথ্য ও প্রমাণ রয়েছে, যা বিচারপ্রক্রিয়াকে সহজ করছে। আগের তুলনায় অর্ধেক সময়ের মধ্যেই আমরা রায় পাবো বলে আশা করছি।”

এদিকে, জাতিসংঘের তদন্ত টিমের প্রতিবেদন খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “এই প্রতিবেদন আমাদের তদন্ত ও বিচার কাজকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় অপারেশন ডেভিল হান্ট, যুবলীগ নেতা আটক

সারাদেশের মতো পটুয়াখালীর কলাপাড়ায়ও চলছে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট”। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহিপুর থানা পুলিশের অভিযানে মহিপুর থানা যুবলীগের সদস্য ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদার (৪৫) আটক হন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাসা সেরাজপুর থেকে আটক করা হয়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযানে আটক ব্যক্তিকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরিশালে সাইবার আইনের ৫৯টি মামলা রাজনৈতিক কারণে প্রত্যাহার

বরিশালে সাইবার আইনে করা অর্ধশতাধিক মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। এই মামলাগুলো বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল এবং সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে এগুলো প্রত্যাহার করা হয়েছে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের সূত্র জানিয়েছে, মুক্ত মত প্রকাশের কারণে সরকার সাইবার আইনে করা এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৫৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

এসব মামলা সাবেক সরকারের বিরুদ্ধে কটুক্তি এবং অন্যান্য কারণে করা হয়েছিল। রাজনৈতিক বিবেচনায়, ৪৯৪ ধারা মোতাবেক এই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। অধিকাংশ মামলার আসামী ছিলেন বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

প্রত্যাহার করা মামলাগুলোর মধ্যে ৪৯টি সাইবার ট্রাইব্যুনাল মামলা, ৯টি সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা এবং ১টি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সাদিকুর রহমান লিংকন বলেন, “পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে সাইবার আইনে রাষ্ট্রদ্রোহী মামলা করা হতো। এই মামলা গুলি ছিল মূলত হয়রানিমূলক, যা সরকারের সিদ্ধান্তে প্রত্যাহার করা হয়েছে।”

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, মামলার প্রত্যাহারের পর বর্তমানে সাইবার ট্রাইব্যুনালে ৫৩৬টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১৮০টি সাইবার ট্রাইব্যুনাল মামলা, ৩৪৭টি সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা এবং ৯টি জিডি রয়েছে। উচ্চ আদালতের নির্দেশে ১০টি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। স্কোর হিসাবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন।



স্টলে হামলা, সব্যসাচীর বিষয়ে সিদ্ধান্ত পরে

চন্দ্রদ্বীপ ডেস্ক : বইমেলার সব্যসাচী প্রকাশনীর স্টলে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন শতাব্দী ভব নামে এক লেখক। পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেওয়া হয় তাকে। এ সময় প্রকাশ্যে লেখককে ক্ষমা চাইতে হয়। এর পরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, সাময়িক বন্ধের পর স্টলটি খুলে দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত টাস্কফোর্সের সভার পর নেওয়া হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সব্যসাচী স্টলে এই বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।




দুমকীতে বিএনপি অফিস ভাঙচুরে ৩ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

পটুয়াখালীর দুমকী উপজেলায় বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার (৪৯), শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আলী (৫৪), এবং শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমান বাবু (২৭)।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে তাদের আটক করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সাগরে নিখোঁজ জেলে দুলালের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে দুলাল হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর মৎস্যবন্দর মহিপুর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে জেলেদের জালে তার মরদেহ উঠে আসে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে মাছ ধরার সময় দুলাল নিখোঁজ হন।

নিহত দুলাল হাওলাদার ভোলা সদর উপজেলার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও জেলেদের বরাতে জানা গেছে, হাবিব খলিফার একটি মাছ ধরার ট্রলারে অন্যান্য জেলেদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন দুলাল। শনিবার রাতে জাল ফেলার সময় তার পা জালের রশিতে আটকে যায় এবং তিনি সাগরে পড়ে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

দুইদিন পর অপর একটি ট্রলারের জেলেদের জালে তার মরদেহ উঠে আসে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম