কুয়াকাটায় ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জন গ্রেপ্তার

পটুয়াখালীর কুয়াকাটায় মাদক পাচারকারী সন্দেহে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বুধবার লাম্বুর বনাঞ্চলের ভেতরে তিনটি বস্তায় পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে ওই এলাকায় একটি মাছ ধরার ট্রলার আটক করা হলে সেখানে আরও ১ লাখ ইয়াবা ভর্তি একটি বস্তা পাওয়া যায়। এ ঘটনায় ট্রলার থেকে ১৬ জন সন্দেহভাজনকে আটক করা হয়।
যৌথ বাহিনী জানায়, আটক ব্যক্তিরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা। পরে তাদের পটুয়াখালীর মহিপুর থানায় হস্তান্তর করা হয় এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম







