সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর

দুর্নীতি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন।
রোববার (১৬ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে জামিনের আবেদন করা হয়। তাঁর পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন জানালেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
এ মামলায় সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখল করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে গত ১৯ ডিসেম্বর মামলা দায়ের করা হয়।
এর আগে গত বছরের ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক মামলায় রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। গত ২৯ জানুয়ারি আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম







